সম্প্রচার শেষ ২৫ ফেব্রুয়ারি ২০২২

৮৮ রানে জয় বাংলাদেশের

০৪: ৩২ , ফেব্রুয়ারি ২৫

স্বাগতম!

প্রথম ওয়ানডেতে ৪ উইকেটের অবিশ্বাস্য জয়ের পর আজ দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজই কি সিরিজ জয় নিশ্চিত করতে পারবে তামিম ইকবালের দল?

আফগানিস্তানের জন্য ম্যাচটা সিরিজে ফেরার লড়াই। প্রথম ম্যাচে ২১৫ রান তুলে ৭.৪ ওভারের মধ্যে বাংলাদেশের ৫ (২৮ রান) উইকেট তুলে নেওয়ার পরও জিততে পারেনি আফগানিস্তান। আফিফ হোসেন–মেহেদী হাসান মিরাজের অবিশ্বাস্য ১৭৪ রানের জুটিতে ম্যাচটা জিতে নেয় বাংলাদেশ।

আরও পড়ুন
০৪: ৩৪ , ফেব্রুয়ারি ২৫

টস জিতল বাংলাদেশ

এই মাত্র টস হয়ে গেল। টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ জানালেন, তিনি টস জিতলে আগে বল করতেন।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর আফগানিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলাচ্ছেন তামিম
ছবি: শামসুল হক
০৪: ৪০ , ফেব্রুয়ারি ২৫

প্রথম ম্যাচের দল নিয়েই নামছে বাংলাদেশ

তামিম ইকবালের দলে কোনো পরিবর্তন নেই। প্রথম ম্যাচের দলই মাঠে নামাচ্ছে বাংলাদেশ। উইনিং কম্বিনেশন ধরে রাখার ভাবনা থেকেই এ সিদ্ধান্ত।

বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

০৪: ৪৩ , ফেব্রুয়ারি ২৫

আফগানিস্তান দলে পরিবর্তন

তিন পরিবর্তন নিয়ে নামছে আফগানিস্তান। ইব্রাহিম জাদরান, ইয়ামিন আহমদজাই ও গুলবদিন নইবের জায়গায় দলে সুযোগ পেয়েছেন রিয়াজ হাসান, ফরিদ আহমেদ ও আজমতউল্লাহ ওমরজাই।

আফগানিস্তান দল: রহমানউল্লাহ গুরবাজ, রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রেহমান, ফরিদ আহমেদ ও ফজলহক ফারুকি।

০৪: ৪৪ , ফেব্রুয়ারি ২৫

উইকেট ব্যাটিংবান্ধব

বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটকে ব্যাটিংবান্ধব বলেছেন। যদিও বল মাঝে–মধ্যে একটু নিচু হয়ে আসে।

টপ অর্ডারকে চাপমুক্ত ব্যাটিংয়ের সুযোগ করে দিতেই সম্ভবত আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আগের ম্যাচে ভালো করতে পারেনি বাংলাদেশের টপ অর্ডার।

মাঠে নামার আগে বাংলাদেশ দল
ছবি: প্রথম আলো
০৫: ০৫ , ফেব্রুয়ারি ২৫

তামিমের দেখেশুনে শুরু

প্রথম ম্যাচে বাংলাদেশের টপ অর্ডার গুঁড়িয়ে দেওয়া পেসার ফজলহক ফারুকির করা প্রথম ওভারটা দেখেশুনে খেললেন ওপেনার তামিম ইকবাল। আউটসুইংয়ে তামিমের কাছ থেকে বল বের করার চেষ্টা করছেন ফারুকি। স্লিপে দুজন ফিল্ডার দাঁড়িয়ে। লক্ষ্য পরিষ্কার। প্রথম ওভারে লিটন স্ট্রাইক পাননি।

প্রথম ওভার শেষে বাংলাদেশ বিনা উইকেটে ২ রান তুলেছে।

জমাট শুরু তামিমের
ছবি: শামসুল হক
০৫: ১১ , ফেব্রুয়ারি ২৫

১ বলে ৫ রান দিয়ে শুরু ফরিদের

নতুন বলে মুজিব উর রেহমানকে আক্রমণে আনেনি আফগানিস্তান। অন্য প্রান্ত থেকেও পেসার ফরিদ আহমেদকে আক্রমণে এনেছেন অধিনায়ক হাশমতউল্লাহ। প্রথম বলটাই ওয়াইড, ফাইন লেগ দিয়ে চার। স্লিপে ফিল্ডার মাত্র একজন। বাঁহাতি পেসার ফরিদের বলে মুভমেন্ট দেখা যাচ্ছে না।

চতুর্থ বলে তামিমের দুর্দান্ত অন ড্রাইভ! ছবির মতো সুন্দর শট! খানিকটা ফুল পিচ ডেলিভারিকে মিডউইকেট দিয়ে চার মারেন তামিম। ওভারের শেষ বলটিও লেগ স্টাম্পের ওপরে করায় আলতো স্পর্শে ফাইন লেগ দিয়ে আরও একটি চার মারলেন বাঁহাতি ওপেনার।

১৩ রান দিয়ে বাজে শুরু ফরিদের। বাংলাদেশ ২ ওভার শেষে বিনা উইকেটে ১৫। তামিম ১২ বলে ৮ রানে অপরাজিত।

০৫: ১৮ , ফেব্রুয়ারি ২৫

বেঁচে গেলেন লিটন

না, সরাসরি আউটের কোনো সুযোগ দেননি। তবে বল ব্যাটে লাগলে বিপদ হতে পারত! তৃতীয় ওভারে প্রথমবারের মতো স্ট্রাইক পেয়ে ফারুকির প্রথম বলেই খোঁচা মারতে গিয়ে বেঁচে যান লিটন। স্লিপ ফিল্ডারদের ভেতর দিয়ে বল চলে যায় বাউন্ডারিতে। ভালো সুইং পাচ্ছেন ফারুকি। হাফ ভলি পেতে এবং সুইং সামলাতে ক্রিজ থেকে বের হয়ে ব্যাট করছেন লিটন।

তবে ব্যাটে সেভাবে খেলতে পারছেন না। চতুর্থ বলে এলবিডব্লুর আবেদন করে রিভিউ নিয়েও লিটনকে আউট করতে পারেনি আফগানিস্তান। বল লেগ স্টাম্পের বাইরে পিচ করেছে।

বাংলাদেশ ৩ ওভার শেষে বিনা উইকেটে ২০। লিটন ৪ বল খেলে রানের খাতা খুলতে পারেননি। তামিম ১৩ বলে ৮ রানে অপরাজিত।

০৫: ২১ , ফেব্রুয়ারি ২৫

মি: এক্সট্রা থেকেই ১২!

মাত্র ৩ ওভারের খেলা হয়েছে। এরই মধ্যে ১২ রান এক্সট্রা দিয়েছেন আফগানিস্তানের বোলাররা।

০৫: ২৭ , ফেব্রুয়ারি ২৫

রেশমি ছোঁয়া!

লিটনের টাইমিং চোখে লেগে থাকে! ফরিদের করা চতুর্থ ওভারের তৃতীয় বলে শুধু ব্যাটটা ছোঁয়ালেন লিটন। বল পয়েন্ট দিয়ে সীমানায়। ৪ রান। কাট করে বাউন্ডারিতে রানের খাতা খুললেন লিটন। শেষ বলে অন ড্রাইভ থেকে এল আরও ২ রান।

বাংলাদেশ ৪ ওভার শেষে বিনা উইকেটে ২৬।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দর্শকদের একাংশ
ছবি: শামসুল হক
০৫: ৩৪ , ফেব্রুয়ারি ২৫

ভালো শুরু পেল বাংলাদেশ

প্রথম ম্যাচে ৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৮। কিন্তু আজ ৫ ওভার পর্যন্ত এমন কোনো বিপদ ডেকে আনেননি দুই ওপেনার তামিম–লিটন। ৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৩১।

তামিম ৯ রানে অপরাজিত। লিটন ১০ রানে ব্যাট করছেন।

০৫: ৩৮ , ফেব্রুয়ারি ২৫

আক্রমণে মুজিব

ষষ্ঠ ওভার থেকে স্পিনার মুজিব উর রেহমানকে আক্রমণে এনেছে আফগানিস্তান। দেখেশুনে খেলে তাঁর প্রথম ওভার থেকে ৫ রান তুললেন লিটন–তামিম। শেষ বলে ‘ডেথ টাচ’–এ থার্ড ম্যান দিয়ে বাউন্ডারি আদায় করেন লিটন। ৬ ওভার শেষে বাংলাদেশ বিনা উইকেটে ৩৬।

০৫: ৪৪ , ফেব্রুয়ারি ২৫

আউট!

ফজলহক ফারুকিকে এক প্রান্ত থেকে টানা বল করিয়ে যাওয়ার সুফল পেলেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ। সপ্তম ওভারে তাঁর দ্বিতীয় বলে এলবিডব্লু হয়ে ফিরলেন তামিম। ২ চারে ২৪ বলে ১২ রান করেন এই ওপেনার। রিভিউ নিয়েও রক্ষা পাননি তিনি। ওপেনিং জুটিতে উঠেছে ৩৮ রান।

তামিম সোজা ব্যাটে খেলতে পারেননি। বল ভেতরে ঢোকায় পরাস্ত হন।

তিনে ব্যাট করতে নেমেছেন সাকিব আল হাসান। প্রথম বলেই ব্যাটের আলতো ছোঁয়ায় ফাইন লেগ দিয়ে বাউন্ডারি মারলেন সাকিব। পরের বলে আউটসুইংয়ে পরাস্ত।

বাংলাদেশ ৭ ওভার শেষে ১ উইকেটে ৪৩।

তামিমকে তুলে নেন ফারুকি
ছবি: শামসুল হক
০৫: ৫৩ , ফেব্রুয়ারি ২৫

তামিমের এক ‘কুড়ি’

ওয়ানডেতে বাংলাদেশের যেকোনো ব্যাটসম্যানের চেয়ে বেশিসংখ্যকবার এলবিডব্লুর ফাঁদে পড়েছেন তামিম। আজকে দিয়ে মোট ২০বার এভাবে আউট হলেন বাঁহাতি ওপেনার। ১৭বার এলবিডব্লু হয়ে দুইয়ে মুশফিক। ১৬বার এভাবে আউট হয়েছেন মোহাম্মদ আশরাফুল।

বাঁহাতি পেসারকে খেলার সময় তামিম অবচেতনভাবেই বাঁ পা–টা আড়াআড়ি নিয়ে খেলেন। বেশির ভাগ ক্ষেত্রেই ডান পাশের চোখ দিয়ে বলটা দেখতে হয়, যা অসুবিধার। বলের পেছন থেকে না খেলে পাশ থেকে খেলতে হয়। এ কারণে বল একটু মুভমেন্ট করলেই ব্যাট ফাঁকি দেওয়ার ঝুঁকি থাকে। এটাই কি তাঁর এলবিডব্লু হওয়ার মূল কারণ?

বাংলাদেশ ১০ ওভার শেষে ১ উইকেটে ৫৪।

০৬: ০৫ , ফেব্রুয়ারি ২৫

সাকিবকে লোভ দেখাচ্ছেন মুজিব

স্কয়ার কাট খেলতে পছন্দ করেন সাকিব। আগের ম্যাচে মুজিব উর রেহমানকে কাট করতে গিয়ে বল স্টাম্পে টেনে এনে আউট হন। মুজিব সে কারণেই সাকিবকে অফ স্টাম্পের বাইরে বল করে শটটি খেলানোর চেষ্টা করছেন। পয়েন্টও ফিল্ডার আছে। সাকিব তাঁকে স্বস্তিতে খেলতে পারছেন না।

বাংলাদেশ ১২ ওভার শেষে ১ উইকেটে ৬৪।

০৬: ১২ , ফেব্রুয়ারি ২৫

নতুন বোলার আজমতউল্লাহ

১৩তম ওভারে নতুন পেসার আজমতউল্লাহ ওমরজাইকে আক্রমণে নিয়ে এসেছে আফগানিস্তান। প্রথম বল ওয়াইড দেওয়ার পর দ্বিতীয় বলটিও লেগ স্টাম্পে থাকায় লেগ বাই বাউন্ডারি পেয়েছে বাংলাদেশ। পরের বলে ব্যাটের কানায় লেগে উঠে গেলেও বেঁচে যান সাকিব। চতুর্থ বলে বাউন্ডারি মারেন দারুণ কাভার ড্রাইভে। ১০ রান দিয়ে শুরুটা ভালো হলো না আজমতউল্লাহর। পানি পানের বিরতি।

বাংলাদেশ ১৩ ওভার শেষে ১ উইকেটে ৭৪। ২৮ বলে ২৪ রানে অপরাজিত লিটন। ২৬ বলে ১৬ রানে অন্য প্রান্ত ধরে রেখেছেন সাকিব। ৪০ বলে অবিচ্ছিন্ন ৩৬ রানের জুটি গড়েছেন দুজন।

পানি পানের বিরতি
ছবি: শামসুল হক
০৬: ১৭ , ফেব্রুয়ারি ২৫

৩০ বল পর বাউন্ডারি

৭.৫ ওভারে মুজিবকে ‘ডেথ টাচ’–এ বাউন্ডারি মারেন লিটন। ব্যাটে পরের বাউন্ডারিটি পেতে মাঝে ৩০ বল খেলেছেন লিটন–সাকিব। ১২.৪ ওভারে এসে আজমতউল্লাহকে কাভার ড্রাইভে চার মারেন সাকিব। তামিম আউট হওয়ার পর চাপটা কাটিয়ে উঠতে সময় নিচ্ছেন দুই ব্যাটসম্যান।

বাংলাদেশ ১৪ ওভার শেষে ১ উইকেটে ৭৭।

আজমতউল্লাহকে চার মারেন সাকিব
ছবি: শামসুল হক
০৬: ২২ , ফেব্রুয়ারি ২৫

রশিদ খান কোথায়?

প্রথম ম্যাচে বাংলাদেশের ইনিংসে ১২তম ওভারে রশিদ খানকে বোলিংয়ে এনেছে আফগানিস্তান। ততক্ষণে ৫ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। আজ ১৫ ওভার পেরিয়ে গেলেও রশিদ খানের দেখা নেই!

বাংলাদেশের ইনিংসের আরও গভীরে সম্ভবত প্রিমিয়াম এই লেগ স্পিনারকে ব্যবহার করতে চায় আফগানিস্তান।

১৫ ওভার শেষে বাংলাদেশ ১ উইকেটে ৮১।

০৬: ২৫ , ফেব্রুয়ারি ২৫

বলতে বলতেই রশিদ হাজির এবং সাকিব আউট!

৫২ বলে ৪৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ব্যাট করছিলেন সাকিব–লিটন। এই জুটি ভাঙতেই ১৬তম ওভারে আক্রমণে আফগান লেগ স্পিনার রশিদ খান। দ্বিতীয় বলেই সাকিবকে এলবিডব্লুর ফাঁদে ফেললেন তিনি। ৩৬ বলে ২০ রান করে ফিরলেন সাকিব। নিশ্চিত আউট বুঝতে পেরে রিভিউ নেননি বাংলাদেশ তারকা। এর মধ্য দিয়ে সাকিব–লিটনের ৫৪ বলে ৪৫ রানের জুটিটা ভাঙল।

চারে ব্যাট করতে নামলেন মুশফিকুর রহিম।

বাংলাদেশ ১৮ ওভার শেষে ২ উইকেটে ৯১। ৪১ বলে ২৯ রানে অপরাজিত লিটন।

সাকিবকে তুলে নেন রশিদ
ছবি: শামসুল হক
০৬: ৪৭ , ফেব্রুয়ারি ২৫

লক্ষ্মণের মতো লিটন!

শেন ওয়ার্নকে এক সময় এমন রেশমি অন ড্রাইভে চার মারতেন ভিভিএস লক্ষ্মণ। লেগ স্পিনারের বিপক্ষে ‘অ্যাগেইনেস্ট দ্য স্পিন’ খেলা এমনিতেই কঠিন। লিটন সে কাজটিই করলেন দারুণ মুনশীয়ানায়। ২০তম ওভারের চতুর্থ বলে মিড উইকেট দিয়ে কবজির মোচড়ে দর্শনীয় বাউন্ডারিতে বাংলাদেশের সংগ্রহ ১০০ পার করলেন লিটন।

তার আগে রশিদের ওভার থেকে আরেকটি বাউন্ডারি আদায় করেন মুশফিক। নিজের তৃতীয় ওভারে ১০ রান দিলেন রশিদ।

বাংলাদেশ ২০ ওভার শেষে ২ উইকেটে ১০২।

উইকেটে থিতু হয়ে খেলছেন লিটন
ছবি: শামসুল হক
০৬: ৫৬ , ফেব্রুয়ারি ২৫

স্কুপ

মুশফিক স্কুপ করতে পছন্দ করেন। ২৩তম ওভারে মোহাম্মদ নবীর চতুর্থ বলে স্কুপ করে বাউন্ডারি মারেন মুশফিক। এই ম্যাচে তাঁর প্রথম স্কুপ, অবশ্যই শেষ নয়! যদিও শটটা ঝুঁকিপূর্ণ।

বাংলাদেশ ২৩ ওভার শেষে ২ উইকেটে ১১৪।

স্কুপে চার আদায় করেন মুশফিক
ছবি: প্রথম আলো
০৭: ০২ , ফেব্রুয়ারি ২৫

স্পিনের প্যাঁচ ছাড়াচ্ছেন মুশফিক–লিটন

আফগানিস্তানের তিন স্পিনার রশিদ খান, মুজিব উর রেহমান ও মোহাম্মদ নবীকে দেখেশুনে ভালোভাবেই খেলছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। তিন স্পিনারের মধ্যে শুধু রশিদ সাকিবের উইকেটটি পেয়েছেন। স্পিনে পায়ের কাজে এক–দুই রান করে নিতে অসুবিধা হচ্ছে না লিটন–মুশফিকের।

লিটনকে বাহবা মুশফিকের
ছবি: শামসুল হক

১০ ওভার শেষে বাংলাদেশের ওভারপ্রতি রানরেট ছিল ৫.৪৫। ২০ ওভার শেষে তা ৫.১০। রানরেট খানিকটা কমলেও ঠান্ডা মাথার ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

২৪তম ওভারে নতুন বোলার রহমত শাহকে আক্রমণে এনেছে আফগানিস্তান। তাঁকেও দারুণ স্কয়ার কাটে চার মারেন লিটন। বলের ওপর চড়াও না হয়ে দেরিতে খেলার এই এক সুবিধা। শেষ বলে লেট কাটে আরও একটি চার। ছান্দসিক লিটন!

বাংলাদেশ ২৪ ওভার শেষে ২ উইকেটে ১২৪।

০৭: ০৬ , ফেব্রুয়ারি ২৫

লিটনের অর্ধশতক

ব্যাটিংবান্ধব উইকেট পেয়ে দারুণ ব্যাট করছেন বাংলাদেশের এই ওপেনার। ২৫তম ওভারে নবীর তৃতীয় বলে স্কয়ার লেগ দিয়ে চার মেরে অর্ধশতক তুলে নেন লিটন। ৮ চারে ৬৫ বলে অর্ধশতক তুলে নিলেন তিনি। মুশফিক অন্য প্রান্তে ১৯ রানে অপরাজিত।

বাংলাদেশ ২৫ ওভার শেষে ২ উইকেটে ১৩২।

লিটনের অর্ধশতক তুলে নেওয়ার পথে শট খেলার ওয়াগন হুইল
ছবি: টিভি থেকে সংগৃহীত
০৭: ১০ , ফেব্রুয়ারি ২৫

লিটন–মুশফিকেরও অর্ধশতক

দুটি উইকেট পড়লেও রানের গতি মন্থর হতে দেননি মুশফিক–লিটন। তৃতীয় উইকেটে ৬১ বলে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন। লিটন ৬৭ বলে ৫৫ এবং মুশফিক ২৮ বলে ২২ রানে অপরাজিত।

বাংলাদেশ ২৬ ওভার শেষে ২ উইকেটে ১৩৫। এই ওভারে পেসার ফরিদ আহমেদকে আক্রমণে ফিরিয়েছে আফগানিস্তান।

মুশফিক–লিটন ভালো জুটি গড়েছেন
ছবি: শামসুল হক
০৭: ১৪ , ফেব্রুয়ারি ২৫

ইনিংসের অর্ধেক পথেই সাত বোলার!

আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি ঠিক কি করার চেষ্টা করছেন?

বাংলাদেশের ইনিংসে ২৬তম ওভারের মধ্যেই সাত বোলার ব্যবহার করেছেন তিনি। জুটি ভাঙতে অনেক কিছু করতে গিয়ে মৌলিক বিষয়গুলো থেকে কি তিনি সরে আসছেন?

স্পিনাররা একটু পেছনের লেংথে বল করছেন। মুশফিক ও লিটন ব্যাকফুটে ভালো হওয়ায় খাটো লেংথের বলগুলো দেখেশুনে চার মারছেন দুজন। ২৭তম ওভারেও নবীর খাটো লেংথের বল ব্যাকফুটে কাভার দিয়ে চার মারেন মুশফিক।

সাত বোলার ব্যবহার করলেও ব্যাটসম্যানদের ওপর চাপ তৈরি করতে পারছেন না কেউ। উল্টো চাপ বাড়ছে আফগান অধিনায়কের ওপর।

২৯ ওভার শেষে বাংলাদেশ ২ উইকেটে ১৫৩। লিটন ৭৪ বলে ৬০ রানে অপরাজিত। ৪০ বলে ৩৩ রানে অন্য প্রান্তে অপরাজিত মুশফিক। ৮২ বলে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন।

০৭: ৩৬ , ফেব্রুয়ারি ২৫

স্লগের পর কুশলী মুশফিক

৩১তম ওভারে মুজিবের চতুর্থ বলটি অফ স্টাম্পের ওপর পড়লেও স্লগ সুইপে চার মারেন মুশফিক। স্লগ সুইপে তাঁর মুনশীয়ানা আন্তর্জাতিকমানের! পরের বলে ‘ডেথ টাচ’! গালি দিয়ে চার। ফর্মে ফিরেছেন ‘মিস্টার ডিপেন্ডেবল।’

বাংলাদেশ ৩১ ওভার শেষে ২ উইকেটে ১৬৯।

০৭: ৪৫ , ফেব্রুয়ারি ২৫

কিছুতেই কিছু হচ্ছে না!

আফগানিস্তানের সাত বোলার মিলেও কিছুই করতে পারছেন না! এক–দুই ও বাউন্ডারিতে বঙ্গোপসাগরের পাশে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রানের পাল তুলেছেন মুশফিক–লিটন। ৩৩.৩ ওভার শেষে বাংলাদেশ ২ উইকেট ১৮৫।

মুশফিক ৫১ রানে অপরাজিত। লিটন অন্য প্রান্তে ৭২ রানে ব্যাট করছেন। ১০৮ বলে অবিচ্ছিন্ন ১০২ রানের জুটি গড়েছেন দুজন।

০৭: ৪৭ , ফেব্রুয়ারি ২৫

মুশফিকের অর্ধশতক

তিন সংস্করণ মিলিয়ে গত বছর নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্টে অর্ধশতকের দেখা পেয়েছিলেন মুশফিক। মাঝে ৬ ইনিংস পর আজ অর্ধশতকের দেখা পেলেন তিনি।

৩৪তম ওভারের দ্বিতীয় বলে রশিদ খানকে স্লগ সুইপে চার মেরে অর্ধশতক তুলে নেন মুশফিক। এক বল পর মিডউইকেট দিয়ে আবারও বাউন্ডারি!

৩৪ ওভার শেষে বাংলাদেশ ২ উইকেটে ১৯০। এখান থেকে তিন শ পেরিয়ে আরও বড় সংগ্রহ না হওয়াটাই অস্বাভাবিক হবে বাংলাদেশের জন্য।

মুশফিক ৫৬ ও লিটন ৭২ রানে অপরাজিত। ১১৬ বলে অবিচ্ছিন্ন ১১২ রানের জুটি গড়েছেন দুজন।

অর্ধশতকের পর মুশফিক
ছবি: শামসুল হক
০৭: ৫৭ , ফেব্রুয়ারি ২৫

দুই শ পার

৩৬তম ওভারের দ্বিতীয় বলে রশিদ খানকে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মেরে বাংলাদেশের সংগ্রহ দুই শ পার করেন লিটন।

বাংলাদেশ ৩৬ ওভার শেষে ২ উইকেটে ২০২। লিটন ৮১ রানে অপরাজিত। মুশফিক ৫৮ রানে ব্যাট করছেন।

০৮: ০১ , ফেব্রুয়ারি ২৫

সাকিবকে টপকে মুশফিক

ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সাকিব আল হাসানকে টপকে দ্বিতীয় সর্বোচ্চ রান এখন মুশফিকের। ৬৬৪৩ রান নিয়ে ব্যাট করছেন তিনি। ৬৬৩০ রান নিয়ে তিনে সাকিব। ৭৬৮৬ রান নিয়ে শীর্ষে তামিম।

০৮: ০৬ , ফেব্রুয়ারি ২৫

‘জীবন’!

নিশ্ছিদ্র ব্যাট করছিলেন লিটন। ৩৮তম ওভারে মুজিবের শেষ বলে কাভারে লিটনের ক্যাচ ছেড়েছে আফগানিস্তান। শতক তুলে নিয়ে এই জীবন পাওয়ার সুযোগ কাজে লাগাতে পারবেন লিটন?

৩৯ ওভার শেষে বাংলাদেশ ২ উইকেটে ২২৩। লিটন ৯৬ রানে অপরাজিত। মুশফিক অন্য প্রান্তে ৬৪ রানে ব্যাট করছেন।

আফগানিস্তানের ফিল্ডারদের শরীরী ভাষায় প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে না। বোলার ও ফিল্ডারদের দেখে মনে হচ্ছে ৫০ ওভার শেষ হওয়ার অপেক্ষায় আছে সফরকারি দল।

০৮: ১১ , ফেব্রুয়ারি ২৫

লিটনের শতক

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারিতে ‘লিটন! লিটন!’ রব উঠেছে। এই স্লোগানের দাবি মিটিয়ে শতক তুলে নিলেন লিটন।

৪১তম ওভারে রশিদ খানকে দর্শনীয় ইনসাইড আউটে কাভারের ওপর দিয়ে তুলে মেরে বাউন্ডারি আদায় করেন লিটন। এর মধ্য দিয়ে ওয়ানডেতে নিজের পঞ্চম শতক তুলে নিলেন তিনি। ১৪টি চারে ১০৭ বলে শতকের দেখা পান লিটন।

শতকের পর লিটন। মুশফিকের অভিনন্দন
ছবি: শামসুল হক

এ বছর জানুয়ারিতে ক্রাইস্টচার্চ টেস্টে শতকের পর মাঝে এক ইনিংস (আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে) বিরতি দিয়েই শতক তুলে নিলেন লিটন।

উইকেটের চার পাশেই শট খেলছেন এই ওপেনার। কবজি ও পায়ের কারুকাজে জায়গা করে বাউন্ডারি আদায় করছেন। প্রয়োজনমতো বল দেরিতে খেলেও গালি দিয়ে বাউন্ডারি মেরেছেন।

৪২ ওভার শেষে বাংলাদেশ ২ উইকেটে ২৪১। ১৫ চারে ১১২ বলে ১০৯ রানে অপরাজিত লিটন। ৭ চারে ৮০ বলে ৬৯ রানে ব্যাট করছেন মুশফিক। ১৫৯ বলে অবিচ্ছিন্ন ১৫৭ রানের জুটি গড়েছেন দুজন।

০৮: ২৬ , ফেব্রুয়ারি ২৫

ছক্কা!

ক্লাস! ফজলহক ফারুকিকে আক্রমণে এনেছে আফগানিস্তান। ৪৩তম ওভারে তাঁর প্রথম বল পয়েন্ট দিয়ে দারুণ টাইমিংয়ে বাউন্ডারি মারেন লিটন। পরের বলটি মিডউইকেটে এমনভাবে পুল করলেন যেন এতটুকু শক্তি খরচ হয়নি! স্রেফ টাইমিংয়েই বল গ্যালারিতে। বাংলাদেশের ইনিংসে প্রথম ছক্কা।

৪২তম ওভারে মুজিবের শেষ বলে মুশফিককে স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করেন আফগান উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজ। উইকেটে দুই ‘সেট’ ব্যাটসম্যান ‘জীবন’ পাওয়ার পর আরও আক্রমণাত্বক হওয়াই স্বাভাবিক।

দারুণ ব্যাট করছেন লিটন
ছবি: শামসুল হক

আফগানিস্তানের বোলাররা মুশফিক–লিটনকে প্রচুর খাটো লেংথে বল করেছেন। চল্লিশতম ওভারের পর পেসাররা ফুল লেংথে ভালো জায়গায়ও বল করতে পারছেন না। হাফ ভলি কিংবা কবজির আওতায় মারার মতো জায়গায় বল ফেলার খেসারত দিচ্ছেন। তাঁদের বোলিং দেখে মনে হচ্ছে, মুশফিক–লিটন ‘শো’ দেখে বোলারদের নজরবন্দী হওয়ার অবস্থা!

৪৪ ওভার শেষে বাংলাদেশ ২ উইকেটে ২৬০। লিটন ১২৪ এবং মুশফিক ৭৩ রানে অপরাজিত। ১৭২ বলে অবিচ্ছিন্ন ১৭৭ রানের জুটি গড়েছেন দুজন।

০৮: ৩২ , ফেব্রুয়ারি ২৫

মুশফিকের ১৩ হাজার

৪৫তম ওভারে ফরিদ আহমেদকে কাট করে ডিপ পয়েন্ট দিয়ে চার মেরে সব সংস্করণ মিলিয়ে ১৩ হাজার রানের দেখা পান মুশফিক। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তিন সংস্করণ মিলিয়ে ১৪১৭৫ রান করা তামিম শীর্ষে। ১২৫৫৩ রান নিয়ে তিনে সাকিব।

০৮: ৩৬ , ফেব্রুয়ারি ২৫

শট অব দ্য ইনিংস?

হতে পারে! ক্রিকেট বল বুঝি ফুটবলের মতো দেখছেন লিটন! ৪৬তম ওভারে ফজলহক ফারুকি ইয়র্কার মারতে গিয়ে লিটনের পায়ের ওপর হাফ ভলি করেন। অনসাইডে চিরায়ত শক্তিশালি লিটন শুধু ব্যাট সুইংটা জোরে করায় বলটা যেন রকেটের গতিতে আকাশে উঠে গ্যালারিতে অবতরণ করল। অসাধারণ!

৪৬ ওভার শেষে বাংলাদেশ ২ উইকেটে ২৮৪। লিটন ১৩৬ ও মুশফিক ৮৫ রানে অপরাজিত। ১৮৪ বলে ২০১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন।

০৮: ৪০ , ফেব্রুয়ারি ২৫

লিটন আউট

শেষ পর্যন্ত লিটনকে তুলে নিতে পারল আফগানিস্তান।

৪৭তম ওভারের দ্বিতীয় বলে স্কয়ার লেগে তুলে মারতে গিয়ে মুজিবকে ক্যাচ দেন লিটন। এর মধ্য দিয়ে শেষ হলো তাঁর ১২৬ বলে ১৩৬ রানের অসাধারণ ইনিংস। ২ ছক্কা ও ১৬ চারে ইনিংসটি সাজান তিনি। আউট হয়ে ফেরার সময় তাঁর পিঠ চাপড়ে দেন আফগান পেসার ফরিদ। এর মধ্য দিয়ে ১৮৬ বলে ২০২ রানের জুটি ভাঙল তাঁদের।

পাঁচে নামলেন মাহমুদউল্লাহ।

০৮: ৪৪ , ফেব্রুয়ারি ২৫

মুশফিকও ফিরলেন

আবারও খাটো লেংথের বল এবং আবারও আউট! লিটনকে তুলে নেওয়ার পরের বলেই থার্ড ম্যানে ক্যাচ দিয়ে ফিরলেন মুশফিক। ৯৩ বলে তাঁর ৮৬ রানের দারুণ এক ইনিংসের সমাপ্তি ঘটল। ৯ চারে ইনিংসটি সাজান তিনি।

বাংলাদেশ ৪৭ ওভার শেষে ৪ উইকেটে ২৮৭। উইকেটে দুই নতুন ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও আফিফ।

০৮: ৫৪ , ফেব্রুয়ারি ২৫

‘ক্যামিও’ খেলতে পারবেন আফিফ?

আগের ম্যাচে ৯৩ রানের অবিস্মরণীয় ইনিংসে বাংলাদেশকে জেতান আফিফ। আজ ছয়ে নেমেছেন ৪৭তম ওভারে। এখান থেকে বাংলাদেশের ইনিংস কতটা এগিয়ে নিতে পারবেন আফিফ? অন্য পাশে যোগ্য ও অভিজ্ঞ সঙ্গী মাহমুদউল্লাহ।

৪৮তম ওভারে ফজলহককে চারও মারেন আফিফ। পুরো ৫০ ওভার খেলতে হবে দুজনকে। দ্রুতগতিতে রানও তুলতে হবে। ৪৯ ওভার শেষে বাংলাদেশ ৪ উইকেটে ৩০২ রান তুলেছে। ফরিদের করা শেষ বলে ‘জীবন’ পান আফিফ। এ ওভারে দুটি ডেলিভারি ব্যাটে লাগাতে পারেননি ৬ বলে ৪ রানে অপরাজিত থাকা মাহমুদউল্লাহ। ৯ বলে ১১ রানে অপরাজিত আফিফ।

শেষ ওভারে কত উঠবে?

০৯: ০৪ , ফেব্রুয়ারি ২৫

৪ উইকেটে ৩০৬ রানে থামল বাংলাদেশ

ফজলহক ফারুকির শেষ ওভারে এসেছে মাত্র ৪ রান। শেষটা ভালো হলো না বাংলাদেশের। তবু ৫০ ওভার শেষে ৪ উইকেটে ৩০৬ রানের শক্তিশালি সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। ৯ বলে ৬ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ। ১২ বলে ১৩ রান করেন আফিফ।

বড় জুটি গড়েন লিটন–মুশফিক
ছবি: শামসুল হক
০৯: ১৯ , ফেব্রুয়ারি ২৫

দুর্দান্ত লিটন–মুশফিকের পর শেষে অতৃপ্তি

আগের ম্যাচে ৫ ওভারের মধ্যে ১৮ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। আজ পুরো ৫০ ওভার খেলে ৪ উইকেটে ৩০৬ রানের সংগ্রহ দেখে বোঝাই যাচ্ছে, ব্যাটিংটা বেশ ভালো করেছে তামিম ইকবালের দল। চট্টগ্রামে ওয়ানডেতে এটাই সর্বোচ্চ সংগ্রহ বাংলাদেশের।

তবে শেষটা ভালো হয়নি।

৪০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ২২৮। শেষ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৭৮ রান তুলেছে বাংলাদেশ। শক্ত ভিতের ওপর দাঁড়িয়েও রানটা ৩২০–৩৩০ এর কাছাকাছি নিতে পারেননি ব্যাটসম্যানরা। লিটন–মুশফিক উইকেটে থাকতে এমন সংগ্রহের দেখা পাওয়াটা অসম্ভব মনে হয়নি।

দারুণ শতকের পর লিটন
ছবি: শামসুল হক

শেষ ৫ ওভারে এসেছে মাত্র ৩৪ রান।

১২৬ বলে ১৩৬ রান করেন লিটন। ৯৩ বলে ৮৬ রান করেন মুশফিক। তাঁদের জুটিতে ভর করেই এগোয় বাংলাদেশের ইনিংস। সাত বোলার ব্যবহার করেও সেভাবে কামড় বসাতে পারেনি আফগানিস্তান। ৫৬ রানে ২ উইকেট নেন ফরিদ আহমেদ।

চট্টগ্রামে এর আগে তিনবার ২৮০ কিংবা তার বেশি রান তুলে প্রতিবারই জিতেছে বাংলাদেশ।

০৯: ৩৪ , ফেব্রুয়ারি ২৫

আফগানিস্তানের রান তাড়া শুরু

প্রথম বলেই ২ রান রহমত শাহর।

ওভারের শেষ বলে চার। মিড উইকেট দিয়ে চার মারলেন রহমত। প্রথম ওভার শেষে আফগানিস্তানের রান ৯।

০৯: ৩৯ , ফেব্রুয়ারি ২৫

দুই প্রান্ত থেকেই বাঁহাতি পেসার 

মোস্তাফিজের পর অন্য প্রান্তে নতুন বল শরীফুল ইসলামের কাছে।

০৯: ৪০ , ফেব্রুয়ারি ২৫

শরীফুলের প্রথম বলেই উইকেট

প্রথম বলে দ্রুত সিঙ্গেল নিতে চেয়েছিলেন রিয়াজ হাসান। কিন্তু আফিফ হোসেনের থ্রো তাঁকে নন-স্ট্রাইকিং প্রান্তে সময়মতো পৌছাতে দেয়নি। অফ স্টাম্পের বাইরে করিডরে বল করছেন শরীফুল। রহমত শাহ প্রান্ত বদলের চেষ্টাও করছেন না।

শেষ বলে এক রান নিয়ে মেডেন হতে দিলেন না রহমত শাহ।

রিয়াজ হাসানকে রানআউটের পর আফিফের উদযাপন
ছবি: শামসুল হক
০৯: ৪৫ , ফেব্রুয়ারি ২৫

দুই ওভার শেষে আফগানিস্তান ১০/২

১ রানে ১ উইকেট নিয়ে নিজের প্রথম ওভার শেষ করলেন শরীফুল। তৃতীয় ওভারে নতুন বোলার হিসেবে যোগ দিলেন তাসকিন আহমেদ।

তিন ওভারে তিন নতুন বোলার!

০৯: ৫২ , ফেব্রুয়ারি ২৫

তাসকিনের মেডেন নিয়ে শুরু

নিজের প্রথম ওভারে কোনো রান দেননি তাসকিন। স্টাম্পের ভেতরে বল রেখেছেন তিনটি, অফ স্টাম্পের করেছেন দুটি। শেষ বলটা ছিল দুর্দান্ত। অফ স্টাম্পের বাইরে থেকে একটু ভেতরে ঢোকা বলটা রহমত শাহ খেলতে পারেননি। রহমতের পায়ে লাগে বল। রিভিউ নেওয়ার কথা চিন্তা করেও শেষ পর্যন্ত নেননি অধিনায়ক তামিম। পরে ভিডিও রিপ্লেতে দেখা গেছে, বল স্টাম্পের ওপর দিয়ে যেত।

৩ ওভার শেষে আফগানিস্তান ১ উইকেটে ১০।

০৯: ৫৫ , ফেব্রুয়ারি ২৫

উইকেট!

শরীফুলের করা আগের (ইনিংসে দ্বিতীয়) ওভারে রানআউট হন রিয়াজ হাসান। নিজের পরের ওভারে (চতুর্থ ওভার) এসে আফগান অধিনায়ক হাশমতউল্লাহকে তুলে নেন বাঁহাতি এ পেসার। কাট করতে গিয়ে উইকেটকিপার মুশফিককে ক্যাচ দেন হাশমতউল্লাহ (৫)।

আফগানিস্তান ৪ ওভার শেষে ২ উইকেটে ১৬।

উইকেট নেওয়ার পর শরীফুল
ছবি: শামসুল হক
১০: ০৩ , ফেব্রুয়ারি ২৫

ভালো শুরু পেলেন তাসকিন–শরীফুলরা

বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে প্রথম ৫ ওভার শেষে বিনা উইকেটে ৩১ রান তুলেছিল। আফগানিস্তান প্রথম ৫ ওভার শেষে ২ উইকেটে ২০ রান তুলেছে। দারুণ শুরু এনে দিয়েছেন বোলাররা। ফিল্ডারদেরও প্রশংসা প্রাপ্য।

১০: ১৪ , ফেব্রুয়ারি ২৫

আক্রমণে সাকিব

অষ্টম ওভার থেকে স্পিন আক্রমণ শুরু করলেন অধিনায়ক তামিম। সাকিব আল হাসানের হাতে বল তুলে দিলেন তিনি।

নিজের প্রথম ওভারে বাঁক না পেলেও বাউন্স পেয়েছেন সাকিব। ঠিকঠাক লেংথেই বল করেছেন। দিয়েছেন মাত্র ১ রান।

আফগানিস্তান ৮ ওভারে ২ উইকেটে ৩২।

১০: ২৪ , ফেব্রুয়ারি ২৫

সাকিবে ফাঁসলেন আজমত

নিজের দ্বিতীয় ওভারে এসেই প্রথম বলে উইকেট নিলেন সাকিব। আজমতউল্লাহ ওমরজাইকে (৯) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি।

ক্রিজ ছেড়ে বের হয়ে সাকিবকে মিডউইকেটে মারতে চেয়েছিলেন আজমত। ব্যাটে খেলতে পারেননি। মুশফিক উইকেট ভাঙতে দেরি করেননি। ১০ ওভার শেষে আফগানিস্তান ৩ উইকেটে ৩৬।

১৮ রানে ব্যাট করছেন রহমত শাহ। ১ রানে অন্য প্রান্তে অপরাজিত নজিবুল্লাহ জাদরান।

১০: ৩৩ , ফেব্রুয়ারি ২৫

১২ ওভার শেষে আফগানিস্তান ৪৫/৩

তাসকিনের করা আগের ওভারের পঞ্চম বলে বাউন্ডারিতে ঝাঁপিয়েও চার বাঁচাতে পারেননি লিটন। নজিবুল্লাহ জাদরান ব্যাকফুট পাঞ্চে কাভারে দারুণ শটে চারটা মেরেছিলেন। সাকিবের করা ১২তম ওভারের শেষ বলে এসে আবার বাউন্ডারিতে ঝাঁপাতে হলো লিটনকে, এবার রহমত শাহ মেরেছেন কাভারে। তবে এবার লিটনের চেষ্টা সফল। ২ রান বাঁচালেন, চারের বদলে হলো দুই। সাকিব ৩ ওভারে ১৭ রানে ১ উইকেট নিয়েছেন।

১০: ৩৬ , ফেব্রুয়ারি ২৫

আফগান ইনিংসে অর্ধশতক

বোলিংয়ে বদল ১৩তম ওভারে, মাঝে ছয় ওভার সাকিব আর তাসকিন করার পর আবার বোলিংয়ে এসেছেন তিনি। ওভারে এসেছে পাঁচ রান। প্রথম তিন বলে এক রান, পরের তিন বলে দুটি সিঙ্গেল ও একটি ডাবল। শেষ বলে সিঙ্গেলে আফগানিস্তান ইনিংসে অর্ধশতক হয়ে গেল।

১০: ৪০ , ফেব্রুয়ারি ২৫

মিরাজের ওভারে দুই চার

বাঁহাতি নজিবুল্লাহ জাদরান ক্রিজে দেখেই কি না, মেহেদী হাসান মিরাজকে বোলিংয়ে নিয়ে এসেছে বাংলাদেশ। তবে আগের ম্যাচে দারুণ ‘কিপ্টে’ বোলিং করা মিরাজের আজ শুরুটা ভালো হলো না। প্রথম ওভারেই দুটি চারে দলেন ৯ রান। দুটি চারই মেরেছেন জাদরান, দ্বিতীয় বলে কাট করে, এক বল পরে ব্যাকওয়ার্ড পাঞ্চে। দ্বিতীয় চারে অবশ্য ফিল্ডারেরও দায় আছে।

১০: ৪৪ , ফেব্রুয়ারি ২৫

৭ বলে ৩ চার

আগের ৪০ বলে মাত্র একটি চার হাঁকানো আফগানিস্তান হঠাৎই কিছুটা আগ্রাসী হয়ে উঠেছে। ১৩.২ থেকে ১৪.২—এই সাত বলেই চার মেরেছে তিনটি। আগের ওভারে মিরাজকে চার দুই চার মেরেছেন জাদরান, ১৫তম ওভারে সাকিবের প্রথম বলেই তিন রান নিয়েছেন তিনি। এরপর ওভারের দ্বিতীয় বলে সুইপ করে চার মেরেছেন রহমত।

ওভারে ৯ রান এসেছে। ১৫ ওভার শেষে আফগানিস্তান ৬৮/৩।

১০: ৫১ , ফেব্রুয়ারি ২৫

আউট, রিভিউতে বেঁচে যাওয়া এবং ১১ রান

প্রথম বলে উইকেটের উচ্ছ্বাসে মেতেছিল বাংলাদেশ, কিন্তু মিরাজ ও বাংলাদেশের সেই উচ্ছ্বাস এক মিনিটও টেকেনি। যে বাঁহাতি জাদরানকে ঘায়েল করতে মিরাজকে আনা, সে পরিকল্পনা সফল বলেই মনে হচ্ছিল, যখন জাদরানের বিরুদ্ধে মিরাজের এলবিডব্লুর আবেদনে সাড়া দেন আম্পায়ার। কিন্তু জাদরান রিভিউ নেন, রিপ্লে দেখায়, বল প্যাডের আগে তাঁর ব্যাটের কানায় লেগেছে।

এরপরের পাঁচ বলেও নাটক কম হয়নি। তৃতীয় বলে রহমত স্কুপ করতে যাচ্ছেন দেখে আগেই সরে গিয়েছিলেন উইকেটকিপার মুশফিক, কিন্তু বল রহমতের ব্যাটেই লাগেনি। আগেই সরে যাওয়া মুশফিক আর স্টাম্পের মাঝ দিয়ে বল উইকেটের পেছনে, ওয়াইডসহ হলো তিন রান। পরের বলে রহমতের কাটে চার। পরের বলে আবার কাঠগড়ায় মুশফিক। দুই রান নিতে চেয়েছিলেন রহমত, ঝুঁকিপূর্ণ ছিল। স্টাম্পের আগে গিয়ে বল ধরে রানআউটের সম্ভাবনা নষ্ট করলেন মুশফিকই!

ওভারে ১১ রান এসেছে। ১৬ ওভারে ৩ উইকেটে ৭৯ রান আফগানিস্তানের।

১১: ০৩ , ফেব্রুয়ারি ২৫

সাকিবের দুর্ভাগ্য, বাংলাদেশেরও

জাদরান আর রহমত শাহর সৌভাগ্য বটে! ওভারের দ্বিতীয় বলে সাকিবের বলে জাদরান উড়িয়ে মেরেছিলেন লং অফে, সাধারণত ভরসা জোগানো ফিল্ডার শরীফুল সহজ ক্যাচটা তো ধরতেই পারেননি, উল্টো তাঁর হাত থেকে মাটিতে পড়ে বল গেল বাউন্ডারির ওপারে।

পরের বলে আবার বেঁচে গেলেন রহমত, তবে যেভাবে বেঁচেছেন সেটি নাটকীয়তাকেও হার মানায়। সোজা খেলেছিলেন জাদরান, সাকিব বলটা ধরতে চেয়েছিলেন। তাঁর হাত গলে বল গিয়ে লাগে নন-স্ট্রাইক প্রান্তের স্টাম্পে। রহমত তখনো ক্রিজের অনেক বাইরে। প্রশ্ন ছিল, বল স্টাম্পে লাগার আগে সাকিবের হাতে লেগেছিল কি না। তৃতীয় আম্পায়ার প্রথমে আউট দিয়েছিলেন, কিন্তু আফগানিস্তান প্রতিবাদ জানায়। আবার রিপ্লে দেখেন তৃতীয় আম্পায়ার, এবার আরও গভীর পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত এল, বল আসলে সাকিবের হাতে লাগেনি! বেঁচে গেলেন রহমত।

সাকিবের ওভারে ৬ রানের পর মিরাজের পরের ওভারে ৪ রান পেয়েছে আফগানিস্তান। ১৮ ওভারে তাদের রান ৩ উইকেটে ৮৯।

১১: ১০ , ফেব্রুয়ারি ২৫

মোস্তাফিজের ওভারে দুই চার

ইনিংসের শুরুতে এক ওভার করেছেন, ৯ রান দিয়েছেন। এরপর ১৯তম ওভারে বোলিংয়ে ফিরেছেন মোস্তাফিজ, কিন্তু এই ওভারেও খরুচেই থাকলেন! তাঁর ওভারে দুই চারে দশ রান তুলে নিয়েছে আফগানিস্তান। চতুর্থ বলে পয়েন্টে, ওভারের শেষ বলে কাভারে।

১৯ ওভার শেষে আফগানিস্তান ৯৯/৩।

১১: ১৫ , ফেব্রুয়ারি ২৫

২০ ওভারে আফগানিস্তান ১০২/৩

ইনিংসের এই পর্যায়ে বাংলাদেশের স্কোর কত ছিল মনে আছে? ঠিক ১০২ রানই! তবে বাংলাদেশ তখন পর্যন্ত উইকেট হারিয়েছিল ২টি। ২০তম ওভারে মিরাজের তৃতীয় বলে ১ রান নিয়ে আফগানিস্তানের ইনিংসে ১০০ রান হয়ে গেছে।

আর ৩০ ওভারে ২০৫ রান দরকার আফগানদের। চতুর্থ উইকেটে জাদরান (৪২ বলে ৩৯) ও রহমতের (৫৭ বলে ৪২) জুটিতে ৬৮ রান হয়ে গেছে।

১১: ২৬ , ফেব্রুয়ারি ২৫

রহমত শাহর অর্ধশতক

৬৯ বলে অর্ধ শতক পেয়ে গেলন রহমত। প্রথম ম্যাচে একটু বেশি রক্ষণাত্মক খেলা রহমত আজ একটু ইতিবাচক খেলছেন।

১১: ২৯ , ফেব্রুয়ারি ২৫

তাসকিনের দুর্দান্ত বলে বেল উড়ল রহমতের

মিরাজের বলে চার মেরে অর্ধ শতক পেয়েছেন আগের ওভারেই। পরের ওভারেই বিদায় নিলেন রহমত। তাসকিনের বল লাইনে পড়ে হালকা সিম মুভমেন্ট করেছে। যতটুকু দরকার, ঠিক ততটুকু। একটু কম হলে ব্যাটের স্পর্শ পেত, আর বেশি হলে স্টাম্পের বাইরে দিয়ে যেত। একদম শেষ মুহূর্তে বেল উড়িয়ে দিয়েছে তাসকিনের বল। ১২৩ রানে চতুর্থ উইকেট হারাল আফগানিস্তান। ১৫৫ বলে ১৮৪ রান দরকার আফগানিস্তানের।

১১: ৩৪ , ফেব্রুয়ারি ২৫

২৫ ওভার শেষে আফগানিস্তান ১২৫/৪

বাকি ২৫ ওভারে ১৮২ রান দরকার আফগানিস্তানের।

১১: ৩৮ , ফেব্রুয়ারি ২৫

২৬ ওভার শেষে আফগানিস্তান ১২৯/৪

মেহেদী হাসান মিরাজের ওভার থেকে এসেছে ৪ রান। ৮৯ রানের চতুর্থ উইকেট জুটি ভেঙে যাওয়ায় আবার নতুন করে শুরু করতে হচ্ছে সফরকারীদের।

১১: ৪০ , ফেব্রুয়ারি ২৫

লেগবাই থেকে এল ৪ রান

তাসকিন লেগ স্টাম্পে বল করেছিলেন। সেটি বেড়িয়ে যাওয়ার পথে মোহাম্মদ নবীর থাই প্যাডের সঙ্গে লেগে মুশফিকের নাগালের বাইরে দিয়ে চলে গেল। ফলে অতিরিক্ত থেকে আফগানদের উপহারের রান বেড়ে দাঁড়াল ১১। আফগানরা দিয়েছিল ৩৩টি অতিরিক্ত রান।

১১: ৪৩ , ফেব্রুয়ারি ২৫

২৭ ওভার শেষে আফগানিস্তান ১৩৬/৪

১১: ৪৫ , ফেব্রুয়ারি ২৫

চার!

মিরাজের প্রথম তিন বলে কোনো রান না পাওয়া মোহাম্মদ নবী চতুর্থ বলে স্কয়ার লেগ দিয়ে উড়িয়ে চার মার মারলেন। পরের ২ বলে আবার কোনো রান নিতে পারনেনি।

১১: ৪৭ , ফেব্রুয়ারি ২৫

আবারও ওভারের প্রথম বলেই তাসকিনের উইকেট

অর্ধশতক করা রহমতকে ফিরিয়ে দিয়েছিলেন তাসকিন। এবার নজিবুল্লাহকেও ফেরালেন তাসকিন। ৬১ বলে ৫৪ করা নজিবও মুশফিকুর রহিমের গ্লাভসে ধরা পড়েছেন।

১১: ৫৩ , ফেব্রুয়ারি ২৫

ম্যাচ থেকে ছিটকে গেল আফগানিস্তান? 

ওয়ানডেতে দ্বিতীয় ইনিংসে কখনো ৩০০ করেনি আফগানিস্তান। আজ তাই জিততে হলে রেকর্ড করতে হতো তাদের। রহমত শাহ ও নজিবুল্লাহ জাদরানের অর্ধশতক আফগানদের আশা দেখাচ্ছিল। কিন্তু ২৫ বলের মধ্যে তাসকিনের বলে এই দুই ব্যাটসম্যানের বিদায় আফগানিস্তানের কাজটা কঠিন করে তুলেছে।

মোহাম্মদ নবী ও রহমানউল্লাহ গুরবাজের সামনে কঠিন পরীক্ষা।

১১: ৫৪ , ফেব্রুয়ারি ২৫

সাকিবকে সুইপ করে চার গুরবাজের

১১: ৫৬ , ফেব্রুয়ারি ২৫

২০ ওভারে ১৬১ রান দরকার আফগানিস্তানের

১২: ০৭ , ফেব্রুয়ারি ২৫

১৫০ পার আফগানিস্তানের

এই স্পেলে ফেরার পর আগের তিন ওভারের প্রথমটিতে উইকেট পেয়েছেন, দ্বিতীয়টিতে পাননি, আবার তৃতীয়টি পেয়েছেন। সে হিসেবে তো চতুর্থ ওভারে তাসকিনের উইকেট না পাওয়ারই কথা! পানওনি। এক-দুই করে তাঁর করা ২৭তম ওভারে ৫ রান নিয়েছে আফগানিস্তান। তাতে ১৫০ রানও হয়ে গেছে আফগানদের। ৩১ ওভারে আফগানিস্তানের রান ৫ উইকেটে ১৫১।

১২: ১০ , ফেব্রুয়ারি ২৫

সাকিব ফেরালেন গুরবাজকে

টপ আর মিডল অর্ডারের পর এখন আফগানিস্তানের লেট-মিডল অর্ডার সরানোর কাজে নেমেছে বাংলাদেশ। ৩২তম ওভারে আফগানদের ধাক্কা দিলেন সাকিব। ওভারের তৃতীয় বলটি সাকিব করেছেন বাতাসে ভাসানো, কাট করতে চেয়েছিলেন ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজ। বল সোজা স্টাম্পে গিয়েই লেগেছে!

ওভারে ২ রান এসেছে। ৩২ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান আফগানিস্তানের।

১২: ১৮ , ফেব্রুয়ারি ২৫

আফগানিস্তান সর্বোচ্চ কত রান তাড়া করে জিতেছে

আফগানিস্তান আজ বাংলাদেশের বিপক্ষে ৩০৭ রানের লক্ষ্যে মাঠে নেমেছে। অতীতে তাদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড কত? ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৭৩ রান তাড়া করে জিতেছিল আফগানিস্তান।

১২: ২১ , ফেব্রুয়ারি ২৫

১০ রান দিলেন শরীফুল

৩৫ তম ওভারটিতে ১০ রান দিলেন বাঁ হাতি পেসার শরীফুল ইসলাম। উইকেটে এ মুহূর্তে আফগানিস্তানের সবচেয়ে বড় দুই তারকা—মোহাম্মদ নবী ও রশিদ খান। ৩৫ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ১৭৫। তাঁর বিদায়ের পর উইকেটে এসেছেন মুজিব উর রেহমান।

১২: ২৩ , ফেব্রুয়ারি ২৫

ইয়াসির চেষ্টা করেছিলেন

তাসকিন আহমেদের করা ৩৬ তম ওভারের তৃতীয় বলে মিড উইকেটের দিকে তুলে মেরেছিলের রশিদ খান। দৌড়ে এসেছিলেন ফিল্ডার ইয়াসির আলীও। কিন্তু বলটি পড়ল তাঁর অনেক সামনে। চেষ্টা করেছিলেন ইয়াসির।

১২: ২৬ , ফেব্রুয়ারি ২৫

৮৪ বলে ১২৮ রান দরকার আফগানিস্তানের

৩৬ ওভার শেষে ৬ উইকেটে ১৭৯ রান তুলেছে আফগানিস্তান। জয়ের জন্য ৮৪ বলে এখনো ১২৮ রান দরকার তাদের। ওভারপ্রতি প্রয়োজন ১০ রান করে। এই জায়গা থেকে ম্যাচটা জেতা আফগানিস্তানের জন্য কিছুটা কঠিনই। তবে অসম্ভব নয়। রশিদ ও নবী—দুজনই টি–টোয়েন্টির বড় তারকা। ব্যাটটা তাঁরা চালাতে পারেন ভালোই।

১২: ৩৩ , ফেব্রুয়ারি ২৫

মিরাজ ফেরালেন নবীকে

আফগানিস্তানের শেষ আশাটুকুও কি নিভে গেল? অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ ফিরিয়েছেন মোহাম্মদ নবীকে। ৩৮ বলে ৩২ রান করে লং অফে আফিফ হোসেনকে ক্যাচ দিয়েছেন তিনি। আফগানিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১৮৪।

১২: ৪৮ , ফেব্রুয়ারি ২৫

ছক্কা, চার...বোল্ড!

প্রথম বলটাতে প্যাডের ওপর কাটার মেরেছিলেন মোস্তাফিজ, ফ্লিকে সেটিকে সীমানার বাইরে আছড়ে ফেলেন রশিদ খান। পরের বলে আবার কাটার মোস্তাফিজের, তবে এবার অফ স্টাম্পের বাইরে। কাভার ড্রাইভে এবার চার রশিদের। মোস্তাফিজের জবাব এল তৃতীয় বলে। এবারও কাটার, ফুল লেংথে। এক পা পেছনে সরে নিজেকেই নিজে ইয়র্ক করলেন রশিদ। ভুলটা বুঝি সেখানেই হলো! ফ্লিক করতে চেয়েছিলেন, কিন্তু হলো না! স্টাম্পে আঘাত হানলেন মোস্তাফিজ।

২৬ বলে ২৯ রান করে রশিদ আউট। আর দুই উইকেট দূরে বাংলাদেশের জয়। ৪১ ওভার শেষে আফগানিস্তান ২০৬/৮।

১২: ৫২ , ফেব্রুয়ারি ২৫

পয়েন্ট কাটা পড়বে বাংলাদেশের?

ম্যাচে দুই দলই ওভার শেষ করার ক্ষেত্রে যেন ধীরে চলার নীতিতে চলছে! আফগানিস্তান তাদের ৫০ ওভার শেষ করতে ৩২ মিনিট বেশি সময় নিয়েছে। বাংলাদেশকে যদি ৫০ ওভারের পুরোটাই শেষ করতে হয়, সে ক্ষেত্রে চার ঘন্টার মতো লেগে যেতে পারে! এরই মধ্যে বাংলাদেশের বোলিংয়ে ৩ ঘন্টা ২০ মিনিট হয়ে গেছে।

আইসিসির নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের বাছাই হিসেবে আয়োজিত সুপার লিগে কোনো দল বেশি সময় নিলে তাদের পয়েন্ট কাটা যাবে। সে ক্ষেত্রে আফগানিস্তানকে দ্রুতই অলআউট করা এখন বাংলাদেশের জন্য আবশ্যক হয়ে দাঁড়িয়েছে।

১২: ৫৪ , ফেব্রুয়ারি ২৫

চোখের নিমিষেই সাকিবের ওভার শেষ

৪২তম ওভারে ৪ রান দিয়েছেন সাকিব। তবে ওভারটি যেন মিনিট দুয়েকের মধ্যেই শেষ হয়ে গেছে! বাংলাদেশের যে ওভাররেটের তাড়া! ৪২ ওভারে ৮ উইকেটে ২১০ রান আফগানিস্তানের। তাদের জয়-পরাজয়ের সমীকরণ? ৪৮ বলে ৯৭ রান দরকার তাদের।

১২: ৫৯ , ফেব্রুয়ারি ২৫

শুধু শুধুই অপেক্ষা

ক্রিকেটের অনিশ্চয়তার গর্বকে যথাযথ সম্মানপ্রদর্শনপূর্বক বলা যায়, এই ম্যাচে আর কোনো নাটকীয়তা হওয়ার সম্ভাবনা শূন্যের কোঠায়। বাংলাদেশই জিততে চলেছে! কিন্তু আফগানিস্তান অলআউট হয়ে গেলে যেখানে অর্থহীন এই প্রতিদ্বন্দ্বীতা শেষ হয়ে যেত, সেটিই যেন হতেই চাইছে না! ৪৪ ওভার শেষে ৮ উইকেটে ২১৬ রান আফগানদের।

১৩: ০৩ , ফেব্রুয়ারি ২৫

মাহমুদউল্লাহর বলে মাহমুদুলের ‘উইকেট’

ওভাররেটের ঝামেলা যতটা সম্ভব কমাতে স্পিনারদের আনছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ এসেছেন ৪৫তম ওভারে। তৃতীয় বলে তাঁকে উড়িয়ে মেরেছিলেন মুজিব। সীমানাপ্রান্তে বলটা ধরে ফেলেন মাহমুদুল, কিন্তু শরীরের নিয়ন্ত্রণ ছিল না তাঁর। সীমানাদড়িতে পা পড়ছে দেখে বলটা বাতাসে ভাসিয়ে দড়ির ওপাশে এক পা রেখেই আবার ভেতরের দিকে লাফ দিলেন। লাফাতে থাকা অবস্থায় আবার বল ধরে নিলেন! আউট মুজিব।

১৩: ০৫ , ফেব্রুয়ারি ২৫

আফিফ এসেই আনুষ্ঠানিকতা শেষ করে দিলেন

৪৫ ওভার শেষে ৯ উইকেটে ২১৮ রান করেছে আফগানিস্তান। স্পিনারদের বোলিংয়ে এনে তাড়াতাড়ি ওভার শেষ করার প্রক্রিয়ায় এবার আফিফকে আনেন তামিম। প্রথম বলেই কাজ শেষ করে দিয়েছেন আগের ম্যাচে ব্যাট হাতে বাংলাদেশের জয়ের দুই নায়কের একজন। বোল্ড করে দিলেন ফজলহক ফারুকিকে। ২১৮ রানেই অলআউট আফগানিস্তান।

১৩: ০৭ , ফেব্রুয়ারি ২৫

সিরিজ বাংলাদেশের 

প্রথম ম্যাচটা যদি রুদ্ধশ্বাস উত্তেজনা ছড়িয়ে থাকে, দ্বিতীয় ম্যাচটা হলো তার ১৮০ ডিগ্রি উল্টো। তবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার এই যে, দুই ম্যাচ শেষেই জয়ী দলের নাম বাংলাদেশ! এবারের জয়টা হলো ব্যাটে-বলে পুরোপুরি দাপট দেখিয়েই!

তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে গেল বাংলাদেশ।

১৩: ০৮ , ফেব্রুয়ারি ২৫

লিটন-মুশফিকের গড়া ভিতে বোলারদের উচ্ছ্বাস

লিটন দাসের ওয়ানডেতে তৃতীয় শতক আর মুশফিকের ৮৬ রানে বাংলাদেশ যখন ৪ উইকেটে ৩০৬ রান করেছে, তখনই হয়তো জয় নিয়ে শঙ্কা অনেকটা কমে গেছে বাংলাদেশ। আফগানিস্তান ওয়ানডেতে কখনো দ্বিতীয় ইনিংসে ২৮৮ রানের বেশি করতে পারেনি, ২৮৮ রান করা ইনিংসেও হারই ছিল তাদের সঙ্গী। এ ম্যাচেও ব্যতিক্রম হলো না।

লিটন-মুশফিকের গড়ে দেওয়া ভিতে বোলাররা সহজেই কাজটা শেষ করে দিয়েছেন। সাতজন বোলারকে বোলিংয়ে এনেছে বাংলাদেশ, এর মধ্যে শেষ দিকে মাহমুদউল্লাহ ও আফিফকে বোলিংয়ে আনা অবশ্য প্রতিদ্বন্দ্বীতার প্রয়োজনে নয়, তাড়াতাড়ি ওভার শেষ করার দরকারে। বাংলাদেশ যে ধীরগতিতে ওভার করে আসছিল শুরু থেকে! সে কারণে শেষদিকে স্পিনারদের দিয়ে দ্রুত ওভার শেষ করার চেষ্টা ছিল তামিমের।

তা যা-ই হোক, শেষ দিকে মাহমুদউল্লাহ ১ ওভার বোলিং করে আর আফিফ ১ বল করেই উইকেটের দেখা পেয়েছেন। উইকেট পেয়েছেন আগের পাঁচ বোলারের সবাইও।

মূলত ৩৪ রানে ৩ উইকেট হারানো আফগানদের হয়ে চতুর্থ উইকেটে ৮৯ রানের জুটি গড়ার পর আফগানিস্তানের দুই অর্ধশতক হাঁকানো ব্যাটসম্যান রহমত শাহ (৫২) ও নজিবুল্লাহ জাদরান (৫৪) যখন ১৮ রানের মধ্যে ফিরে গেলেন, ম্যাচটা শেষ হয়ে গেছে সেখানেই!

এরপর আনুষ্ঠানিকতা সারতে, বাকি ৫ উইকেট ফেলতে যে ৭৮ রান খরচ করতে হয়েছে আর ১৭ ওভার বোলিং করতে হয়েছে বাংলাদেশকে, সেটিই বরং এই ম্যাচের শেষের অতৃপ্তি হতে পারে বাংলাদেশের!