জয়ের সঙ্গে অন্য লক্ষ্যও

মূল লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর সেখানে ভালো করতে হলে প্রস্তুতিটাও তো সে রকম হতে হবে। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজটা দুই দলের জন্যই সেই প্রস্তুতির সুযোগ। যেখানে দুই কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও ডেভ হোয়াটমোরের চাওয়াও অভিন্ন—কিছুটা পরীক্ষা-নিরীক্ষা করে টি-টোয়েন্টির জন্য একটা সঠিক সমন্বয় দাঁড় করানো।
ওয়ানডে ক্রিকেটে গত বছরটা দুর্দান্ত কাটিয়েছে বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টিতেও এই সাফল্যটা টেনে আনতে পারেননি মাশরাফিরা। গত বছর ৫টি টি-টোয়েন্টি খেলে হেরেছে ৩টিতেই। যেটির কারণ হিসেবে হাথুরুসিংহে বলেছেন, ‘আমাদের ওয়ানডে লাইনআপটা দাঁড়িয়ে গেছে। কিন্তু টি-টোয়েন্টিতে আমি মনে করি না আমাদের সমন্বয় কিংবা পরিকল্পনাটা ঠিক হচ্ছে। এটাই বড় চ্যালেঞ্জ, বিশেষ করে ব্যাটিংয়ে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই এসব সমস্যা কাটিয়ে উঠতে কিছু পরীক্ষা-নিরীক্ষার সুযোগ হয়ে এসেছে এই সিরিজ। কাল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলনের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের কোচ বললেন, ‘আমরা বিভিন্ন রকম সমন্বয় চেষ্টা করে দেখব এই সিরিজে। আমরা জয়ের জন্যই খেলব, তবে সঠিক সমন্বয় পেতে পরীক্ষাও চালাব। এতে করে এশিয়া কাপে আমরা সেরা সমন্বয় মাঠে নামাতে পারব।’
দলের লাইনআপটা অবশ্য এমতেই কিছুটা বদলাবে এই সিরিজে। নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে চোটের কারণে খেলতে পারেননি সৌম্য সরকার। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে প্রথম ম্যাচটি খেলেই যুক্তরাষ্ট্র চলে গিয়েছিলেন সাকিব আল হাসান। দলের দুই নিয়মিত সদস্য ফিরছেন এই সিরিজে। দুজনকে হাথুরুসিংহে বলছেন ‘বিশ্বমানের খেলোয়াড়’, সঙ্গে তাঁরা যোগ দেওয়ায় দলের সমন্বয় নিয়ে খুব ভাবতে হবে বলেও মনে করছেন না। কারণ টি-টোয়েন্টিতে বাংলাদেশের দল নাকি সেভাবে তৈরিই হয়নি।
জিম্বাবুয়ের ক্রিকেটে এখন ঘোর দুঃসময়। নভেম্বরে বাংলাদেশের কাছে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে যাওয়ার পর শারজায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে (৩-২) ও টি-টোয়েন্টি (২-০) দুটি সিরিজেই হেরেছে জিম্বাবুয়ে। কোচ ডেভ হোয়াটমোর অবশ্য এতে ভাগ্যেরই বেশি দায় দেখছেন। একটু এদিক-ওদিক হলেই ফল অন্য রকম হতে পারত বলে তাঁর দাবি। এই সিরিজের লক্ষ্য নিয়ে হোয়াটমোর বলেছেন, ‘আমরা এখানে জিততে এসেছি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের আরও ১০টি ম্যাচ আছে, এটাও আমাদের মাথায় থাকছে। বিভিন্ন সমন্বয় পরীক্ষা-নিরীক্ষার দিকেও তাই আমাদের চোখ থাকবে।’
সর্বশেষ বাংলাদেশ সফরে একটি ম্যাচই জিতেছিল জিম্বাবুয়ে, সেটি টি-টোয়েন্টি। এবার যেহেতু পুরো সিরিজটাই টি-টোয়েন্টি, সেখানে জিম্বাবুয়ের ভালো সুযোগ আছে বলে মনে করেন হোয়াটমোর, ‘বাংলাদেশ ভালো দল। তবে আমার মনে হয়, এই ফরম্যাটে ওদের কিছুটা উন্নতির দরকার আছে। আমি প্রতিপক্ষ নিয়ে মন্তব্য করতে চাই না। তবে এই ফরম্যাটে আমাদের সুযোগ আছে।’
২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ ছিলেন। এই দল এবং এখানকার কন্ডিশন ভালোই চেনেন হোয়াটমোর। এখনকার অনেক খেলোয়াড়ের শুরুই হয়েছিল তাঁর সময়ে। জিম্বাবুয়ের কতটুকু কাজে দেবে এই হোয়াটমোরের এই চেনাজানা? সাবেক বাংলাদেশ কোচের জবাব, ‘সব চেনাজানাই কাজে লাগে। কন্ডিশন, প্রতিপক্ষ খেলোয়াড় সবকিছুই।’