ফিরে গেলেন তামিম-ইমরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালো কিছুর ইঙ্গিত দিয়েও পারলেন না তামিম! ছবি: এএফপি
ভালো কিছুর ইঙ্গিত দিয়েও পারলেন না তামিম! ছবি: এএফপি

৩০৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ভালোই এগোচ্ছিল বাংলাদেশ। হঠাৎ​ই ছন্দপতন। ৩৩ রানে ফিরে গেলেন দুই ওপেনার। উমেশ যাদবের বলটা তামিম ইকবালের ব্যাট ছুঁয়ে ঠাঁই নিল মহেন্দ্র সিং ধোনির গ্লাভসে। ফেরার আগে তামিমের ব্যাট থেকে এসেছে ২৫ বলে ২৫ রান। তামিম ফিরে যাওয়ার ঠিক পরেই এক ভুল বোঝাবুঝিতে রানআউটে কাটা পড়েছেন ইমরুল কায়েস। ফেরার আগে ইমরুলের সংগ্রহ ১৪ বলে ৫ রান। সর্বশেষ, বাংলাদেশের সংগ্রহ ৮ ওভারে ২ উইকেটে ৩৮ রান।

 এমন দুটো সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গেল! এটাকে বাজে আম্পায়ারিং ছাড়া কী হিসেবেই বা অভিহিত করা যায়? প্রথমে সুরেশ রায়নার বিপক্ষে পরিষ্কার এলবি ডব্লউ’র  সিদ্ধান্তটা দিলেন না আম্পায়ার ইয়ান গোল্ড, পরে রোহিত শর্মার ক্যাচটি বাতিল করা হল ‘নো’ বলের এক সিদ্ধান্তে। প্রথমটায় রিভিউয়ের আশ্রয় নিয়েও ‘ইমপ্যাক্টে’র প্যাঁচে পড়ে সিদ্ধান্তটা গেল বাংলাদেশের বিরুদ্ধেই। অথচ মাশরাফির বলটি কিন্তু ঠিকই ভেঙে দিচ্ছিল রায়নার লেগ স্টাম্প। ওটা না হয় নিয়মের মধ্যেই ছিল, কিন্তু দ্বিতীয়টায় হতবাক স্টারস্পোর্টসের বিজ্ঞ ধারাভাষ্যকারেরাও।
যে দুই ব্যাটসম্যান বেঁচে গেলেন আম্পায়ারের বদান্যতায়, ভারতীয় ইনিংস শেষে ‘হিরো’ কিন্তু তাঁরাই। রোহিত শর্মার সেঞ্চুরি (১৩৭) আর সুরেশ রায়নার ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া এক ফিফটিতেই (৬৫) ৩০২ রানের এক স্বাস্থ্যকর সংগ্রহ ভারতের।

এবারের বিশ্বকাপে তেমন একটা ফর্মে ছিলেন না একদিনের ক্রিকেটে অনন্য এক দ্বি-শতকের মালিক রোহিত শর্মা। ফর্মে ফেরার জন্য তিনি বেছে নিলেন দারুণ এক মঞ্চই। তাঁর রানের অনন্য এক সেঞ্চুরিই আজ ভারতীয় ইনিংসের মেরুদণ্ড। কিন্তু কথা তো থেকেই যাচ্ছে। ৯০ রান পর্যন্ত তাঁর ইনিংসটি নিয়ে কোনো কথা নেই। কিন্তু আম্পায়ার গোল্ডের দেওয়া ‘নো’ বলের ওই ভুল সিদ্ধান্তের পর তিনি যে বাকি ৪৭টি রান করলেন তার বিচার বাংলাদেশ কার কাছে চাইতে যাবে? আইসিসি? আজ মেলবোর্নে ‘হাইট নো’এর নামে যা ঘটেছে, এ জন্য আইসিসির লজ্জা হওয়া উচিত।
টস জিতে ব্যাট করতে নামা ভারতের শুরুটা ছিল ভালোই। ৭৫ রানের উদ্বোধনী জুটির পর প্রথম আঘাত হানেন সাকিব আল হাসান। তাঁর বলে ব্যক্তিগত ৩০ রানে মুশফিকুর রহিমের হাতে স্টাম্পিং হন শিখর ধাওয়ান। অল্প পরেই রুবেলের বলে উইকেটের পেছনে ওই মুশফিকুর রহিমের হাতেই ক্যাচ দেন বিরাট কোহলি। সংক্ষিপ্ত সময়ের ব্যবধানে দুই বিপজ্জনক ব্যাটসম্যানের বিদায় দারুণ উজ্জীবিত করে তুলেছিল বাংলাদেশের বোলারদের। এ সময় দারুণ নিয়ন্ত্রিত বল করে ভারতকে রীতিমতো চেপে ধরেছিল সাকিব, রুবেল, নাসিররা। এই চাপের মধ্যেই তাসকিনের বলে অজিঙ্কা রাহানের ক্যাচ তালুবন্দী করেন সাকিব।
হ্যাঁ, বোলার নাসির হোসেনের নাম নিতেই হচ্ছে। ইনিংসের শুরুতেই রোহিত ও শিখর যখন বাংলাদেশের বোলারদের ওপর শাসন করছিলেন, ঠিক তখনই প্রথম পরিবর্তনে বল করতে এসে নাসির হোসেনই পাল্টা লড়াইয়ের সাহস জুগিয়েছিলেন। তাঁর বোলিং পরিসংখ্যানটা দেখুন, ৯ ওভারে তিনি রান দিয়েছেন মাত্র ৩৫।

বাংলাদেশের বোলারদের বোলিংয়ে তখন কাঁপছিলেন সুরেশ রায়না আর রোহিত শর্মা। ঠিক এই সময়ই মাশরাফির বলে রায়নার বিরুদ্ধে হল এলবি’র আবেদন। আম্পায়ার গোল্ড তা বাতিল করে দিলেন। আত্মবিশ্বাসী মাশরাফি রিভিউ নিলেন দেখা গেল বলের ইমপ্যাক্ট লেগ স্টাম্পের বাইরে হলেও তা ঠিকই আঘাত করত লেগ স্টাম্পে।
রায়না আর রোহিত শর্মার যুগলবন্দী স্কোরবোর্ডে যোগ করেন ১২২ রান। ১৫.৫ ওভারে ওভারপ্রতি ৭ রান করে তুলে এই দুই ব্যাটসম্যান ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন নিজেদের হাতে। রায়নাকে ফেরান মাশরাফি। রোহিত আউট হন তাসকিনের বলে।
ভারতীয় ইনিংসে ‘ফিনিশিং টাচ’টি দেন রবীন্দ্র জাদেজা। তাঁর ১০ বলে ২৩ রানের অপরাজিত-ঝোড়ো ইনিংসটাই মূলত ভারতের ইনিংস তিনশ পার করিয়ে দেয়। তাসকিনের বলে ধোনির ক্যাচ তালুবন্দী করেন নাসির হোসেন।
মাশরাফি আর তাসকিন-দুজনেই দিয়েছেন ৬৯ রান করে। তবে ৩টি উইকেট কিন্তু নিজের ঝুলিতে নিয়ে নিয়েছেন তাসকিন। একটি করে উইকেট নিয়েছেন মাশরাফি, রুবেল, সাকিব।
সেমিফাইনালে যেতে বাংলাদেশকে এখন করতে হবে ৩০৩। লক্ষ্যটা কী খুবই দুরূহ? খুব সম্ভবত নয়। এই বিশ্বকাপেই তো ৩১৮ রান তাড়া করে জেতার রেকর্ড আছে বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচটিতেও তো বাংলাদেশের সংগ্রহ ২৮৯। ভারতের বিপক্ষে ২০১২ সালে সর্বশেষ জয়টার কথা ভুলে গেলে চলবে কেন? শচীন টেন্ডুলকারের শততম আন্তর্জাতিক সেঞ্চুরির দিন ভারতের সংগৃহীত ২৮৯ রান তাড়া করে জয় পেয়েছিল বাংলাদেশ। আজকের স্কোরটা কী খুব কঠিন? চেষ্টা করে দেখুক না তামিম-সাকিব-মাহমুদউল্লাহরা। সামর্থ্য, যাকে বলে, সেটা তো তাঁদের আছেই।

শিখর ধাওয়ান বিপজ্জনক হয়ে উঠেছিলেন। বল হাতে নিয়েই তাঁকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেললেন সাকিব আল হাসান। ছবি: এএফপি
শিখর ধাওয়ান বিপজ্জনক হয়ে উঠেছিলেন। বল হাতে নিয়েই তাঁকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেললেন সাকিব আল হাসান। ছবি: এএফপি