জয়ের দেখা পাবেন মেয়েরা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি মানেই চার-ছক্কার বৃষ্টি। কিন্তু বাংলাদেশের মেয়েদের ব্যাটিংয়ে সেটি কি দেখা যায়? আজ চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার আগে প্রশ্নটা বেশ জোরালোভাবেই ছুটে যাচ্ছে বাংলাদেশের মেয়েদের দিকে।
ভারতের বিপক্ষে ম্যাচটার কথাই ধরুন। ওই ম্যাচে ভারতের মেয়েরা যেখানে মারল ১৫টি চার আর ৪টি ছয়, সেখানে বাংলাদেশের চার মাত্র ৭টি। ছক্কা ছিল না একটিও। ম্যাচের ফলেও এটির প্রভাব থাকল। ভারতের ১৬৪ রানের জবাবে জাহানারা আলমের দল করতে পারল ৯১ রান।
পরের ম্যাচে ইংলিশ মেয়েদের ইনিংসে ছিল ১৫টি চার ও ১টি ছক্কা। হারলেও বাংলাদেশের ব্যাটিং এদিন কিছুটা উন্নতির ছাপ রাখে। ১২টি চার ছিল ইনিংসে, সঙ্গে লং অফ দিয়ে একটা ছক্কাও মেরেছিলেন নিগার সুলতানা; যেটি এই বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ছক্কা। আগের ম্যাচের তুলনায় চারের সংখ্যা বেশি থাকায় বাংলাদেশ পেরেছে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ডটি নতুন করে লিখতে।
টি-টোয়েন্টিতে বড় স্কোর গড়তে পাওয়ার হিটার লাগবেই। চার-ছক্কার ঝড় তুলতে বাংলাদেশ দলে তেমন পাওয়ার হিটার কোথায়? ইংল্যান্ড ম্যাচের পর অবশ্য অধিনায়ক জাহানারা দাবি করেছিলেন, ‘দলে পাওয়ার হিটার নেই, তা নয়। আমাদের ব্যাটারদের সেই শক্তি ও টেকনিক আছে। কিন্তু এটা আমরা ঠিকঠাক কাজে লাগাতে পারছি না। এটি কাজে লাগাতে হবে। প্রথম দুই ম্যাচের অভিজ্ঞতা আশা করি সামনে কাজে লাগাতে পারব।’
টি-টোয়েন্টিতে দুই দল মুখোমুখি হয়েছে একবার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সিলেটের সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৩৬ রানে। জয়-পরাজয়ের হিসাবে আজ ভারসাম্য আনতে পারবেন জাহানারা-সালমারা?