জয়ের খোঁজে তারা
ঢাকা প্রিমিয়ার লিগের এখনো অনেক পথ বাকি। মাত্রই চতুর্থ রাউন্ড চলছে। এখনই বলার উপায় নেই, কে হাসবে শিরোপা জয়ের হাসি। কাল পর্যন্ত পয়েন্ট টেবিলের যে চিত্র, তাতে সবচেয়ে হতাশ সম্ভবত মাশরাফি বিন মুর্তজা। তিন ম্যাচের সবগুলোতে হেরে পয়েন্ট টেবিলে তাঁর দল কলাবাগান ক্রীড়াচক্রের অবস্থান একেবারে তলানিতে!
গত দেড় বছরে বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব এবং একের পর এক সাফল্যে মাশরাফি নিজেকে নিয়ে গেছেন অন্য পর্যায়ে। তবে ঢাকা লিগে এখনো সাফল্যের দেখা পাননি অধিনায়ক মাশরাফি। ব্যক্তিগত পারফরম্যান্সে অবশ্য বেশ এগিয়ে আছেন। ৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে পেসারদের মধ্যে যৌথভাবে সবার ওপরে কলাবাগান ক্রীড়াচক্রের অধিনায়ক। গায়ে প্রচণ্ড জ্বর নিয়ে খেলেও তুলে নিয়েছিলেন প্রতিপক্ষ প্রাইম ব্যাংকের ৪ উইকেট।
দল ভালো না করলে ব্যক্তিগত পারফরম্যান্সেরও মূল্য থাকে না। আজ ফতুল্লায় ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) বিপক্ষে মাশরাফি চান জয়খরা ঘোচাতে, ‘আমরা দুটি ম্যাচে সম্ভাবনা জাগিয়েও জিততে পারিনি। অন্য দলের সঙ্গে আমাদের মূল পার্থক্য হচ্ছে, ম্যাচের পরিস্থিতি ভালোভাবে পড়তে পারে এমন অভিজ্ঞ খেলোয়াড়ের ঘাটতি আছে আমাদের। যা-ই হোক, সুযোগ শেষ হয়ে যায়নি। এখনো অনেক ম্যাচ বাকি। চেষ্টা করব কালকের (আজ) ম্যাচটি জিতে পয়েন্ট টেবিলে একটু ওপরে উঠতে।’
কলাবাগানের মতো সিসিএসও হেরেছে নিজেদের প্রথম তিন ম্যাচে। তবে তাদের ব্যাটিং ছিল প্রশংসনীয়। ব্যাটিংকে কাজে লাগিয়ে সিসিএসের অধিনায়ক রাজিন সালেহ চান কলাবাগান ক্রীড়াচক্রের বিপক্ষে জিততে, ‘আসলে বলে-কয়ে জেতা কঠিন। আমরা ভালো ব্যাটিং করতে পারলে জয় অসম্ভব নয়। প্রাইম ব্যাংকের ম্যাচে দেখেছেন ভালো ব্যাটিং করে প্রায় জয়ের কাছাকাছি চলে গিয়েছিলাম।’
কলাবাগান ক্রীড়াচক্র-সিসিএসের মতো একই অবস্থা কলবাগান ক্রিকেট একাডেমির। তিন ম্যাচ খেলে জিততে পারেনি তারা একটিতেও। আজ বিকেএসপিতে শক্তিশালী লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে জেতাটা কঠিন বলেই মনে করছেন কলাবাগান ক্রিকেট একাডেমির অধিনায়ক মাহমুদুল হাসান, ‘সুপার লিগে পা রাখার স্বপ্নটা ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। তবে এখনো লিগের অনেক কিছুই বাকি। আপাতত ভাবনায় কালকের (আজ) ম্যাচটি। চেষ্টা করব আমাদের নিজেদের খেলাটা খেলতে।’
কলাবাগান ক্রিকেট একাডেমি জিততে পারবে কি না বলার উপায় নেই। তবে বৃষ্টিতে ভেসে যাওয়া কিংবা টাইয়ের মতো ঘটনা না ঘটলে কলাবাগান ক্রীড়া চক্র-সিসিএসের মধ্যে একটি দল নিশ্চিত জয়ের দেখা পাবে।