অ্যাশেজে অন্তত একটি টেস্ট জিতে দেশে ফিরতে ইংল্যান্ডের দরকার ২৭১ রান। হোবার্টে দিনরাতের শেষ টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ১৫৫ রানেই। বোলিং–বান্ধব উইকেটে ইংল্যান্ডের জন্য কাজটা কঠিন। তবে অসম্ভব কিছু নয়।
ইংলিশ পেসার মার্ক উডের ক্যারিয়ার–সেরা বোলিংয়ের অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে অল্প রানেই গুটিয়ে গেছে। তিনি ৩৭ রানে নিয়েছেন ৬ উইকেট। অভিজ্ঞ ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড ১৮ রানে নিয়েছেন ৩ উইকেট। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ সংগ্রহ (৪৯) উইকেটকিপার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারির। এছাড়াও স্টিভ স্মিথ ২৭ ও ক্যামেরন গ্রিন করেছেন ২৭।
হোবার্ট টেস্টের প্রথম থেকেই বোলারদের দাপট। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ট্রাভিস হেডের ১০১ রানের ইনিংসে অস্ট্রেলিয়া করে ৩০৩ রান। ক্যামেরন গ্রিনের ব্যাট থেকে আসে ৭৪। মার্নাস লাবুশান করেন ৪৪ রান। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসেও দুই ফাস্ট বোলার উড ও ব্রডের দাপট ছিল। দুজনই নিয়েছেন ৩টি করে উইকেট। এ ছাড়াও দুটি করে উইকেট নিয়েছেন ওলি রবিনসন ও ক্রিস ওকস।
অস্ট্রেলিয়ার ৩০৩ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড গুটিয়ে যায় ১৮৮ রানেই। প্যাট কামিন্স ৪৫ রানে নেন ৪ উইকেট। মিচেল স্টার্ক ৫৩ রানে ৩টি। স্কট বোল্যান্ড ও ক্যামরন গ্রিন নিয়েছেন ১টি করে উইকেট। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩৬ করেছেন ক্রিস ওকস, অধিনায়ক জো রুট ৩৪।
২৭১ রানের লক্ষ্যে এ প্রতিবেদন লেখার সময় শুরুটা ভালোই করেছেন ইংল্যান্ড। এখনো পর্যন্ত বিনা উইকেটে তাদের সংগ্রহ ৬৩। দুই উদ্বোধনী ব্যাটসম্যান রোরি বার্নস ও জ্যাক ক্রলি অস্ট্রেলীয় বোলারদের ভালোই মোকাবিলা করছেন। বার্নস ৪১ বল খেলে ২৬ ও ক্রলি ৪৫ বল খেলে ২৮ রানে অপরাজিত আছেন।