জুটি ভাঙলেন সাব্বির

কিছুটা আর্দ্রতা আছে। উইকেটে সুইং থাকবে—এ যুক্তিতে নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ৩৮ রানেই দুই স্কটিশ ব্যাটসম্যানকে ফিরিয়ে শুরুতেই তার সুফলও পেল বাংলাদেশ। তবে এরপরই দাঁড়িয়ে গেল কাইল কোয়েতজার-ম্যাট ম্যাচান জুটি। দুজনের তৃতীয় উইকেট জুটি বেশ কিছুক্ষণ ভোগাল বাংলাদেশকে। অবশেষে এ জুটি ভেঙেছেন সাব্বির রহমান। সর্বশেষ, স্কটল্যান্ডের সংগ্রহ ২৪ ওভারে ৩ উইকেটে ১১৬ রান।
তৃতীয় ওভারেই মাশরাফির বলে মাহমুদউল্লাহর সহজ ক্যাচের শিকার হয়ে ফেরেন ওপেনার ক্যালাম ম্যাকলাউড। ফেরার আগে সংগ্রহ ১১ রান। কিছুক্ষণ পর তাসকিন আহমেদের বলে সৌম্য সরকারের দারুণ এক ক্যাচে পরিণত হয়ে ফেরেন হামিশ গার্ডিনার (১৯ রান)। এরপর তৃতীয় উইকেটে দলকে কক্ষপথে ফেরান কোয়েতজার-ম্যাচান। এ জুটিতে এল ৭৮ রান। সাব্বিরের হাতে লোপ্পা ক্যাচ তুলে দেওয়ার আগে ম্যাচানের সংগ্রহ ৩৫ রান। কোয়েতজার অপরাজিত ৪৮ রানে।