জয়ের পথ খুঁজছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্থ আর ব্রিসবেন। দুটি ওয়ানডেতেই টস জিতেছেন মহেন্দ্র সিং ধোনি। দুটিতেই আগে ব্যাট করে ৩০০ ছাড়ানো রান তুলেছে ভারত। দুটিতেই তাড়া করে অনায়াস জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত অস্ট্রেলিয়া-ভারত ওয়ানডে সিরিজটা চলছে এই গৎবাঁধা চিত্রনাট্য মেনে। আজ মেলবোর্নে কি দেখা যাবে অন্য চিত্রনাট্য?
ভারত অধিনায়ক ধোনি এবার সেই চেষ্টাটা করে দেখারই আভাস দিলেন, ‘দুটি কাজ করতে পারি আমরা। এক, আগে ব্যাট করে ৩৩০ রান তুলে ওদের ব্যাটসম্যানদের চাপে ফেলা। দুই, আগে তাদের ব্যাটিংয়ে পাঠিয়ে রান তাড়া করা। আমাদের বসে একটু ভাবতে হবে কোনটা আমাদের জন্য ভালো হয়।
অবশ্য এর জন্য যে টস-ভাগ্যটাও ভালো থাকতে হবে সেটা বলেননি ধোনি। আগের দুটি ম্যাচে টস জিতেছেন বলেই যে আবারও জিতবেন সেই নিশ্চয়তা কোথায়?
ওয়াকায় ৩০৯ করেছিল ভারত, গ্যাবায় ৩০৮। প্রথম ম্যাচটা অস্ট্রেলিয়া জিতেছে ৪ বল হাতে রেখে, দ্বিতীয়টি এক ওভার আগে। ৩৩০ তুলতে পারলে ম্যাচে জোর লড়াই হবে, ধোনির এ কথাটা তাই এ মুহূর্তে যৌক্তিকই মনে হচ্ছে। তবে কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান ও সাবেক ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার ঠিক এমনটি মনে করেন না। দ্বিতীয় ম্যাচটিতেও অস্ট্রেলিয়ার সহজ জয়ের পর গাভাস্কার বলেছেন, ‘আজ (শুক্রবার) মিডল অর্ডার ভালো খেললে আমরা আরও ২০-৩০ রান বেশি করতে পারতাম। তবে অস্ট্রেলিয়া যেভাবে ব্যাট করেছে, তাতে সেই রানও কম হয়ে যেত।’
আগে ব্যাট করতে হোক, কিংবা রান তাড়া করা-কিছু নিয়েই মনে হয় না অস্ট্রেলিয়ার কোনো দুশ্চিন্তা আছে। টানা দুই জয়ে সিরিজ জয়ের পথেও অনেক দূর এগিয়ে গেছে স্টিভেন স্মিথের দল। প্রথম ম্যাচে খেলার পর গত ম্যাচে বিশ্রাম পেয়েছিলেন জশ হ্যাজলউড। অস্ট্রেলিয়া পেসারকে এবার সিরিজের বাকি ম্যাচগুলোতেও বিশ্রাম দেওয়া হচ্ছে। আর আগের ম্যাচে তাঁর বদলে ডাক পাওয়া জন হ্যাস্টিংস আছেন আজকের ম্যাচেও। অবশ্য শেষ দুই ম্যাচের জন্য অস্ট্রেলিয়া নতুন করে দল ঘোষণা করবে আজকের ম্যাচের পর। এএফপি।