জয়ের জন্য শেষ দিনে হাতের ৯ উইকেট নিয়ে করতে হতো ১৩১ রান। খেলাটা ক্রিকেট বলে অনিশ্চয়তা এর সঙ্গে জড়িয়ে থাকে সব সময়ই। তবে ওটুকু বাদ দিলে আগের দিনেই অস্ট্রেলিয়া যেভাবে খেলছিল, তাতে এ টেস্টে তাদের জয়টা তেমন অনিশ্চয়তার মধ্যে পড়েনি। অস্ট্রেলিয়া জিতেই গেল।
ক্রাইস্টচার্চ টেস্ট জিততে কাল অস্ট্রেলিয়াকে খেলতে হয়েছে আর ৩৪ ওভার, হারিয়েছে আরও ২ উইকেট। ২-০ ব্যবধানে সিরিজ জিতে শুধু ট্রান্স-তাসমান ট্রফিই নয়, টেস্ট র্যা ঙ্কিংয়ের শীর্ষস্থানটাও নিজেদের করে নিল স্টিভেন স্মিথের দল।
১ উইকেটে ৭০ রান নিয়ে খেলতে নামা অস্ট্রেলিয়াকে জয়ের খুব কাছে নিয়ে গিয়েছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান জো বার্নস ও উসমান খাজা। দলের ১১৩ রানে খাজা যখন আউট হন, বার্নসের সঙ্গে দ্বিতীয় উইকেটে গড়ে ফেলেছেন ৬৪ রানের জুটি। বার্নস পরে অধিনায়ক স্মিথকে নিয়ে যোগ করেছেন আরও ৬৬ রান। ১৬২ বলে ৬৫ রানের শম্বুকগতির এক ইনিংস খেলে বার্নস আউট হয়ে গেলেও স্মিথ ও অ্যাডাম ভোজেস মাঠ ছেড়েছেন দলকে জিতিয়েই।
এই টেস্ট আগের দিন কিছুটা উত্তাপ ছড়িয়েছিল কেন উইলিয়ামসনকে বিতর্কিতভাবে ‘নটআউট’ ঘোষণা করা নিয়ে। আম্পায়ারদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল স্মিথ ও হ্যাজলউডের। আচরণবিধি লঙ্ঘনের দায়ে হ্যাজলউডের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা তো হয়েছেই, জরিমানা হতে পারে স্মিথেরও। অস্ট্রেলিয়ানদের এমন আচরণের সমালোচনাও করেছেন অনেক সাবেক নিউজিল্যান্ড খেলোয়াড়। কাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গ ওঠায় স্মিথ অবশ্য বলেছেন, ‘আমি মনে করি না আমরা অভদ্র। আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলি। তবে একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে, সীমারেখাটা কোথায়। এই টেস্টে হয়তো আমি আর জশ (হ্যাজলউড) সেই সীমারেখা পার করেছি। কিন্তু আমরা ও রকম নই। আশা করছি, এটা আর হবে না।’
ভুল থেকে শিক্ষা নেওয়ার কথাও বলেছেন স্মিথ, ‘অধিনায়ক হিসেবে আমাকে আরও পরিণত হতে হবে। আমাকে উদাহরণ তৈরি করতে হবে। এই টেস্টে সেটা করতে পারিনি।’
এই টেস্টই শেষ টেনে দিল ব্রেন্ডন ম্যাককালামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। এই সিরিজের আগে তাঁর নেতৃত্বে দেশের মাটিতে ১২ টেস্ট খেলে একটিও হারেনি নিউজিল্যান্ড। তবে বিদায়ী টেস্ট ও সিরিজ দুটিতেই হারলেন কিউই অধিনায়ক। এএফপি।
স্কোরকার্ড
নিউজিল্যান্ড: ৩৭০ ও ৩৩৫
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৫০৫ ও
২য় ইনিংস (লক্ষ্য ২০১ রান)
(চতুর্থ দিন শেষে, ৭০/১; বার্নস ২৭*, খাজা ১৯*)
রান বল ৪ ৬
বার্নস ব বোল্ট ৬৫ ১৬২ ৯ ০
খাজা ক ম্যাককালাম ব সাউদি ৪৫ ৬৬ ৪ ০
স্মিথ অপরাজিত ৫৩ ৪৬ ৪ ১
ভোজেস অপরাজিত ১০ ১৯ ২ ০
অতিরিক্ত (লেবা ৪, নো ২) ৬
মোট (৫৪ ওভারে, ৩ উইকেটে) ২০১
উইকেট পতন: ১-৪৯, ২-১১৩, ৩-১৭৯।
বোলিং: বোল্ট ১৭-১-৬০-১, সাউদি ৭-২-৩০-১, হেনরি ৯-১-৩৩-০ (নো ১), ওয়াগনার ১৮-৪-৬০-১ (নো ১), অ্যান্ডারসন ৩-০-১৪-০।
ফল: অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী।
সিরিজ: ২-ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ২-০-তে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: জো বার্নস।