ঝোড়ো ব্যাটিংয়ে জিতল পূর্বাঞ্চল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কেন ইনিংস ঘোষণা করলাম?’—মোশাররফ হোসেনের মাথায় নিশ্চিতই প্রশ্নটা ঘুরছে।
শেষ দিনের শেষ সেশনের খেলা চলছে। ওভার বাকি ৩১টি। দল এগিয়ে ২২৩ রানে। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ঝুঁকি নেবে না রান তাড়ায়—এই ভরসাতেই হয়তো ওয়ালটন মধ্যাঞ্চলের অধিনায়ক ৯ উইকেটে ৩৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করলেন।
কিন্তু দিন শেষে পুড়লেন আফসোসে। মহানাটকীয় ম্যাচে ২২৪ রানের লক্ষ্যটা যে মাত্র ১ বল হাতে রেখেই পেরিয়ে গেল পূর্বাঞ্চল। বাংলাদেশ ক্রিকেট লিগের চার দিনের ম্যাচের শেষ দুই ঘণ্টা টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করেই ৩ উইকেটে জিতে গেল অলক কাপালির দল। ১৬ বলে ২ ছক্কায় ২১ রান—অধিনায়কের ছোট্ট ঝড়ের ভালোই অবদান পূর্বাঞ্চলের জয়ে। যদিও ১২৭ রানের জুটিতে জয়ের ভিতটা গড়েছেন দুই ওপেনার সাদমান ইসলাম ও নাফিস ইকবাল।
১৮ ওভারেই ১২৭ রান তোলার পর নাফিসের আউটে ভাঙে পূর্বাঞ্চলের উদ্বোধনী জুটি। ৬১ বলে ২ চার ও ২ ছয়ে ৫৬ রান তামিম ইকবাল সহোদরের। প্রথম ইনিংসে ১ রানের জন্য ফিফটি না পাওয়া সাদমান এবার করেছেন ৬৭ বলে ৭৮ রান। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই ব্যাটসম্যানের ইনিংসে ছিল ৭টি চার। ১৫৮ রানে সাদমানের বিদায়ের পর দলকে ২০২ রানে নিয়ে যান অলক ও আসিফ আহমেদ।
নাটক এর পরই। মাত্র ৭ বলের মধ্যে ৪ উইকেট হারিয়ে ৩ উইকেটে ২০২ থেকে ৭ উইকেটে ২০৬ পূর্বাঞ্চল। ২ ওভারে ১৮ রান, হাতে ৩ উইকেট—অভিজ্ঞ রাজিন সালেহ ও ব্যাটিং অর্ডারে অবনমিত তাসামুল হক দলকে জিতিয়েই ফিরেছেন।
এর আগে ৫ উইকেটে ২১৫ রান নিয়ে দিন শুরু করা মধ্যাঞ্চলের ইনিংসে সর্বোচ্চ ৭৫ রান ৯ নম্বর ব্যাটসম্যান শরীফউল্লাহর।
৭ মে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ। ফতুল্লায় মধ্যাঞ্চল দক্ষিণাঞ্চলের এবং চট্টগ্রামে পূর্বাঞ্চল মুখোমুখি হবে উত্তরাঞ্চলের।
সংক্ষিপ্ত স্কোর
মধ্যাঞ্চল: ১৭৯ ও ৩৪৮/৯ ডি. (শরীফউল্লাহ ৭৫, রকিবুল ৬৫, শামসুর ৪১; হাসান ৪/৭৮, নাবিল ৩/৫৮)। পূর্বাঞ্চল: ৩০৪ ও ৩০.৫ ওভারে ২২৭/৭ (সাদমান ৭৮, নাফিস ৫৬; শরীফউল্লাহ ২/৪৪, ইলিয়াস ২/৬০, হায়দার ২/৬৫)।
ফল: পূর্বাঞ্চল ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সাদমান ইসলাম।