টঙ্গীর মাঠে এক ব্রাজিলিয়ানের হ্যাটট্রিক

রহমতগঞ্জের বিপক্ষে বড় জয় আবাহনীরছবি: বাফুফে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গীতে প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধার বিপক্ষে কোনোমতে ১–০ গোলে জিতেছিল আবাহনী। একই মাঠে আজ দ্বিতীয় ম্যাচের প্রথম ৩০ মিনিট পর্যন্ত আবাহনী অন্তত দুই গোলে পিছিয়ে থাকতে পারত। তবে ঘটেছে উল্টোটাই। প্রথমার্ধের শেষ দিকে মাত্র ৬ মিনিটের দলিয়েলতন–ঝড়ে আকাশি–নীলেরা ম্যাচ জিতেছে ৩–০ গোলে।

তিনটি গোলই করে ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন গোমেজই হয়েছেন ম্যাচের নায়ক। চলতি প্রিমিয়ার ফুটবল লিগে এটিই প্রথম হ্যাটট্রিক। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ল টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে। সবার আবদার হাসিমুখেই মেটালেন তিনি।

এ নিয়ে লিগের তিন ম্যাচেই আবাহনীর ত্রাণকর্তা হয়েছেন দরিয়েলতন। প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধার বিপক্ষে জয়সূচক গোলটি ছিল তাঁর। গত ম্যাচে মুন্সিগঞ্জে বাংলাদেশ পুলিশের সঙ্গে হারতে বসা আবাহনীকেও উদ্ধার করেন তিনিই। দরিয়েলতেনের গোলেই ১–১ ড্র নিয়ে ফেরে আবাহনী। আর আজ তো রীতিমতো গোল উৎসব করে দলকে জয়ের পথে ফেরান এবারই প্রথম বাংলাদেশে খেলতে আসা এই স্ট্রাইকার।

হ্যাটট্রিক করলেন ব্রাজিলীয় দরিয়েলতন
ছবি: বাফুফে

দরিয়েলতন ম্যাচের ৪০ মিনিটে প্রথম গোল করেন কর্নার থেকে হেডে, ৪৩ মিনিটে দ্বিতীয় গোল প্লেসিংয়ে। অতিরিক্ত ৪ মিনিটের প্রথম মিনিটে করেন হ্যাটট্রিক গোল। চলতি প্রিমিয়ার লিগে ৩ ম্যাচে ৫ গোল নিয়ে এই ব্রাজিলিয়ানই আছেন গোলসংখ্যায় সবার ওপরে।

দরিয়েলতন প্রথম গোল করার আগেই অন্তত দুটি গোল পেতে পারত রহমতগঞ্জ। নিজের সাবেক দলের বিপক্ষে নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে সিজোবা গোল পেতে পেতেও পাননি। আবাহনীর তিন খেলোয়াড়কে কাটিয়ে গোল পোস্টে যে শট নিয়েছেন, সেটি ফিরিয়ে দেন আবাহনীর গোলকিপার শহিদুল আলম। দ্বিতীয়ার্ধে ৩–০ স্কোরলাইনকে ৩–১ করার সুযোগ পেয়েও পারেননি সানেডে। তাঁর দুর্বল পেনাল্টি শটটি বাঁ দিকে ঝাঁপিয়ে আটকে দেন গোলকিপার শহিদুল।

প্রথমার্ধে রাব্বির শট ফিরে আসে আবাহনীর ক্রসবারে লেগে। ঘানার স্ট্রাইকার ফিলিপ আজহা আবাহনী গোলকিপারকে দুবার একা পেয়েও বল পোস্টে রাখতে পারেননি। দুবারই বল মেরেছেন বাইরে। এ নিয়েই ম্যাচ শেষে যত আক্ষেপ রহমতগঞ্জের কোচ গোলাম জিলানীর, ‘এ রকম সহজ সুযোগ নষ্ট করে কখনো পয়েন্ট পাওয়া যায় না। মাত্র ৬-৭ মিনিটের ঝড়েই আমরা হেরে গেলাম!’

আবাহনী জিতলেও শুরু থেকে তারা একটু এলোমেলোই ছিল। স্টপারব্যাক বাদশা চোট নিয়ে মাঠ ছাড়লে নামানো হয় রেজাউলকে। ৩৫ মিনিটের পর আবাহনী একটু নড়েচড়ে বসে। দানিয়েল কলিনদ্রেস চেষ্টা করছিলেন শুরু থেকে। কিন্তু সমর্থন পাচ্ছিলেন না সেভাবে।

দ্বিতীয়ার্ধে আবাহনী চেষ্টা করেছে আরও গোল পেতে। কিন্তু গোল আর আসেনি। তাতে কী, ম্যাচ শেষে খুশি আবাহনী। জয়ের নায়ক দরিয়েলতন বলছিলেন, ‌‘প্রতি ম্যাচেই মাঠে নামি গোল পেতে। বাংলাদেশে নিয়মিত গোল পাচ্ছি। আজ হ্যাটট্রিক করতে পেরে আত্মবিশ্বাস আরও বেড়েছে। সামনের ম্যাচগুলোয় ধারাবাহিকতা ধরে রাখাই আমার লক্ষ্য থাকবে।’