জয়ের পার্শ্বনায়কেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>এটা বাংলাদেশের টেস্ট, এটা মেহেদী হাসান মিরাজের টেস্ট। ইতিহাস গড়া জয়ের নায়ক সন্দেহাতীতভাবেই মিরাজ। তবে সিনেমায় যেমন নায়কের সঙ্গে কখনো কখনো পার্শ্বনায়ক থাকে, এই টেস্টেও ছিল। বাংলাদেশের তেমনই তিন পার্শ্বনায়কের গল্প—
তামিম ইকবাল, সাকিব আল হাসান, ইমরুল কায়েস
তামিম ইকবাল, সাকিব আল হাসান, ইমরুল কায়েস

তামিম ইকবাল
চট্টগ্রামে সেঞ্চুরির আশা জাগিয়েও পাননি। সেই আক্ষেপ মিরপুরে প্রথম ইনিংসেই ঘুচিয়ে ফেলেন ১৪৭ বলে ১০৪ রান করে। ঝলমলে সব শট, মুমিনুলের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৭০ রানের জুটি। দ্বিতীয় ইনিংসেও শুরুটা দারুণ করেছিলেন। ইমরুল কায়েসের সঙ্গে ৬৫ রানের জুটি, মনে হচ্ছিল আরেকটি সেঞ্চুরি না হোক ফিফটি হতেই পারে। ৪৭ বলে ৪০ রান করে থেমে যান জাফর আনসারির বলে অ্যালিস্টার কুককে ক্যাচ দিয়ে। কিন্তু এই টেস্টে ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান তো তাঁরই।
সাকিব আল হাসান
প্রথম ইনিংসে ব্যাট হাতে মাত্র ১০ রান, বল হাতে ৪১ রানে একটি মাত্র উইকেট। দ্বিতীয় ইনিংসেও যে ব্যাট হাতে প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পেরেছেন, বলা যাবে না। তবে ইমরুল ছাড়া যেখানে আর কারও ফিফটি নেই, সেখানে তাঁর ৮১ বলে ৪১ কমও নয়। পুষিয়ে দিয়েছেন বল হাতে। জো রুটকে এলবিডব্লু করে শুরু করেছিলেন। পরে একই ওভারে পরপর দুই বলে বেন স্টোকস আর আদিল রশিদকে ফিরিয়ে দিয়ে জাগান হ্যাটট্রিকের সম্ভাবনাও। হ্যাটট্রিক বলটি ঠেকিয়ে জাফর আনসারি আউট পরের বলেই। সব মিলিয়ে ৪৯ রানে মহামূল্যবান ৪ উইকেট!
ইমরুল কায়েস
ফর্মে থাকার পরও প্রথম ইনিংসে মাত্র ১ রান করে আউট হয়ে গিয়েছিলেন। সেটাই হয়তো একটু তাতিয়ে দিয়েছিল। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত সব শট খেলে ১২০ বলে ৭৮। প্রথমে তামিমের সঙ্গে ৬৫ রানের, পরে মাহমুদউল্লাহর সঙ্গে গড়েন ৮৬ রানের জুটি। সেঞ্চুরিটা হয়নি বলে একটু আফসোস থাকতে পারে। তবে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে একমাত্র হাফ সেঞ্চুরিটা তাঁর এবং ইংল্যান্ডকে ২৭৩ রানের লক্ষ্য দেওয়ার পেছনে ওই ইনিংসটারই ভূমিকা সবচেয়ে বেশি।