জয়ের ধারায় জিম্বাবুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া আত্মবিশ্বাসটা ভালোই কাজে লাগাচ্ছে জিম্বাবুয়ে। জানুয়ারিতে খুলনায় ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেও পরের দুই ম্যাচ জিতে সিরিজ ড্র করেছিল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাদের জয়ের ধারা অব্যাহত। হংকংকে হারানোর পর কাল নাগপুরে স্কটল্যান্ডকে ১১ রানে হারিয়েছে। দিনের শেষ ম্যাচে আফগানিস্তান হংকংকে হারিয়েছে ৬ উইকেটে। আগামীকাল জিম্বাবুয়ের সঙ্গে তাদের ম্যাচটা হয়ে যাচ্ছে অলিখিত ফাইনাল, এই ম্যাচে জয়ী দলই পেয়ে যাবে চূড়ান্ত পর্বের টিকিট।
১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি স্কটল্যান্ডের। ৮ ওভারে তাদের রান ৫ উইকেটে ৪৩। এরপরই বদলাতে থাকে ম্যাচের রং। অধিনায়ক প্রেসটন মমসেন-বেরিংটন ষষ্ঠ উইকেট জুটির ৩৯ বলে ৫১ রান স্কটিশদের আশা দেখাতে শুরু করে। ৩১ রানে মমসেন আউট হলেও আশার প্রদীপ জ্বালিয়ে রাখেন বেরিংটন। কিন্তু তিনি ৩৬ রানে আউট হলে সেটি প্রায় নিবুনিবু হয়ে যায়। শেষমেশ ১৯.৪ ওভারে স্কটল্যান্ড ১৩৬ রানে অলআউট হলে নিশ্চিত হয় বিশ্বকাপে জিম্বাবুয়ের টানা দুই জয়।
টসে জিতে প্রথমে ব্যাট করে শন উইলিয়ামসের হাফ সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৭ রান করে জিম্বাবুয়ে। দুই ওপেনার ভুসি সিবান্দা-হ্যামিল্টনের শারীরিক সংঘর্ষে অদ্ভুত রানআউটে মাত্র ১৭ রানে উদ্বোধনী জুটি ভাঙলেও, শেষ পর্যন্ত তারা চ্যালেঞ্জ জানাতে পারে উইলিয়ামসের ৫৩ রানের কল্যাণে। ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা অবশ্য জিম্বাবুয়ের বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা।
আফগানিস্তানের সঙ্গে টসে জিতে শুরুটা ভালোই করেছিল হংকং, প্রথম ৫ ওভারেই দুই ওপেনার তুলে ফেলেছিলেন ৩৪ রান। কিন্তু পাওয়ারপ্লের শেষ ওভারেই দুই উইকেট হারিয়ে বসে তারা। অংশুমান রথ এক প্রান্ত আগলে রাখলেও বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। শেষ পর্যন্ত হংকং ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলতে পেরেছে ১১৬ রান। অংশুমান করেছেন সর্বোচ্চ ২৮, আফগানিস্তানের মোহাম্মদ নবী ২০ রানে পেয়েছেন ৪ উইকেট।
দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও নুর আলী জাদরানই আফগানিস্তানের জয়ের ভিতটা গড়ে দিয়েছেন। শাহজাদ করেছেন সর্বোচ্চ ৪১, নুর ৩৫। এরপর দ্রুত ৪ উইকেট হারিয়ে ফেললেও দুই ওভার বাকি থাকতেই সহজ জয় পেয়েছে আফগানরা।