ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচে প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষত উইকেটের টার্ন-বাউন্স দমাতে পারেনি স্টিভ স্মিথকে, কাল তাঁর ব্যাট ছিল চাবুক l এএফপি
ক্ষত উইকেটের টার্ন-বাউন্স দমাতে পারেনি স্টিভ স্মিথকে, কাল তাঁর ব্যাট ছিল চাবুক l এএফপি

সাড়ে তিন দিন ধরে আপন গতিতে এগোতে থাকা ট্রেন হঠাৎ উপলব্ধি করল গন্তব্যে পৌঁছানোর তাড়া। হুট করেই ছুটতে শুরু করল ক্ষিপ্রগতিতে! দুই দলের প্রথম ইনিংস শেষ হতে হতেই প্রায় চতুর্থ দিনের চা–বিরতি। ভারতীয় ইনিংস শেষে ড্রকেই মনে হচ্ছিল সবচেয়ে সম্ভাব্য ফল। কিন্তু অস্ট্রেলিয়ানদের নাড়া দিল জয়ের রোমাঞ্চ। দ্বিতীয় ইনিংসে নেমেই ধুন্ধুমার ব্যাটিং। তাতেই ম্যাচে ফিরল প্রাণ।
ক্রিস রজার্স যখন বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে থাকেন, কিংবা নিজের একসময়ের টি-টোয়েন্টি বিশেষজ্ঞ পরিচয়টা মনে করিয়ে দিতে চান জো বার্নস, তাতেই স্পষ্ট হয় অস্ট্রেলিয়ার জয়ের তাগিদ কতটা। আরেকজন তো আছেনই, অস্ট্রেলিয়ার যাঁর নাম হয়ে গেছেন এখন রান-স্মিথ। যথারীতি কালও সময়ের দাবি মেটানো দুর্দান্ত ইনিংস। ৪০ ওভারে অস্ট্রেলিয়া রান তুলল ওভারপ্রতি প্রায় সাড়ে ছয় করে। প্রথম ইনিংসের লিড মিলিয়ে এগিয়ে ৩৪৮ রানে।
সিডনিতে তিন শ তাড়া করেও জয়ের রেকর্ড নেই। আবহাওয়ার পূর্বাভাসে পঞ্চম দিনে আছে বৃষ্টির চোখরাঙানি। আজ সকালে তাই অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে নামার সম্ভাবনা কমই। ক্ষত উইকেটেই কালই দারুণ টার্ন-বাউন্স পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। পঞ্চম দিনে বোলিং করতে নিশ্চয়ই হাত নিশপিশ করছে নাথান লায়নের! রায়ান হ্যারিসের জন্য তো উইকেটের সহায়তা লাগে না। নতুন ভারত সব সময় জয়ের পেছনেই ছুটবে বলে কথা দিয়েছেন বিরাট কোহলি। বাস্তবতা বলছে, ভারতের ম্যাচ বাঁচানোই হবে চ্যালেঞ্জ।

ভারত–অস্ট্রেলিয়া সিরিজে সবচেয়ে বেশি রান
ভারত–অস্ট্রেলিয়া সিরিজে সবচেয়ে বেশি রান


বার্নস-স্মিথদের ঝড় শুরু হওয়ার আগে দিনের নায়ক ছিলেন অশ্বিন। প্রিয় ফ্লিক শটে সকালেই রায়ান হ্যারিসকে উইকেট দিয়েছেন কোহলি। ভারত তখনো পিছিয়ে ২২০ রানে। লোয়ার-অর্ডারদের নিয়ে সেটাকেই সহনীয় পর্যায়ে নামিয়ে এনেছেন অশ্বিন। কোহলির পর ঋদ্ধিমানও সাহাও টেকেননি বেশিক্ষণ। অষ্টম উইকেটে ভুবনেশ্বরে কুমারকে নিয়ে অশ্বিন গড়েন ৬৫ রানের জুটি। ফিফটির পর দুর্দান্ত এক আউটসুইঙ্গারে অশ্বিনকে ফিরিয়েছেন স্টার্ক। মোহাম্মদ শামির দুই চার, এক ছক্কায় ব্যবধান কমে এক শর নিচে।
৯৭ রানের লিড এক শ পেরোতেই অস্ট্রেলিয়া হারায় ডেভিড ওয়ার্নারকে। নতুন বলে দুর্দান্ত বোলিং করেছেন অশ্বিন, পরে ফেরান ওয়াটসনকেও। তবু দমে যায়নি অস্ট্রেলিয়ানরা। স্মিথ-রজার্সের জুটিতেই পরিষ্কার হয় ইচ্ছেটা, তৃতীয় উইকেটে দুজন ৮০ রান তোলে ১৫ ওভারে। টানা ষষ্ঠ ইনিংসে ফিফটি করে রজার্স টানা ৭ ফিফটির রেকর্ড ছোঁয়ার অপেক্ষায়। আউট হয়েছেন ভুবনেশ্বরকে ছক্কা মারতে গিয়ে। টার্নিং উইকেটেও চোখধাঁধানো সব শট খেলেছেন স্মিথ। রান বাড়ানোর তাড়ায় উইকেট না হারালে হয়তো আরেকটি সেঞ্চুরিও হয়ে যেত। ক্লাইড ওয়ালকটের এক সিরিজে ৫ সেঞ্চুরির রেকর্ড ছোঁয়া হয়নি, তবে ডন ব্র্যাডম্যানকে ছাড়িয়ে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছেন ঠিকই।
স্মিথ ফেরার পরও স্বস্তি ফেরেনি ভারতীয় বোলারদের। বার্নস ও হাডিন ৮৬ রানের জুটি গড়েছেন ৫২ বলে! মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা বার্নসও নিজের জন্য না খেলে মিটিয়েছেন সময়ের দাবি। ৩৩ বলে ছুঁয়েছেন ফিফটি! স্লগ সুইপে অশ্বিনকে চতুর্থ উইকেট উপহার দিয়ে ফিরেছেন বার্নস। দেশের বাইরে এই প্রথম অশ্বিন পেলেন ৪ উইকেট। উমেশ যাদবের বোলিং বিশ্লেষণ টি-টোয়েন্টির জন্যও দুঃস্বপ্ন, ৩ ওভারে ৪৫!
আজ বোলারদের হিসাব চুকাতে হবে ভারতীয় ব্যাটসম্যানদের। স্মিথদের প্রার্থনা, সিডনির আকাশ যেন না কাঁদে! স্টার স্পোর্টস, ক্রিকইনফো।