জয়ের হ্যাটট্রিক সাকিবের দলের

জয়রথ থামছেই না সাকিবের দল জ্যামাইকা তালাওয়াসের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আজ তারা ত্রিনবাগো নাইট রাইডার্সকে হারিয়েছে ১৯ রানে। তবে আগের দুই ম্যাচে জ্বলে ওঠা সাকিব আজ বিবর্ণই ছিলেন। ব্যাট হাতে ১৩ বলে করেছেন ১০ রান। পরে বোলিংয়ে ৩ ওভারে ২৮ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট।
সাকিব যখন নেমেছিলেন, জ্যামাইকা ১২ ওভারে তুলে ফেলেছিল ৯১ রান। ক্রিস গেইল কোনো রান না করেই আউট হয়ে গিয়েছিলেন। কুমার সাঙ্গাকারা ২১ বলে করেছিলেন ২৩ রান। সাকিবও বেশিক্ষণ থাকেননি, ১৩ বলে ১০ রান করে সুনীল নারাইনের বলে ক্যাচ দিয়েছেন প্রথম স্লিপে। তার আগে অবশ্য একটি ছক্কা মেরেছেন সুলেমান বেনের বলে।
জ্যামাইকার রান ১৫৮ পর্যন্ত পৌঁছানোর কৃতিত্ব রোভমান পাওয়েল ও আন্দ্রে রাসেলের। পাওয়েল ৩৪ বলে করেছেন ৪৪ রান। পরে ২৪ বলে ৪৪ রানের ঝোড়ো একটা ইনিংস খেলেছেন রাসেল। বাংলাদেশে খেলে যাওয়া ত্রিনবাগো অলরাউন্ডার কেভন কুপার নিয়েছেন ৩ উইকেট।
ব্যাটিংয়ের পর বল হাতেও তেমন একটা কিছু করতে পারেননি সাকিব। নবম ওভারে প্রথম যখন বল হাতে পেলেন, ত্রিনবাগো ৮ ওভারে ৫৫ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে। আউট হয়ে গেছেন ব্রেন্ডন ম্যাককালাম ও কলিন মানরো। সাকিব প্রথম ওভারেই পেয়েছেন সাফল্য, ফিরিয়ে দিয়েছেন উমর আকমলকে। ওই ওভারে দিয়েছেন ৫ রান।
পরের ওভারে উইকেট না পেলেও ৪ রানের বেশি দেননি। কিন্তু সাকিবের তৃতীয় ওভারটি দুঃস্বপ্ন বানিয়ে দিয়েছেন দীনেশ রামদিন। ওই ওভার থেকে এসেছে ১৯ রান, রামদিন একাই নিয়েছেন ১৮। শেষ পর্যন্ত ২৪ বলে ৩১ রান করে রাসেলের বলেই আউট হয়ে গেছেন রামদিন। ব্যাটের পর বল হাতেও দুর্দান্ত রাসেল, নিয়েছেন ৪ উইকেট। ত্রিনবাগো ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে করেছে ১৩৯। সর্বোচ্চ ৪২ রান করেছেন হাশিম আমলা।