প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৪৮ সালে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিল দিল্লির ফিরোজ শাহ কোটলার। ওই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জন গডার্ড। সেই শুরু, কোটলায় হওয়া পরের ৩১ টেস্টেও যারাই টস জিতেছে তারাই বেছে নিয়েছে ব্যাটিং। টেস্টে কোনো নির্দিষ্ট ভেন্যুতে টস জিতে সব ম্যাচেই প্রথমে ব্যাট করার রেকর্ড দিল্লির দখলেই। তালিকার দুইয়ে ভারতেরই আরেকটি ভেন্যু ব্রাবোর্ন স্টেডিয়াম। মুম্বাইয়ে স্টেডিয়ামটিতে ১৯৪৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত হওয়া ১৮ ম্যাচেই টস জেতা দল শুরুতে ব্যাট করেছে। দশের বেশি টেস্ট হয়েছে এমন ভেন্যুতে এ রকম উদাহরণ আর নেই। একটি মাত্র ম্যাচে টস জেতা দল প্রথমে ব্যাটিং নেয়নি এমন ভেন্যু তিনটি—চেন্নাইয়ে চিদাম্বরম (৩১ ম্যাচ), কানপুরের গ্রিন পার্ক (২১) ও আহমেদাবাদের সরদার প্যাটেল স্টেডিয়াম (১২)।