ঝুঁকিটা জানতেন উইলিয়ামসনও
সাকিব আল হাসানের বলে ওই শট মারার ঝুঁকি বুঝেশুনেই নিয়েছিলেন কেন উইলিয়ামসন। তবু প্রায় ধরা পড়ে যাচ্ছিলেন সৌম্য সরকারের হাতে। বেশি সামনে চলে আসায় সৌম্য শেষ পর্যন্ত ক্যাচটা নিতে পারেননি। উইলিয়ামসনও দলকে নিয়ে যান জয়ের দিকে।
‘আমি শুধু চেষ্টা করেছি বলটা ওই দিক দিয়ে উঠিয়ে দিতে। হ্যাঁ, ওটা আউটও হতে পারত। আউট হয়ে যাওয়াটা কখনোই ভালো নয়। তবে এটাও মানতে হবে টি-টোয়েন্টি ক্রিকেটে রক্ষণাত্মক খেলার কোনো সুযোগ নেই।’—সংবাদ সম্মেলনে বলছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক।
বাংলাদেশের বোলিংয়ের যথেষ্ট প্রশংসা করেছেন উইলিয়ামসন, ‘আমাদের কম রানে আটকে রাখার কৃতিত্ব বাংলাদেশের বোলারদেরই। নিয়মিত উইকেট নেওয়ার সামর্থ্য আছে তাদের। তবে আমার ভালো লেগেছে, কলিন নিজেই ম্যাচটা বের করে নিল।’
আলাদা করে বলেছেন মোস্তাফিজুর রহমানের কথা। গত আইপিএলে মোস্তাফিজের বল খেলার সৌভাগ্য হয়েছিল উইলিয়ামসনের। সে অভিজ্ঞতা থেকেই বললেন, ‘মোস্তাফিজুর রহমানের মতো ভালো কিছু টি-টোয়েন্টি বোলার আছে তাদের। আইপিএলেও আমরা তার বল খেলেছি।’