জয়ের গল্প লেখা এক জুটি

পশ্চিমবঙ্গে একজন ‘মিঠুন’ আছেন, তিনি রুপালি পর্দার নায়ক, মিঠুন চক্রবর্তী। বাংলাদেশেও একজন মিঠুনকে পেয়েছে। তিনি মোহাম্মদ মিঠুন, খেলেন বাংলাদেশ দলে। তিনি অবশ্য এখনো নায়ক হতে পারেননি। বারবার পার্শ্বনায়ক হচ্ছেন। মিঠুন বলতে পারেন, নায়কের এগিয়ে যাওয়ার রাস্তা প্রশস্ত করতে পার্শ্বনায়কের ভূমিকা কম নয়। তাহলে তো মিঠুনের একটা তালি প্রাপ্য। তবে সবচেয়ে বড় তালি পাবেন মুশফিকুর রহিম। তিনিই যে আজকের নায়ক!
এই মুশফিক-মিঠুন ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ২ রানে তিন ব্যাটসম্যানকে হারিয়ে ফেলার পর চতুর্থ উইকেট জুটিতে ১৩১ রান যোগ করে দলকে বাঁচিয়েছিলেন। মিঠুন করেছিলেন ৬৩, মুশফিক ১৪৪। আজও টপ অর্ডারের ব্যর্থতায় বাংলাদেশ বিপদে! ১২ রানে ৩ উইকেট নেই। সেখান থেকে চতুর্থ উইকেটে বাংলাদেশকে আবারও পথে ফেরানোর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন মুশফিক-মিঠুন। আজ জুটিটা হলো ১৪৪ রানের। দলকে নিরাপদ অবস্থানে পৌঁছে দিয়েছেন, মিঠুন একটা ধন্যবাদ পাবেন। তবে হাসান আলীর বলটা ওভাবে না চালালে তাঁর সুন্দর ইনিংসটার সমাপ্তি ৬০ রানে শেষ হয় না। বাউন্ডারি মেরেছেন মাত্র ৪টি, মিঠুন এই তীব্র গরমে রানিং বিটুইন দ্য উইকেটে ভীষণ তৎপর থেকে ৪৪ রান নিয়েছেন দৌড়ে।
মিঠুন অবশ্য ইনিংস আরও লম্বা না করার আফসোসে পুড়তে পারেন। কিন্তু মুশফিক এই আক্ষেপ রাখবেন কোথায়? তিন অঙ্ক ছুঁতে পারলেই ঝড় তোলার চেষ্টা করতেন। দলের স্কোর আরও বড় করতেন। এসব তো হয়ইনি, বরং পেয়েছেন প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯৯ রানে আউট হওয়ার যন্ত্রণা। শুধু বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে কেন, এশিয়া কাপেই প্রথমবারের মতো কোনো ব্যাটসম্যান ফিরলেন সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থেকে।
আফসোস-আক্ষেপ—এসব যদি দূরে সরিয়ে রাখেন, আজ মুশফিক-মিঠুনের ওই জুটি না হলে বাংলাদেশের ২০০ করাও কঠিন ছিল। দুজন শুধু জুটিই গড়েননি, একটা সেতু গড়েছেন, যেটি দিয়ে বাংলাদেশ চলে গেছে এশিয়া কাপের ফাইনালে।