জয়ের ধারায় থাকার আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুশফিকুর রহিমের নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মুমিনুলের। অভিষেকের তিন বছরের মাথায় আজ সেই মুমিনুলের ওপরও একটা নেতৃত্বের ভার। কাঁধে হাত রেখে হয়তো ‘এ’ দলের অধিনায়ককে সাহসই দিতে চাইলেন টেস্ট অধিনায়ক। কাল সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে l প্রথম আলো
মুশফিকুর রহিমের নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মুমিনুলের। অভিষেকের তিন বছরের মাথায় আজ সেই মুমিনুলের ওপরও একটা নেতৃত্বের ভার। কাঁধে হাত রেখে হয়তো ‘এ’ দলের অধিনায়ককে সাহসই দিতে চাইলেন টেস্ট অধিনায়ক। কাল সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে l প্রথম আলো

প্রেক্ষাপটে অনেক কিছু—
সফরের দুটি তিন দিনের ম্যাচ নতুন মৌসুমে দীর্ঘ পরিসরের ক্রিকেটের দরজা খুলে দিচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে প্রস্তুতির দারুণ সুযোগ এটি।
আগামী বছর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতে বাংলাদেশ দলের একমাত্র টেস্টের সফরটিও। তার আগে ‘এ’ দলের সফরটা সেখানকার কন্ডিশন বুঝতে সাহায্য করবে ক্রিকেটারদের। অধিকাংশ খেলোয়াড়ই যে জাতীয় দলেরও প্রতিনিধি!
—তবে কলকাতা হয়ে বেঙ্গালুরু যাওয়ার বিমানে আজ খেলোয়াড়দের মাথায় এসবের চেয়েও বেশি ঘুরপাক খাবে অন্য এক মন্ত্র। এই মন্ত্র জয়ের অভ্যাস ধরে রাখার মন্ত্র এবং তা ছড়িয়ে দিয়েছেন কোচ হিথ স্ট্রিকই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সফর-পূর্ব সংবাদ সম্মেলনে কাল অধিনায়ক মুমিনুল হককে পাশে বসিয়ে জিম্বাবুইয়ান কোচ দুবার বললেন কথাটা। প্রথম প্রশ্নের জবাবের সঙ্গে ‘আমরা জয়ের সংস্কৃতি ধরে রাখতে চাই’ কথাটা মিশিয়ে দিয়ে একেবারে শেষ প্রশ্নে আবার বললেন, ‘চেষ্টা করব সব ম্যাচ জিততে। দল হিসেবে এটাই লক্ষ্য। ভারতের মতো একটা দেশের বিপক্ষে জয়ের চেয়ে ভালো কিছু হতে পারে না।’ ভিসাপ্রক্রিয়া শেষ হয়নি বলে অবশ্য দলের সঙ্গে আজই ভারতে যেতে পারছেন না স্ট্রিক ও ফিজিও ব্রেট হর্প।
গত বছরের শেষে জিম্বাবুয়ে সিরিজ থেকেই সাফল্যধারায় বাংলাদেশ। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা, দেশে ফিরে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পর পর তিনটি ওয়ানডে সিরিজ জয়। যাদের হাত ধরে তা এসেছে, তাঁদের অনেকেই আছেন ভারত সফরের দলে। মোড়কটা ‘এ’ দলের হলেও খেলোয়াড়দের আত্মবিশ্বাসে তাই দ্রবীভূত থাকছে জাতীয় দলের সাম্প্রতিক সাফল্যের সঞ্জীবনী। কোচও চান আন্তর্জাতিক ক্রিকেটে পাওয়া সাফল্যের ধারা ধরে রাখুক ‘এ’ দল।

আশাটা মুমিনুলেরও এবং সেই আশা পূরণ অসম্ভব মনে করছেন না তিনি, ‘ভালো ক্রিকেট খেললে সিরিজ জয় সম্ভব। আর ওরাও জানে, আমরা ভালো দল। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে। দলে ১০ জন টেস্ট খেলোয়াড়। আমরা ভালো ক্রিকেট খেলব।’ কোচের মতো জয়ের অভ্যাস ধরে রাখার প্রতিজ্ঞাও আছে কণ্ঠে, ‘জয়ের অভ্যাস ধরে রাখতে হবে। এই জিনিসটা হারাতে চাই না।’
‘এ’ দলের সফর অন্য সময় অনেকটা ‘শিক্ষাসফরে’র মতো হলেও এবার সেটা নয়। হিথ স্ট্রিকের ভাষায়, ‘আমরা এটাকে শুধু অনুশীলনের উপলক্ষ হিসেবে দেখছি না।’ বাতাসে প্রত্যাশার রেণু ছড়িয়ে দিচ্ছে কোচ-অধিনায়কের এসব কথাই। কিন্তু এই প্রত্যাশা আবার চাপ হয়ে বসবে না তো! মুমিনুল উড়িয়ে দিলেন শঙ্কাটা, ‘এই পর্যায়ের ক্রিকেটে চাপ থাকবেই। চাপ নেওয়ার ক্ষমতা না থাকলে ক্রিকেট না খেলাই ভালো। এটা গলির খেলা না। জাতীয় দলের খেলা, “এ” দলের খেলা।’
মুমিনুলের কথাগুলো সাহসী অধিনায়কের কথার মতোই শোনাল। কিন্তু নেতৃত্ব পাওয়ার পর না এই মুমিনুলই বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলেন! ভারতের বিমানে ওঠার আগে সেই বিস্ময়ের ভাব পুরোপুরি উধাও। কোচ হিথ স্ট্রিকেরও তাঁর ওপর অগাধ আস্থা, ‘মিনির (মুমিনুল) ক্রিকেটের মাথা খুব ভালো। ক্রিকেট সম্পর্কে জানার ক্ষুধা আছে তার। অবশ্যই সে ভবিষ্যতের নেতা হতে পারে। হয়তো এটাই শুরু।’
মুমিনুলের সামনে যেমন নেতৃত্বগুণ প্রকাশের সুযোগ; শফিউল, আল-আমিনের জন্য ভারত সফর খুলে দিতে পারে জাতীয় দলে ফেরার দরজা। আর সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত মুখ হয়ে ওঠা তাসকিন তো দীর্ঘ পরিসরের ক্রিকেটে এক পা দিয়েই রেখেছেন। কোচের কথায়ও সে আভাস। সঙ্গে অবশ্য একটা সতর্কবার্তাও, ‘তাসকিনকে আমরা এখন দীর্ঘ পরিসরের ক্রিকেটেও খেলানোর চেষ্টা করব। তবে তিন দিনের ম্যাচের একটা সিরিজ খেলেই পাঁচ দিনের ক্রিকেট খেলতে নেমে যাওয়াটা কঠিন। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে। ওকে নিয়ে তাই খুব বেশি ঝুঁকি নেব না।’