ঝড় তুললেন স্টার্ক, দেখলেন ডি ভিলিয়ার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্দান্ত এক স্পেলে দক্ষিণ আফ্রিকাকে শেষ করে দিলেন স্টার্ক। ছবি: এএফপি
দুর্দান্ত এক স্পেলে দক্ষিণ আফ্রিকাকে শেষ করে দিলেন স্টার্ক। ছবি: এএফপি
• ডারবান টেস্টে অস্ট্রেলিয়ার ৩৫১ এর জবাবে ১৬২ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা।
• ১৮৯ রানের লিড অস্ট্রেলিয়ার।
• ৩৪ রানে ৫ উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক।
• ৭১ রানে অপরাজিত ছিলেন এবি ডি ভিলিয়ার্স।

ক্রিকেট মাঠে ব্যাট হাতে এবি ডি ভিলিয়ার্স মানেই ঝড়। ডারবানেও আজ ঝড় উঠল, কিন্তু সে ঝড়ে দর্শক হয়ে থাকলেন এবি। কারণ দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দিতে গতির ঝড় তুলেছিলেন মিচেল স্টার্ক। দুর্দান্ত এক স্পেলে প্রোটিয়া ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে দিয়েছেন স্টার্ক। অস্ট্রেলীয় ফাস্ট বোলারের সামনে মাত্র ১৬২ রানে থেমেছে স্বাগতিক দল। 

দিনের শুরুটা হয়েছে আরেক মিচেলের দুঃখ দিয়ে। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি পাননি মিচেল মার্শ। তবে তাঁর ৯৬ রানের ইনিংসটাই অস্ট্রেলিয়ার স্কোরকে ৩৫১ রানে পৌঁছে দিয়েছে। এর পর ব্যাটিংয়ে নেমেই নাথান লায়নের সামনে পড়তে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। লায়ন ও প্যাট কামিন্স মিলে ৫৫ রানে ৩ উইকেট ফেলে দিয়েছিল স্বাগতিক দলের।
ডি ভিলিয়ার্স ও ফাফ ডু প্লেসি মিলে বিপদ সামলে নিয়েছিলেন ভালোভাবে। তখন আবির্ভাব হলেন স্টার্ক। রাউন্ড দ্য উইকেটে বল করতে এসে ফেরালেন ডু প্লেসিকে (১৫)। ৯২ রানে চতুর্থ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। একটু পরেই থিওনিস ডি ব্রুইনকেও ফিরিয়ে দিলেন স্টার্ক।
কুইন্টন ডি কককে নিয়ে তবু এগোচ্ছিলেন ডি ভিলিয়ার্স। দুজনে মিলে দেড় শ ছোঁয়ার পরই আবার লায়নের আঘাত। কক বোল্ড হওয়ার পর বাকি কাজটা সেরে নিয়েছেন স্টার্ক। বাঁহাতি ফাস্ট বোলারের তোপের মুখে ৪ রানে শেষ ৪ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। অপর প্রান্তে অসহায়ভাবে সতীর্থদের আসা যাওয়া দেখতে থাকা ডি ভিলিয়ার্স ৭১ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।