ঝড়ের নাম ফিল্যান্ডার-মরকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিল্যান্ডার-ত্রাস! ছবি: এএফপি
ফিল্যান্ডার-ত্রাস! ছবি: এএফপি

ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বাসিন্দাদের নতুন করে ঝড় চেনানোর কিছুই নেই। ঝড়ের সঙ্গেই তো তাদের নিত্য বসবাস। কিন্তু কিছু কিছু ঝড় এসে সব তছনছ করে দেয়। আজ সেঞ্চুরিয়নে এমনই ঝড়ে এলোমেলো হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। যে ঝড় সফরকারীদের ওপর বইয়ে দিয়েছেন ভারনন ফিল্যান্ডার আর মরনে মরকেল। এই দুজনের জন্যই ফলোঅনে বাধ্য হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাতেও স্বস্তি নেই। দ্বিতীয় ইনিংসে ৫২ রান তুলতে হারিয়ে ফেলেছে দুই উইকেট। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থেকে এখনো ২৯৯ রান পেছনে তারা।
তৃতীয় দিনের শুরুতেই দিনে ৫ উইকেটে তোলা ৫৫২ রানে ইনিংস ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজের শুরুটা কিন্তু ভালোই হয়েছিল। দুই ওপেনার বিনা উইকেটে তুলে ফেলেছিলেন ৭২ রান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে আর একটাও ৫০ রানের জুটি হলো না। চা-বিরতির আগেই ৬ উইকেট হারিয়ে ঠিক হয়ে গিয়েছিল সফরকারীদের ফলোঅন ভাগ্য। আর এই ছয় উইকেটর চারটিই নেন ফিল্যান্ডার। চা-বিরতির পরের ৫ ওভারেই শেষ ক্যারিবীয়দের প্রথম ইনিংস। চোটের কারণে কেমার রোচ ব্যাট করেননি। মরকেল নিয়েছেন দুই উইকেট। নয় উইকেটের সাতটিই ফিল্যান্ডার-মরকেলের।
কখনো কখনো বড় ঝড়ের সঙ্গী হয়ে আসে আরেকটি ছোট ঝড়। আজ ফিল্যান্ডারের সঙ্গে সেই ‘পার্শ্ব-ঝড়’ হয়ে এসেছেন মরকেল। দ্বিতীয় ইনিংসেও ওয়েস্ট ইন্ডিজের উইকেট দুটি ভাগাভাগি করে নিয়েছেন দুজনে। সারা দিনে ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটসম্যান এখনো ৪০ রান পর্যন্তই পেঁৗছাতে পারেননি। সিরিজে উত্তরসূরিদের এমন শুরুতে সবচেয়ে লজ্জা হয়তো ভিভ রিচার্ডসই পাবেন। এই সিরিজের নামটা যে স্যার ভিভের নামে!