
পাকিস্তানের ব্যাটসম্যানরা বোধ হয় ঠিক করে রেখেছেন, সিরিজের শেষ ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়ে দিয়ে আসবেন। নইলে শারজার শেষ বিকেলে মিসবাহরা এভাবে উইকেট বিলিয়ে দিয়ে আসবেন কেন? শারজা টেস্টের তৃতীয় দিন শেষে পাকিস্তান ৮৭ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩১ রানে এগিয়ে আছে, হাতে উইকেট ৬টি। সফরের প্রথম আট ম্যাচ হারার পর হোল্ডাররা অবশেষে কিছু একটা পাওয়ার হাতছানি দেখছেন।
জেসন হোল্ডারের কৃতিত্বটা অবশ্য তাতে খুব একটা খাটো হচ্ছে না। প্রথমবারের মতো সিরিজে প্রথম ইনিংসে এগিয়ে যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক বল হাতে ফিরিয়ে দিয়েছেন সামি আসলাম, আসাদ শফিক ও ইউনিস খানকে। আসলাম হুক করতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন, ইউনিস লেগ স্টাম্পে করা বলটা ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। আর শফিক আচমকা লাফিয়ে ওঠা বলে ক্যাচ দিয়ে পেয়েছেন ‘পেয়ার’। তবে সবচেয়ে আত্মঘাতী শটটা খেলেছেন অধিনায়ক মিসবাহ। রোস্টন চেজের ‘লং হপ’ মাঠের যেকোনো জায়গাতেই পাঠাতে পারতেন। কিন্তু মিসবাহ যেন বেছে বেছে খুঁজে নিয়েছেন ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে বিশুকে। পাকিস্তানের অবস্থা আরও খারাপ হতে পারত। আউট হয়ে যেতে পারতেন সরফরাজও, শ্যানন গ্যাব্রিয়েলের বলে ক্যাচও তুলে দিয়েছিলেন। কিন্তু নো বল হওয়ায় ওই যাত্রা বেঁচে গেছেন।
তবে দিনের শুরুটা নিজের করে নিয়েছেন ক্রেগ ব্রাফেট। আগের দিন ৯৫ রানে অপরাজিত ছিলেন, আজ সকালেই পেয়ে গেছেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। তবে সেখানেই থেমে যাননি, প্রথমে হোল্ডার ও পরে বিশুকে সঙ্গী করে লিড এনে দিয়েছেন দলকে। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৪২ রানে। ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে মাত্র পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করেছেন। তিন ডব্লুর ফ্র্যাঙ্ক ওরেল প্রথম করেছিলেন কীর্তিটা। এরপর কনরাড হান্ট, ডেসমন্ড হেইন্স ও ক্রিস গেইল সেটির পুনরাবৃত্তি করেছেন। হেইন্স আবার আদ্যন্ত ব্যাটিংটা তিনবার করেছেন।
পাকিস্তানের ওয়াহাব রিয়াজ ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো নিয়েছেন ৫ উইকেট। পাকিস্তানি ফাস্ট বোলার প্রথমবার ৫ উইকেট নিয়েছিলেন ২০১০ সালে, টেস্ট অভিষেকে। টেন ক্রিকেট, ক্রিকইনফো।