টসে জিতে বোলিং নিল বাংলাদেশ
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টস জিতেছেন মাশরাফি মুর্তজা। বৃষ্টিভেজা মাঠে সবুজ পিচ টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছে অধিনায়ককে। চারজন পেসার নিয়ে খেলতে নামছে বাংলাদেশ।
ম্যাচের আগে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ছিল অনিশ্চয়তা। চোটের কারণে ভারত অধিনায়ক এই ম্যাচে খেলবেন কি না তা নিয়ে সন্দিহান ছিল অনেকেই, কিন্তু সব অনিশ্চয়তা দূরে সরিয়ে ধোনিই নামেন টস করতে। তবে টসে হেরেছেন তিনি।
টস জিতে বোলিং নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মাশরাফি বলেছেন, ‘কুয়াশা খুব বড় একটা ভূমিকা রাখবে। তবে উইকেট খুব একটা পরিবর্তন হবে না। আমরা চার পেসার ও সাত ব্যাটসম্যান নিয়ে নেমেছি আজ।’ ওদিকে ব্যাটিং পেয়েও খুব একটা হতাশ নন ধোনি, ‘আশা করি টস খুব একটা গুরুত্বপূর্ণ হবে না। পিচ একটু নরম, কিন্তু আমরা সব পরিস্থিতির জন্য প্রস্তুত।’
বাংলাদেশ দল: ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি মুর্তজা, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।