জয়ের সুবাস পাচ্ছে দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ রানের আক্ষেপ নিয়ে চা-বিরতির আগেই ফিরে গেছেন হাশিম আমলা। তাঁরও আগে ডিন এলগার। তাতে কী? ট্রেন্ট ব্রিজ টেস্টে জয়ের সুবাস দক্ষিণ আফ্রিকা পেতে শুরু করে দিয়েছে চা-বিরতি থেকেই! সেই সময়ে সফরকারীদের রান ছিল ৪ উইকেটে ২৩৬। লিড ৩৬৬ রানের। আর তৃতীয় সেশনে ৯ উইকেটে ৩৪৩ রান নিয়ে যখন দ্বিতীয় ইনিংসটা ঘোষণা করছে দক্ষিণ আফ্রিকা, জয়ের জন্য প্রায় অসম্ভব এক লক্ষ্য দাঁড়িয়ে যায় স্বাগতিক ইংল্যান্ডের সামনে। ৪৭৪ রান! ৪ ওভারে বিনা উইকেটে ১ রান করে তৃতীয় দিন শেষ করেছে ইংল্যান্ড।

অতীত রেকর্ডটাই দক্ষিণ আফ্রিকাকে আনন্দের অনুভূতি দেবে। ১৯৭৩ সালে এই ট্রেন্ট ব্রিজেই চতুর্থ ইনিংসে ৪৪০ রান করেও জিততে পারেনি নিউজিল্যান্ড। সেই থেকে চতুর্থ ইনিংসে ব্যাট করে এখানে সাড়ে তিন শ রানই করতে পারেনি কোনো দল। সফলভাবে ইংল্যান্ডের তাড়া করার রেকর্ডটি ৩৩২ রানের। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সেই জয়ও ১৯২৮ সালের কথা।

ইংল্যান্ডকে রানে চাপা দেওয়ার মূল কৃতিত্ব আমলা ও এলগারের। দ্বিতীয় উইকেটে দুজন গড়েছেন ১৩৫ রানের জুটি। ২৭ ইনিংসে এটাই তাঁদের প্রথম সেঞ্চুরি জুটি। এর আগের সর্বোচ্চ ছিল ৭৮। সেটিও ইংল্যান্ডের বিপক্ষেই, গত বছর কেপটাউনে। ১ উইকেটে ৭৫ রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় উইকেট হারায় ১৫৩ রানে। আউট হওয়ার আগে টেস্ট ক্যারিয়ারের অষ্টম ফিফটিটিকে এলগার নিয়ে যাচ্ছিলেন অষ্টম সেঞ্চুরির দিকেই (৮০)। ৮৭ রানে আউট হয়েছেন আমলা।

ফিফটি পেয়েছেন এই টেস্টেই দলে ফেরা অধিনায়ক ফাফ ডু প্লেসিও। চা–বিরতির পর স্টোকসের বলে এলবিডব্লু  হওয়ার আগে করেছেন ৬৩ রান, ক্যারিয়ারের ত্রয়োদশ ফিফটি তাঁর। ডু প্লেসি আউট হওয়ার পর অবশ্য শেষ দিকে দ্রুতই উইকেট হারায় প্রোটিয়ারা। ৩০০ রান পেরিয়েছিল ৪ উইকেট হাতে রেখে, কিন্তু ৩০০ পেরোনোর পর ৪৩ রানে হারায় ৩ উইকেট। ভারনন ফিল্যান্ডার চেষ্টা করে গেছেন, মঈন আলীর বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে করেছেন ৪২ রান। ফিল্যান্ডার আউট হতেই ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। সূত্র: স্টার স্পোর্টস ২, ক্রিকইনফো।