ঝোড়ো ব্যাটিংয়ে লঙ্কার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্য ১৫৩। পাকিস্তানের বোলিং নয়, শ্রীলঙ্কাকে চোখ রাঙাচ্ছিল বৃষ্টি। যেকোনো সময় বৃষ্টি এসে পণ্ড করে দিতে পারত সব। ম্যাচের ভাগ্য নিয়ে শঙ্কিত শ্রীলঙ্কানরা উইকেটে ঝড় তুললেন, এক সেশনে মাত্র ২৬.৩ ওভারেই তুলে নিলেন ৭ উইকেটের জয়। এই জয়ে পি সারায় হারের বৃত্ত থেকে বেরোল শ্রীলঙ্কা, তিন ম্যাচ সিরিজে সমতাও এল (১-১)। সিরিজ নির্ধারণী ম্যাচটা শুরু হবে ৩ জুলাই, পাল্লেকেলেতে।
চতুর্থ দিনের শেষ সেশনটা ভাসিয়ে নিয়ে গিয়েছিল বৃষ্টি। ব্যাটিংয়ে নামতেই পারেনি শ্রীলঙ্কা। পঞ্চম দিনের খেলাও শুরু হতে দেরি হলো আধঘণ্টা। তাই আবহাওয়ার চিন্তাটা মাথায় নিয়েই অ্যাঞ্জেলো ম্যাথুস অবাধ স্বাধীনতা দিলেন ব্যাটসম্যানদের। বদলালেন ব্যাটিং অর্ডারও। কৌশল সিলভার জায়গায় দিমুথ করুনারত্নের সঙ্গে ইনিংস সূচনা করলেন কিতুরুয়ান ভিতানাগে। দুই ব্যাটসম্যানই মুখোমুখি হওয়া প্রথম বলে বাউন্ডারি মেরে যে বার্তা দিলেন, সেটির রেশ রইল ইনিংসজুড়েই। শ্রীলঙ্কার ইনিংসে কালো দাগ একটিই, পরপর দুই বলে ভিতানাগে ও কুমার সাঙ্গাকারার আউট হয়ে যাওয়া। পাকিস্তানের বিপক্ষে সাঙ্গাকারা টেস্ট ক্যারিয়ার শেষ করলেন ‘গোল্ডেন ডাক’ দিয়ে।
ঝোড়ো ব্যাটিংয়ের কারণটা কী, এটা বোঝাই গিয়েছিল, শ্রীলঙ্কার অধিনায়ক ম্যাথুস সেটিই বললেন ম্যাচ শেষে, ‘আমরা ইতিবাচক ব্যাটিং করতে চাইছিলাম কারণ কখন বৃষ্টি নামে তার তো কোনো ঠিক নেই। তাই কিতুরুয়ানকে নামিয়ে দিলাম এবং বললাম বোলারদের ওপর চড়াও হতে।’
প্রথম টেস্টে ১০ উইকেটে হার, বোলারদের বাজে পারফরম্যান্স। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় টেস্ট জেতায় লঙ্কান দলপতি প্রশংসাই করলেন সতীর্থদের, ‘ওই হারের পর ছেলেরা দেখাল মানসিকভাবে তারা কতটা শক্ত।’
পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক দুষলেন প্রথম ইনিংসের বাজে ব্যাটিংকে, ‘প্রথম দিনের লাঞ্চের পরের সেশনটাই আমাদের বড় ক্ষতি করেছে। ওই সময়টায় বড় সব ব্যাটসম্যানকে হারিয়ে ফেললাম। ম্যাচের মোড় ঘুরে গেছে ওই সময়টাতেই।’ ৪৯ রানে শেষ ৭ উইকেট হারিয়ে পাকিস্তান প্রথম ইনিংসে অলআউট হয় মাত্র ১৩৮ রানে।
তবে ম্যাচে ৮ উইকেট নেওয়া লেগ স্পিনার ইয়াসির শাহকে প্রশংসায় ভাসিয়েছেন মিসবাহ, ‘বোলিং ভালোই হয়েছে। বিশেষ করে বলতে হয় প্রথম ৯ ম্যাচে ৫৪ উইকেট নেওয়া ইয়াসিরের কথা। সে ম্যাচজয়ী বোলার, তবে ওয়াহাবের (রিয়াজ) চোটটা ছিল বড় আঘাত।’ এএফপি, রয়টার্স।