সম্প্রচার শেষ ১৭ অক্টোবর ২০২১

স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

১৩: ৩৪ , অক্টোবর ১৭

স্বাগত! 

প্রথম আলোর সরাসরি আপডেটে স্বাগত! স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করছে বাংলাদেশ।

১৩: ৩৫ , অক্টোবর ১৭

টস

স্কটল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ।

১৩: ৩৮ , অক্টোবর ১৭

বাংলাদেশ একাদশ

লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান

১৩: ৪৩ , অক্টোবর ১৭
প্রস্তুত সমর্থকরা
ছবি: এএফপি
১৩: ৪৯ , অক্টোবর ১৭
১৩: ৫০ , অক্টোবর ১৭

স্কটল্যান্ড একাদশ

কাইল কোয়েটজার (অধিনায়ক), জর্জ মানসি, ম্যাথু ক্রস, রিচি বেরিংটন, ক্যালাম ম্যাকলাউড, মাইকেল লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, জশ ডেভি, সাফায়ান শরীফ, ব্র্যাড হুইল

১৩: ৫৯ , অক্টোবর ১৭

শেষ জাতীয় সঙ্গীত

দুই দেশের জাতীয় সঙ্গীত শেষ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ আগে হতো দুই বছর পরপর, যার সর্বশেষটি হয়েছে ২০১৬ সালে। ওয়ানডে বিশ্বকাপের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপকেও সমান গুরুত্ব দিতে দুই বিশ্বকাপের মাঝে চার বছর বিরতির সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। কিন্তু করোনার কারণে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপটি পিছিয়ে চলে যায় ২০২২ সালে, অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ছিল সেটি। আর এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপটি হওয়ার কথা ছিল ভারতে। করোনার তৃতীয় ঢেউয়ের তোড়ে ভারত থেকে সেটি শেষ পর্যন্ত চলে যায় ওমান ও আমিরাতে। তবে বিশ্বকাপের আয়োজক থাকছে ভারতই।

প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ শুরু করেছে 'স্বাগতিক' ওমান।

আরও পড়ুন
১৪: ০৮ , অক্টোবর ১৭

প্রথম ওভারে ৪ রান

প্রথম বলে এলবিডব্লুর আবেদন হয়েছিল জর্জ মানসির বিপক্ষে। তবে আম্পায়ার আহসান রাজা তাতে সাড়া দেননি। রিভিউও করেনি বাংলাদেশ। তাসকিন আহমেদের করা পঞ্চম বলে কাট করে চার মেরেছেন জর্জ মানসি। তাসকিন আহমেদের করা প্রথম ওভারে ওই ৪ রানই তুলেছে স্কটল্যান্ড।

স্কটল্যান্ড ৪/০, ১ ওভার।

১৪: ১৩ , অক্টোবর ১৭

মোস্তাফিজের প্রথম ওভারে ১

দ্বিতীয় ওভারেই বোলিং করতে এসেছেন মোস্তাফিজুর রহমান। এলবিডব্লুর আবেদন হয়েছিল তাঁর বলেও, তবে এবারও সাড়া দেননি আম্পায়ার। এ ওভারে লেগবাই থেকে এসেছে শুধু একটা রান।

স্কটল্যান্ড ৫/০, ২ ওভার।

১৪: ১৭ , অক্টোবর ১৭

সাইফউদ্দিনের আঘাত

চাপটা ছিল প্রথম ওভার থেকেই। তাসকিন-মোস্তাফিজের পর সাইফউদ্দিনকে এনেছেন মাহমুদউল্লাহ। চতুর্থ বলেই সফল হলেন সাইফউদ্দিন। তাঁর দারুণ ইয়র্কারের জবাব ছিল না কাইল কোয়েটজারের, ৭ বল খেলে কোনো রান না করেই ফিরলেন স্কটল্যান্ড অধিনায়ক। কোয়েটজারের এটি স্কটল্যান্ডের হয়ে ২০০তম ম্যাচ।

স্কটল্যান্ড ৫/১, ২.৪ ওভার।

১৪: ২৫ , অক্টোবর ১৭

এক বলের নাটক

স্কয়ার লেগে অনেকখানি ছুটে এসে শেষ মুহুর্তের ডাইভে ক্যাচটা প্রায় ধরেই ফেলেছিলেন সাকিব আল হাসান। তবে মাটিতে পড়ার সময় লাগা ঝাঁকিতে বেরিয়ে গেছে বলটা, পড়েছে বাউন্ডারির ওপরই। ক্যাচ হয়নি, হয়েছে ছয়। তবে সাকিব ক্যাচটা নিলেও উইকেট পেতেন না প্রান্ত বদল করে আসা তাসকিন, তিনি করেছেন নো-বল। ফ্রি-হিটে অবশ্য ১ রানের বেশি আসেনি। দ্বিতীয় ওভারে তাসকিন দিয়েছেন ৯ রান।

স্কটল্যান্ড ১৬/১, ৪ ওভার।

১৪: ৩৩ , অক্টোবর ১৭

মানসির তৃতীয় বাউন্ডারি

অফস্টাম্পের বাইরে ফুললেংথের বলে এক্সট্রা কাভার দিয়ে তুলে মেরেছেন জর্জ মানসি, মেরেছেন ইনিংসে নিজের তৃতীয় বাউন্ডারি। নিজের দ্বিতীয় ওভারে সাইফউদ্দিন দিয়েছেন ১০ রান।

স্কটল্যান্ড ২৬/১, ৫ ওভার।

১৪: ৩৭ , অক্টোবর ১৭

শেষ পাওয়ার প্লে

দ্বিতীয় বলে চার, পঞ্চম বলে ছয়। মোস্তাফিজের ওপর চড়াও হয়েছেন মানসি। পাওয়ার প্লে-র শেষ ওভারে একটা লাফ দিয়েছে স্কটল্যান্ড, তুলেছে ১৩ রান। শুরুতে খোলসের ভেতর থাকলেও বের হচ্ছেন মানসি।

স্কটল্যান্ড ৩৯/১, ৬ ওভার।

১৪: ৪৫ , অক্টোবর ১৭

প্রথম ওভারে সফল মেহেদী

পাওয়ার প্লে-র ৬ ওভার করেছেন তিনজন পেসার। তাসকিন, মোস্তাফিজ ও সাইফউদ্দিন করেছেন ২ ওভারে করে বোলিং, সফল হয়েছেন সাইফউদ্দিন।

এরপর দুই প্রান্ত থেকেই স্পিনার এনেছেন মাহমুদউল্লাহ। সাকিবের পর এসেছেন মেহেদী। দ্বিতীয় বলেই মেহেদী দিয়েছেন ব্রেকথ্রু। দ্রুতগতির ফুললেংথের বল মিস করে এলবিডব্লু হয়েছেন ম্যাথু ক্রস। এর আগে ক্রস করেছেন ১৭ বলে ১১ রান। রিচার্ড কেটেলবোরোর দেওয়া সিদ্ধান্ত রিভিউ নেওয়ারও প্রয়োজন বোধ করেননি তিনি।

স্কটল্যান্ড ৪৫/২, ৭.২ ওভার।

১৪: ৪৯ , অক্টোবর ১৭

মেহেদীর জোড়া আঘাত

নিজের স্কোরিং শটের প্রায় ৫০ শতাংশই সুইপ থেকে আসে মানসির। সে সুইপ করতে গিয়েই আউট হলেন তিনি। ফুললেংথের বলটা মিস করে অফস্টাম্প হারিয়েছেন এখন পর্যন্ত স্কটল্যান্ডের সবচেয়ে উজ্জ্বল ব্যাটসম্যান। ২৩ বল খেলে ২৯ রান করে মেহেদীর বলে ফিরতে হলো তাঁকে।

স্কটল্যান্ড ৪৭/৩, ৮ ওভার।

১৫: ০০ , অক্টোবর ১৭

সাকিবের জোড়া আঘাত

শেষ ৩ ওভারে রান-রেট ছিল মাত্র ১.৪০। সে চাপ কমাতে রিচি বেরিংটন তুলে মারতে গেলেন সাকিবকে। তবে লং-অনে আফিফ হোসেনের দারুণ ক্যাচে পরিণত হলেন তিনি। প্রথমে বাউন্ডারির ভেতর ক্যাচটা নিয়ে ভার সামলাতে বেরিয়ে গিয়েছিলেন আফিফ, তার আগেই ছুঁড়ে দিয়েছিলেন ভেতরে। এরপর সম্পন্ন করেছেন ক্যাচটা। এক বল পর লং-অফে ধরা পড়েছেন মাইকেল লিস্ক, এবার ক্যাচ নিয়েছেন লিটন দাস।

স্কটল্যান্ড ৫২/৫, ১০.৪ ওভার।

১৫: ০৩ , অক্টোবর ১৭

সবার ওপরে সাকিব

বেরিংটনের উইকেট দিয়ে ছুঁয়েছিলেন লাসিথ মালিঙ্গাকে। মাইকেল লিস্ককে ফিরিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে গেলেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ড সিরিজ থেকেই এ রেকর্ডের খুব কাছে ছিলেন সাকিব, অবশেষে সেটা নিজের করে নিতে পারলেন।

সাকিব আল হাসান
ছবি: বিসিবি
১৫: ০৬ , অক্টোবর ১৭

আবার মেহেদী

স্বস্তিতে ছিলেন না ক্যালাম ম্যাকলাউড। তাঁকে মুক্তি দিলেন মেহেদী। কাট করতে গিয়ে মিস করে গেছেন স্কটল্যান্ড ব্যাটসম্যান, মেহেদী পেয়েছেন নিজের তৃতীয় উইকেট। ৫৩ রানেই ৬ষ্ঠ উইকেট হারিয়েছে স্কটিশরা।

১৫: ১১ , অক্টোবর ১৭

স্পিন, স্পিন, স্পিন

৬ ওভারে, ২১ রান, ৫ উইকেট। সাকিব ও মেহেদীর বোলিংয়ের কোনো জবাবই খুঁজে পাচ্ছে না স্কটল্যান্ড। সুযোগটা নিলেন মাহমুদউল্লাহও। তৃতীয় স্পিনার হিসেবে আফিফ হোসেনকে এনেছেন তিনি। আফিফকে অবশ্য রিভার্স সুইপে চার মেরেছেন ক্রিস গ্রিভস। স্কটল্যান্ড ৬৫/৬, ১৩ ওভার।

১৫: ১১ , অক্টোবর ১৭

তামিম ইকবাল...

১৫: ১৭ , অক্টোবর ১৭

শেষ করলেন মেহেদী

৪ ওভার। ১১ ডট বল। ৩ উইকেট। বোলিং স্পেল শেষ করলেন মেহেদী হাসান। শেষ ওভারে অবশ্য দিয়েছেন ১২ রান। তাঁর ফুলটসে রিভার্স সুইপে ছয় মেরেছেন ক্রিস গ্রিভস।

স্কটল্যান্ড ৭৭/৬, ১৪ ওভার।

১৫: ২৬ , অক্টোবর ১৭

শেষ করলেন সাকিবও

৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট। স্পেল শেষ করলেন সাকিবও। তিনি দিয়েছেন ১২টি ডট বল।

১৫: ৩২ , অক্টোবর ১৭

ফিফটি জুটি, তাসকিনের ব্রেকথ্রু

শর্ট থার্ডম্যানে কঠিন একটা সুযোগ গিয়েছিল তাসকিন আহমেদের কাছে, তবে নিতে পারেননি সেতা। ১৭তম ওভারে এসে দলীয় ১০০ রান পূর্ণ করেছে স্কটল্যান্ড, এবার তাদের ফিফটি এসেছে ৪৮ বলে। মার্ক ওয়াট ও ক্রিস গ্রিভসের জুটি ছুঁয়েছে পঞ্চাশ।

তাসকিন এরপর বোলিংয়ে ফিরেই পেয়েছেন উইকেট। ওয়াট তুলে মারতে গিয়ে ধরা পড়েছেন সৌম্য সরকারের হাতে। ভালো একটা ব্রেকথ্রু দিলেন তাসকিন।

স্কটল্যান্ড ১০৪/৭, ১৭.১ ওভার।

১৫: ৩৮ , অক্টোবর ১৭

উইকেটের পর ঝড়

প্রথম বলে উইকেট, শেষ বলে ডট। তবে মাঝে তাসকিনের ওপর দিয়ে ঝড় বইয়ে দিলেন ক্রিস গ্রিভস। মাঝের তিন বলে দুইটি চার ও একটি ছয় মেরেছেন গ্রিভস। মার্ক ওয়াট ফিরলেও গ্রিভসের গতি কমেনি মোটেও।

১৫: ৫০ , অক্টোবর ১৭

স্কটল্যান্ড ১৪০/৯, ২০ ওভার

তৃতীয় ওভারের প্রথম উইকেট হারিয়েছিল স্কটল্যান্ড। জর্জ মানসি ও ম্যাথু ক্রস সে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন একটু। তবে এরপর মেহেদী হাসান ও সাকিব আল হাসানের স্পিন-ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে স্কটল্যান্ড। সে সময় ৮ রানের ব্যবধানে তারা হারিয়েছে ৫ উইকেট।

মার্ক ওয়াট ও ক্রিস গ্রিভসের ৫১ রানের জুটিতে স্কটল্যান্ড এরপর পেরিয়েছে ১০০। ওয়াট ফিরলেও ক্রিস গ্রিভস খেলেছেন ঝোড়ো ইনিংস। ২৮ বলে ৪৫ রান করে শেষ পর্যন্ত মোস্তাফিজের বলে ক্যাচ দিয়েছেন তিনি। পরের বলে জশ ডেভিকেও ফিরিয়েছেন মোস্তাফিজ। শেষ ২ বলে ৮ রান নিয়ে অবশ্য স্কটল্যান্ডের শেষটা ইতিবাচকই করেছেন সাফিয়ান শরীফ।

তবে ১৪০ রানের স্কোর যথেষ্ট হবে বাংলাদেশকে আটকাতে?

১৬: ১০ , অক্টোবর ১৭

ফিরলেন সৌম্য

প্রথম ওভারে এমন একটা শটেই চার পেয়েছিলেন সৌম্য। পরের ওভারে অবশ্য দিলেন ক্যাচ। জশ ডেভিকে তুলে মারতে গিয়ে মিডউইকেটে জর্জ মানসির হাতে ধরা পড়েছেন বাংলাদেশ ওপেনার, ৫ বলে ৫ রান করেই।

সৌম্যর আগের ওভারের ওই শটের পর লেগসাইডে বাউন্ডারিতে দুজন ফিল্ডারকে রেখেছিলেন কাইল কোয়েটজার, সৌম্য ধরা পড়লেন সে ফাঁদেই। ধারাভাষ্যে থাকা অ্যালান উইলকিনসের মতে, সে ক্যাচ ধরার জন্য মানসি এমনভাবে অপেক্ষা করছিলেন, ট্রেন ধরতে কেউ যেমন করেন।

বাংলাদেশ ৮/১, ১.৩ ওভার।

১৬: ১৯ , অক্টোবর ১৭

এবার নেই লিটন

জোরের ওপর খেলতে গেলেন লিটন দাস। তবে মিড-অফে ধরা পড়লেন সরাসরি। ব্যাক অব দ্য হ্যান্ডে একটু ধীরগতির ডেলিভারি ছিল ব্র্যাড হুইলের। লিটন সেটা সামাল দিতে পারেননি। বাংলাদেশ হারিয়েছে দ্বিতীয় উইকেট।

বাংলাদেশ ১৮/২, ৩.৩ ওভার।

১৬: ৩৩ , অক্টোবর ১৭

চাপ!

সৌম্য সরকারের পর লিটন দাসের উইকেট চাপে ফেলে দিয়েছে বাংলাদেশকে। সাকিব আল হাসানের সঙ্গে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম, তবে আপাতত পুনর্গঠনের দিকেই মনযোগ দিতে হচ্ছে তাঁদের। পাওয়ার প্লের ৬ ওভারে বাংলাদেশ তুলেছে ২৫ রান। এ সময়ে ১ উইকেটে ৩৯ রান ছিল স্কটল্যান্ডের।

১৬: ৪৬ , অক্টোবর ১৭

মুশফিকের আক্রমণ

বাড়ছিল প্রয়োজনীয় রান-রেট, বাড়ছিল চাপ। মুশফিকুর রহিম বের করে আনলেন তাঁর প্রিয় স্লগ সুইপ। পরপর দুই বলে লিস্ককে মারলেন ছয়। প্রথমটা স্কয়ার লেগ, পরেরটা গেল মিডউইকেট দিয়ে। ৯ম ওভারে উঠল ১৮ রান। নিশ্চিতভাবেই এমন একটা ওভার দরকার ছিল বাংলাদেশের।

১৬: ৫৩ , অক্টোবর ১৭

ইনিংসের মাঝপথে...

৮ম ওভার শেষেও স্কটল্যান্ডের চেয়ে পিছিয়ে ছিল বাংলাদেশ। মুশফিকের ওই ওভারের পর এগিয়ে গেছে অনেকটাই। ১০ ওভার শেষে স্কটল্যান্ডের ৩ উইকেটে ৫১ রানের বিপরীতে বাংলাদেশ তুলেছে ২ উইকেটে ৫৯ রান। শেষ ১০ ওভারে প্রয়োজন ৮২ রান। মুশফিক অপরাজিত আছেন ২৫ বলে ২৮ রানে, সাকিব ব্যাটিং করছেন ২৩ বলে ১৭ রানে।

১৭: ০৩ , অক্টোবর ১৭

সাকিবের উইকেটে ভাঙল জুটি

আগের বলে রান-আউটের হাত থেকে বেঁচে গিয়েছিলেন সাকিব। তবে জীবন পেয়ে বেশিদূর এগোনো হলো না তাঁর। ক্রিস গ্রিভসের প্রথম বলটা ছিল লং-হপ। সাকিব তুলে মারতে গিয়েছিলেন, সীমানার ওপর ডানদিকে ছোটা ক্যালাম ম্যাকলাউডের হাতে ধরা পড়েছেন। ভাঙলো মুশফিকের সঙ্গে ৪৭ রানের জুটি।

বাংলাদেশ ৬৫/৩, ১১.১ ওভার।

১৭: ১২ , অক্টোবর ১৭

স্বপ্নের রাতে ছুটছেন গ্রিভস

স্বপ্নের মতো একটা রাত যাচ্ছে ক্রিস গ্রিভসের। প্রথমে করেছেন ২৮ বলে ৪৫ রান। এরপর ফিরিয়েছেন সাকিবকে। এরপর নিলেন এখন পর্যন্ত বাংলাদেশ ইনিংসে সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটা। তাঁর গুগলিতে স্কুপ করতে গিয়ে পুরোপুরি মিস করে গেছেন মুশফিকুর রহিম। ৩৬ বলে ৩৮ রানেই ফিরতে হলো মুশফিককে, ৭৪ রানে বাংলাদেশ হারাল চতুর্থ উইকেট।

১৭: ১৭ , অক্টোবর ১৭

শেষ পর্যন্ত ফল হবে কী? 

১৭: ২২ , অক্টোবর ১৭

ডেথ ওভারে ধীরগতি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ডেথ ওভারে (১৬-২০) বাংলাদেশের রান তোলার গতি ৮.৩৯। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মাঝে এর চেয়ে কম গতিতে রান তুলেছে শুধু শ্রীলঙ্কা।

১৭: ২৯ , অক্টোবর ১৭

১৮ বল ৩৭ রান

বাকি আছে ৬ উইকেট, তবে প্রয়োজনীয় রান-রেট বাংলাদেশের জন্য বেশ কঠিন। ১৭তম ওভারের শেষ বলে রিভার্স স্কুপে মারা মাহমুদউল্লাহর চার অবশ্য আশা জুগিয়েছে আরেকটু। এ ওভারে আফিফও মেরেছেন একটা চার। শেষ ১৮ বলে বাংলাদেশের প্রয়োজন ৩৭ রান।

১৭: ৩৩ , অক্টোবর ১৭

এবার আফিফ

দুজনের মাঝে আশা জোগাচ্ছিলেন আফিফই। তবে মার্ক ওয়াটকে স্লগ করতে গিয়ে মিডউইকেটে সরাসরি ক্যাচ দিলেন তিনি, ধরা পড়লেন জশ ডেভির হাতে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়াটের এটি ৫০তম উইকেট।

১৭: ৪২ , অক্টোবর ১৭

হুইলের জোড়া উইকেটের ওভার

নুরুল হাসান। মাহমুদউল্লাহ। ব্র্যাড হুইলের ৫ বলের ব্যবধানে ফিরলেন দুজনই। দুজনই দিয়েছেন ক্যাচ। দুজনই ধরা পড়েছেন ক্যালাম ম্যাকলাউডের হাতে। নুরুলের ক্যাচটা একেবারে সীমানার ওপর নিয়েছেন ম্যাকলাউড, মাহমুদউল্লাহরটা অবশ্য ছিল তুলনামূলক সহজই। মাহমুদউল্লাহ মাঝে একটা ছয় মেরেছিলেন, এরপরও ১৯তম ওভারে এসেছে মাত্র ৮ রান। শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ২৪ রান।

১৭: ৫০ , অক্টোবর ১৭

দুর্দান্ত স্কটল্যান্ডের কাছে অসহায় বাংলাদেশ

১১.৩ ওভার, ৫৩ রান, ৬ উইকেট। স্কটল্যান্ড ছিল বিধ্বস্ত। তবে স্কটল্যান্ড দমলো না। ক্রিস গ্রিভসের স্বপ্নের রাতে এ ম্যাচেই বাংলাদেশকে হারিয়ে দিল স্কটল্যান্ড! ১৪১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ঠিক পথে ছিল না সেভাবে। মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের জুটি চাপটা সামাল দিয়েছিল, তবে পার করাতে পারেনি। টপ অর্ডার এদিন ব্যর্থ, মিডল অর্ডারে বলের সঙ্গে পাল্লা দিয়ে ওঠেনি রান। শেষের কাজটা তাই ছিল বেশ কঠিন। শেষ ওভারে প্রয়োজন ছিল ২৪ রান, একটি করে ছয় ও চার মেরে মেহেদী হাসান বৃথা চেষ্টাই করেছেন শুধু। বাংলাদেশ থেমেছে ১৩৪ রানে। স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরে বিশ্বকাপ শুরু হয়েছে মাহমুদউল্লাহর দলের।