অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের নিশ্চয়ই গত রাতটা কেটেছে ব্রিসবেনে আজ একটা বৃষ্টিহীন দিনের প্রত্যাশায়। শুনে একটু বিস্ময়কর লাগতে পারে, একই প্রত্যাশা ছিল নিউজিল্যান্ডেরও।
ভাবছেন, সে কী করে সম্ভব! চার দিন পর ব্রিসবেন টেস্ট যেখানে দাঁড়িয়ে, সেখান থেকে আপাতচোখে নিউজিল্যান্ডের জয় প্রায় অসম্ভব। ড্রয়ের যে সুযোগটুকু তৈরি হয়েছে, সেটাও চতুর্থ দিন বৃষ্টির কল্যাণে। সেই সুযোগটা নিতে হলে আজ শেষ দিনেও বৃষ্টির সাহায্য দরকার হতে পারে ব্রেন্ডন ম্যাককালামের দলের।
ভুল, সবই ভুল। কিউইরা যে এভাবে ভাবছেই না! টেস্ট ক্রিকেটের ১৩৮ বছরের ইতিহাসে কখনো কোনো দল চতুর্থ ইনিংসে ৪১৮ রানের বেশি তাড়া করে জেতেনি। এখানে নিউজিল্যান্ডের জয়ের লক্ষ্য ৫০৬ রান, তাতে কী? সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১৪২ রান তুলতেই পড়ে গেছে ৩ উইকেট, তাতে কী? এসবকে থোড়াই কেয়ার করে জয়ের উচ্চাভিলাষী স্বপ্ন দেখছে কিউইরা। সেই স্বপ্নের পথে বৃষ্টিকে তো ‘বাধা’ মনে করতেই পারেন ম্যাককালাম-রস টেলররা।
এটাও সম্ভবত ম্যাককালামের অধীনে বদলে যাওয়া নিউজিল্যান্ডের আরও একটা বিজ্ঞাপন। যে কারণে টেস্টটা এ অবস্থায় থাকার পরও চতুর্থ দিন শেষে ওপেনার টম ল্যাথাম জোর গলায় বলতে পারেন জয়ের স্বপ্নের কথা। আর সেই স্বপ্নটাও কিন্তু দেখছেন চতুর্থ দিন শেষে অপরাজিত ম্যাককালামকে ঘিরেই, ‘যেটা জরুরি তা হচ্ছে, ও যেন নিজের স্বাভাবিক খেলাটা খেলে। এক-দুই ঘণ্টা যদি সে নিজের মতো ব্যাট করতে পারে, আমরা টেস্ট জয়ের পথে অনেক দূর এগিয়ে যাব। সে কারণে শেষ দিন প্রথম সেশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে।’
জয় না হোক, ম্যাককালাম-বীরত্বে প্রায় হেরে যাওয়া টেস্টে ঘুরে দাঁড়ানোর স্মৃতিটাও কিন্তু নিউজিল্যান্ডের জন্য খুব পুরোনো নয়। গত বছর ফেব্রুয়ারিতে ওয়েলিংটনে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসেই ২৪৬ রানে পিছিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও যখন ৯৪ রানে ৫ উইকেট চলে গিয়েছিল, ক্যারিয়ার-সেরা ৩০২ রানের ইনিংসটা খেলেছিলেন কিউই অধিনায়ক। সেঞ্চুরি করে তাঁকে সঙ্গ দিয়েছিলেন বিজে ওয়াটলিং ও জিমি নিশামও। অবিশ্বাস্যভাবে সেই টেস্ট বাঁচিয়েছিল নিউজিল্যান্ড। ওয়াটলিং-নিশামরা তো এখানেও আছেন। কিউইরা তাই আত্মবিশ্বাসী হতেই পারে।
তবে এত কিছুর পরও এটা সত্যি, ইতিহাস নিউজিল্যান্ডের বিপক্ষে। চতুর্থ ইনিংসে কিউইরা তাড়া করে জিতেছে সর্বোচ্চ ৩২৪ রান, সেটাও ২১ বছর আগে ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে। চতুর্থ ইনিংসে তাদের সর্বোচ্চ রানই ৪৫১, ইংল্যান্ডের বিপক্ষে ২০০২ সালে। তবে সেবার ম্যাচ জেতা হয়নি তাদের। আর গ্যাবায় তো কখনো কোনো দল চতুর্থ ইনিংসে ২৩৬-এর বেশি তাড়া করেই জিততে পারেনি। সেখানে আজ শেষ দিনেই করতে হবে ৩৬২ রান।
ল্যাথামদের উচ্চাভিলাষী স্বপ্নটাও তাই খুব বেশি দুশ্চিন্তায় ফেলছে না অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়নকে, ‘ওদের দুজন ভয়ংকর ব্যাটসম্যান ক্রিজে আছে, অবশ্যই ওদের একটা সুযোগও আছে। কিন্তু এ মুহূর্তে ম্যাচটা অস্ট্রেলিয়ার দিকেই হেলে আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা একটু ভালো বল করলেই ম্যাচটা জিতে যাব।’ নিউজিল্যান্ড হেরাল্ড।