জয়ের দেখা পেল উইন্ডিজ
শ্রীলঙ্কা সফরের শেষ ম্যাচে জয়ের দেখা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কাল কলম্বোর প্রেমাদাসায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডোয়াইন ব্রাভোর অলরাউন্ড নৈপুণ্যে শ্রীলঙ্কাকে ২৩ রানে হারিয়েছে ক্যারিবীয়রা। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬২ রান তোলে সফরকারীরা। জবাবে ১ উইকেটেই ৯৩ তুলে ফেলেছিল শ্রীলঙ্কা। কিন্তু এরপর ব্রাভো আর রামপাল ধ্বংসযজ্ঞে মাতলে ১৩৯ রানেই অলআউট শ্রীলঙ্কা। ৩১ রান করার পাশাপাশি ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা ব্রাভো। ক্রিকইনফো।
ফিরলেন সিমন্স: অস্ট্রেলিয়া সফরের জন্য শ্রীলঙ্কা সিরিজের ১৫ জনের দলটিকেই রেখে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পরশু ঘোষিত দলে তবু বড় পরিবর্তন, কোচ হিসেবে ফিল সিমন্সের পুনর্নিয়োগ। গত সেপ্টেম্বরে ওয়ানডে দল নির্বাচন নিয়ে নির্বাচকদের সঙ্গে মতবিরোধে জড়িয়ে বরখাস্ত সিমন্স বোর্ডের কাছে ক্ষমা চেয়েই ফিরেছেন। ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় তিনটি টেস্ট খেলবে ক্যারিবীয়রা। রয়টার্স।