ঝামেলায় 'মাইক্রোফোন'
খেলবেন, আবার মাইক্রোফোনে সম্প্রচারক চ্যানেলের সঙ্গে কথাও বলবেন—দুটি কাজ কি একসঙ্গে করা উচিত? ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচে স্টিভেন স্মিথের আউটের পর এই প্রশ্নে ক্রিকেট-বিশ্বে তোলপাড়।
টি-টোয়েন্টি ম্যাচ সম্প্রচারে নতুনত্ব আনতে চ্যানেল নাইন এই কৌশল নিয়েছে এবার। ম্যাচ চলাকালে খেলোয়াড়ের সঙ্গে কথোপকথনের ব্যবস্থা করেছে চ্যানেলটি। গত পরশুর ম্যাচে ভারতের ১৮৮ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার স্মিথ যখন ব্যাট করছেন, সেই সময়েই চ্যানেল নাইনের পক্ষ থেকে তাঁকে ধরা হয় কথোপকথনের জন্য। ক্রিজে স্মিথের সঙ্গে তখন অ্যারন ফিঞ্চ। চ্যানেলের সঙ্গে কথা বলার পরেই রবীন্দ্র জাদেজার বলে মিড অফে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান স্মিথ। ক্যাচটা ধরে কোহলিও বিদ্রূপ করেন স্মিথকে খেলার মাঝে চ্যানেলের সঙ্গে কথা বলার জন্য। বলতে গেলে স্মিথ আউট হওয়ার পরই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার জয়ের আশা এবং শেষ পর্যন্ত তারা হারেও।
এর পরই এ নিয়ে ঝড় ওঠে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে। দলের হারের জন্য ওই কথোপকথনকেই দায়ী করা হয়েছে। মনে করা হচ্ছে, চ্যানেল নাইনের সঙ্গে কথোপকথনের পরই মনঃসংযোগে ব্যাঘাত ঘটে স্মিথের। টুইটারে অস্ট্রেলিয়ান ক্রিকেট-ভক্তরা কড়া সমালোচনা করেন স্মিথের। একজন তো লিখেছেনই, ‘এটা ক্রিকেট। টেলিভিশন সাক্ষাৎকারের জায়গা নয়।’ আরেকজন চ্যানেলের সমালোচনা করে বলেছেন, ‘দর্শকদের কাছে আনতে, তাদের আরও বেশি করে ম্যাচের সঙ্গে যুক্ত করতে গিয়ে খেলাটাকেই হাস্যকর বানিয়ে ফেলা হচ্ছে।’
তবে এই সময়ে স্মিথের পাশে দাঁড়িয়েছেন তাঁর সতীর্থ ডেভিড ওয়ার্নার। খেলা চলাকালে চ্যানেলের সঙ্গে কথোপকথনে খুব একটা সমস্যা দেখেন না তিনি, ‘আমি তো অনেক দিন ধরেই এটা করে আসছি। আমি কোনো বাড়তি চাপ অনুভব করিনি। বরং যারা বাড়িতে বসে খেলা দেখছে, তাদের আমি বোঝাতে পারি কোন পরিস্থিতিতে আমরা কী করতে চাচ্ছি। এটাও একধরনের বিনোদন।’ এএফপি।