জয়ের দোলায় দোলেশ্বর
জয় এনে দেওয়া বাউন্ডারি মেরেই ইলিয়াস সানি ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়লেন ডাভিড মালানের বুকে। কিন্তু মালান নির্বিকার। আলতো করে পিঠ চাপড়ে দিলেন সানির। বাইরে থেকে মাঠে ছুটে গেলেন প্রাইম দোলেশ্বরের ক্রিকেটার-কর্মকর্তারা। তাঁদের সঙ্গেও উচ্ছ্বাসে ভেসে গেলেন না মালান। স্রেফ একটু ‘হাই ফাইভ’, হাত মিলিয়ে ড্রেসিং রুমের দিকে হাঁটা!
ইংলিশ ক্রিকেটারের উদ্যাপন যেন তাঁর ইনিংসটিরই প্রতীকী। যখন উইকেটে গিয়েছিলেন, ৩০ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে দল। মালানের ব্যাটিংয়ে চাপের চিহ্নমাত্র খুঁজে পাওয়া গেল না মুহূর্তের জন্যও। নিয়ন্ত্রিত ব্যাটিং আর অসাধারণ ফিনিশিংয়ে দুর্দান্ত এক জয় এনে দিলেন দোলেশ্বরকে। গত লিগের চমক দোলেশ্বর এবারও সুপার লিগে ভাসছে জয়ের দোলায়। আগের ম্যাচে হারিয়েছিল পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা প্রাইম ব্যাংককে। কাল আবাহনীকে হারিয়ে শীর্ষ থেকে নামিয়ে দিয়েছে তিনে। দোলেশ্বর উঠে এসেছে দুইয়ে।
ক্রিকেটীয় লড়াইয়ের টানটান উত্তেজনায় খেই হারালেন দুই দলের ক্রিকেটার ও সমর্থকেরাও। মাঠে কথার লড়াই টের পাওয়া যাচ্ছিল বাইরে থেকেই। দোলেশ্বরের আসিফ আহমেদ আর আবাহনীর নাসির হোসেন তো প্রায় মুখোমুখিই হয়ে গেলেন। ব্যাটসম্যান আসিফ এগিয়ে আসছিলেন আঙুল উঁচিয়ে, কাভার থেকে নাসিরও এগিয়ে যাচ্ছিলেন তেড়েফুঁড়ে। লেগ আম্পায়ার দৌড়ে এসে নাসিরকে জাপটে ধরে সরিয়ে নেন দূরে। গ্যালারিতে দুয়ো-পাল্টাদুয়ো চলছিল শুরু থেকেই। আসিফ-নাসিরের ঘটনা গ্যালারির আগুনেও ঘি ঢালল। একপর্যায়ে আবাহনীর সমর্থকেরা মারমুখী হয়ে এগিয়ে এসেছিলেন। পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
কুয়াশায় এক ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচ প্রায় পুরোটাই হয়েছে ফ্লাড লাইট জ্বালিয়ে। কিন্তু দোলেশ্বর যখন জয়ের পথে, বিকেল পৌনে চারটার দিকে আচমকাই বন্ধ ফ্লাড লাইট। আলোর স্বল্পতা বোঝা যাচ্ছিল খালি চোখেও। ব্যাপারটি বেশি দৃষ্টিকটু হয় বলেই হয়তো মিনিট দশেক পর আবার জ্বালিয়ে দেওয়া হয়েছে লাইট। এসব ঘটনা আরও মধুর করে তুলল দোলেশ্বরের জয়। কৃত্রিম আলোয় যখন জয়োৎসব করছে দোলেশ্বর, আবাহনী তখন ড্রেসিংরুমে রুদ্ধদ্বার বৈঠকে।
উইকেট ব্যাটিংয়ের জন্য ছিল ভালোই, বল ব্যাটে এসেছে দারুণ। ৪৫ ওভারের ম্যাচে ২০২ রানের আপাত সহজ লক্ষ্যটিকেও দোলেশ্বরের জন্য কঠিন বানিয়েছিলেন আবাহনীর উপেক্ষিত পেসার আল আমিন হোসেন। বিশ্বকাপের দল ঘোষণার আগে ম্যাচের পর ম্যাচ একাদশে সুযোগ পাচ্ছিলেন না বলে মন ভীষণ খারাপ ছিল এই পেসারের।
সুযোগ পেয়ে কাল আগুন ঝরালেন বলে। নিজের প্রথম ওভারেই ফিরিয়েছেন মেহেদি মারুফকে, দারুণ ক্যাচ নিয়েছেন উইকেটকিপার লিটন দাস। পরে মুমিনুল ও মুশফিককে পরপর দুই বলে। দ্বিতীয় স্পেলে ফিরে দুর্দান্ত এক বাউন্সারে আসিফকে ফিরিয়ে ভেঙেছেন ৭০ রানের জুটি। কিন্তু সতীর্থদের বাজে বোলিং আর মালানের দুর্দান্ত ব্যাটিংয়ে বিফলে গেছে আল আমিনের প্রচেষ্টা। বলতে হবে সানির কথাও। ম্যাচজয়ী ৭৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে শুধু সঙ্গই দেননি মালানকে, খেলেছেন দারুণ কিছু শটও। ৭৫ বলে ফিফটি ছোঁয়া মালান শেষ পর্যন্ত ১১২ বলে ৮৭ করে অপরাজিত।
আবাহনীর হয়ে রান পেয়েছেন অনেকেই, তবে বড় রান একজনও নয়। ৬ চার ও ১ ছয়ে ৪৪ করেছেন লিটন। দেলোয়ারকে তিনটি চার মেরেছেন স্কয়ার ড্রাইভ, ফ্লিক ও অন ড্রাইভে, মুক্তারকে করা দুটি কাভার ড্রাইভে ফিল্ডার নড়ার সময় পাননি। ফরহাদ-রকিবুল-নাসিররা উইকেটে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি। শেষ দিকে অধিনায়ক জিয়ার ২১ বলে ৩১ রানে দুশ পেরোয় আবাহনী।
ওই রানেও লড়াই করেছেন আল আমিন, কিন্তু কাল মালান যে হয়ে উঠেছিলেন মাইকেল বেভান!
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী: ৪৫ ওভারে ২০১/৯ (লিটন ৪৪, রকিবুল ৪১, জিয়াউর ৩৪, নাসির ৩১, ফরহাদ ২১; সানজামুল ২/৩২, মুক্তার ২/৩৩, সানি ২/৫৭);
দোলেশ্বর: ৪৩.১ ওভারে ২০৫/৫ (মালান ৮৭*, সানি ৩৬*, রনি ২৪, আসিফ ২২; আল আমিন ৪/৫১ )।
ফল: প্রাইম দোলেশ্বর ৫ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: ডাভিড মালান