জয়ের আশায় চট্টগ্রামে মাশরাফিরা
শেষবার বাংলাদেশ দল চট্টগ্রামে পা রেখেছিল গত নভেম্বরে। নয় মাসে অনেক বদলে গেছে চট্টগ্রাম। শহরের সবচেয়ে বড় পরিবর্তন পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লুর আত্মপ্রকাশ। নতুন এই হোটেলকেই প্রথমবারের মতো ঠিকানা বানিয়েছে স্বাগতিক ও সফরকারী দল। কাল বিকেলে ইউএস বাংলার বিমানে দুই দলই পৌঁছেছে চট্টগ্রাম। মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ জয়ের স্বপ্ন নিয়ে এসেছে বন্দরনগরে। সামনের ম্যাচটি জিতলেই সিরিজ, দুই চোখে তাই ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন। আগামীকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। এর পর ২১ জুলাই প্রথম টেস্টও শুরু একই মাঠে।
যদি বলা হয়, এক দিনের আন্তর্জাতিক ম্যাচের বাংলাদেশ দলকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামই বদলে দিয়েছে, সেটি মনে হয় ভুল বলা হবে না। নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ওয়ানডে জয় এই মাঠে। এর পর বিশ্বকাপে মাশরাফি বাহিনীর জয়যাত্রার পথ ধরে দেশের মাঠে পাকিস্তান ও ভারত-বধ।
এই মাঠে শেষ সাত ওয়ানডের ছয়টিতেই জিতেছে বাংলাদেশ। ২০১১ সালে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর স্মৃতিও এখানে। মোট ১৫ ম্যাচের নয়টিতে জয় পেয়েছে। ছয়টি পরাজয়ের একটি এই দক্ষিণ আফ্রিকার কাছে। ২০০৮ সালের সেই ম্যাচে ঘরের ছেলে তামিম ৮২ রান করার পরও দল হেরেছিল ৯ উইকেটে।
রানখরায় ভুগতে থাকা তামিমের জন্য এটা হতে পারে প্রেরণা। বর্তমান দলে সেই ম্যাচের আরেক সারথি সাকিবও রয়েছেন। দক্ষিণ আফ্রিকানদের একমাত্র উইকেটটি নিয়েছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার। সেবার সাকিবের জীবনসঙ্গী ছিল না। তাই একাই এসেছিলেন।
এবার একই প্রতিপক্ষের মুখোমুখি হতে সস্ত্রীক চট্টগ্রামে সাকিব আল হাসান। এই জুটির আগেই বিমানবন্দর থেকে একসঙ্গে বেরিয়ে এলেন দুই স্বজন মুশফিক ও মাহমুদউল্লাহ। একেবারে শেষ দিকে ছিলেন অধিনায়ক মাশরাফি ও রুবেল হোসেন।
ঢাকায় দ্বিতীয় ম্যাচের সেরা সৌম্য সরকারকে দেখেই এক পুলিশ সদস্য নিজের মোবাইল ফোনে ছবি তুলতে চাইলেন। তারও আগে মুস্তাফিজকে দেখে ভিড় থেকে একজন বলে উঠলেন ‘বোলার একখান!’
বিমানবন্দর থেকে হোটেল র্যাডিসনে। সেখানে সন্ধ্যায় স্পনসর রবির দেওয়া ইফতারে অংশ নেন মাশরাফিরা। হোটেলে যাওয়ার পথে এখানে-সেখানে ছড়িয়ে-ছিটিয়ে ছিলেন উৎসুক মানুষ। বদলে যাওয়া বাংলাদেশের বাস দেখে সোল্লাসে হাত নেড়েছে দর্শকেরা। তাদের সামলাতে হিমশিম খেতে হয়েছে পুলিশকে। হোটেলে ঢোকার মুখেও ছিল উৎসুক মানুষের জটলা। বাস থেকে নেমে হেঁটে হোটেলে ওঠার সময় প্রিয় ক্রিকেটারদের নাম ধরে ডাকাডাকিও করেছে কিশোর ও তরুণেরা।
দ্বিতীয় ম্যাচের দাপুটে জয় আশাবাদী করে তুলেছে ক্রীড়ামোদীদের। ‘ফাইনাল’ হয়ে ওঠা এই ম্যাচের টিকিটের জন্য হাহাকার চলছে। কে না চায় জমজমাট একটি লড়াইয়ের সাক্ষী হতে!
চট্টগ্রামের অতীত রেকর্ড বাংলাদেশকে স্বপ্নও দেখাচ্ছে। আগামীকাল জিতলে পাকিস্তান, ভারতের পর আরও একটি বড় দলের বিপক্ষে মিলবে সিরিজ জয়ের স্বাদ। বাংলাদেশ দলের মুখোমুখি হওয়ার আগে হাশিম আমলা হয়তো ২০০৮ থেকে প্রেরণা খুঁজবেন। এই দলে আমলাই ২০০৮ সালের সিরিজজয়ী সেই দক্ষিণ আফ্রিকা দলের একমাত্র সদস্য। তবে এবার তিনি নিশ্চয়ই বুঝে ফেলেছেন সেই বাংলাদেশ আর এই বাংলাদেশ এক নয়।