পাকিস্তানকে ১৪২ লক্ষ্য দিতে পারল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামিমের অভিব্যক্তিই বলে দিচ্ছে শুরুটা তাঁর কেমন হয়েছে। ছবি: এএফপি
তামিমের অভিব্যক্তিই বলে দিচ্ছে শুরুটা তাঁর কেমন হয়েছে। ছবি: এএফপি

টস জিতে ব্যাটিং নেওয়ার পর বাংলাদেশের এমন শুরু! তামিম ইকবাল–নাঈম হাসান শুরু করলেন ওয়ানডের মেজাজে। পাওয়ার প্লেতে ৫.৮৩ রান রেটে বাংলাদেশ তুলতে পারল ৩৫। পুরো ইনিংস চলল এমনই খুড়িয়ে খুড়িয়ে। লাহোরে সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে বাংলাদেশ করতে পেরেছে ৫ উইকেটে ১৪১।

এবারের বিপিএলে তামিম যেভাবে ব্যাটিং করেছেন, লাহোরে আজ সেটিরই পুনরাবৃত্তি করলেন। সেই ধীর–লয়ে শুরু। স্ট্রাইকরেট কখনো কখনো ৫০–এর নিচে চলে এল। কিন্তু বিপিএলে তাঁর অন্য প্রান্তের ব্যাটসম্যান অন্তত ঝুঁকি নিতেন। আজ পাকিস্তানের বিপক্ষে তামিমের উদ্বোধনী জুটির সঙ্গী মোহাম্মদ নাঈম সেই ঝুঁকিটাও নিলেন না। দুজন এগোতে থাকলেন টি–টোয়েন্টিবিরুদ্ধ ধীর গতিতে। কোনো উইকেট না হারিয়ে ১০ ওভারে বাংলাদেশের স্কোর ৬২ রান এলেও সেটি মোটেও টি–টোয়েন্টিসুলভ হয়নি। উইকেট যেহেতু ব্যাটিং–সহায়ক, সে হিসেবে বাংলাদেশের দুই ওপেনারের খেলার ধরন নিয়ে প্রশ্ন উঠবেই।

অবশ্য এই ধীরগতিতে ব্যাটিং করেও একটি রেকর্ডে নাম তুলেছেন তামিম–নাঈম। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম কোনো ওপেনিং জুটি ৫০ পেরোলো। তা–ই নয়, দুজন এগোচ্ছিলেন আরেকটি রেকর্ড গড়তে। টি–টোয়েন্টিতে বাংলাদেশের ওপেনিং জুটিতে সর্বোচ্চ ৭৪ রান এসেছে। ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বলে ৭৪ রানের জুটি গড়েছিল তামিম–লিটন দাসের ওপেনিং জুটি।

আজ তামিম–নাঈমের জুটি থেমেছে ৭১ রানে (৬৬ বলে)। শাদাব খানকে ডিপ স্কয়ারে ঠেলে দুই রান নিতে গিয়ে তামিম রানআউট হয়েছেন ৩৪ বলে ৩৯ রান করে। অভিজ্ঞ বাঁহাতি ওপেনার ফেরার পরও যে বাংলাদেশের রানের গতি বেড়েছে, তা নয়। ১৪.৩ ওভারে রানআউটের শিকার লিটন দাসও। ঠিক এক বল পর বিদায় নিয়েছেন নাঈমও (৪৩)। বিপিএল দারুণ খেলা আফিফ হোসেন ও সৌম্য সরকার দুজন বোল্ড হয়েছেন দুই কারণে। আফিফ হার মেনেছেন হারিস রউফের গতির কাছে। আর সৌম্য বুঝতে পারেননি শাহিন আফ্রিদির স্লোয়ারটা।     

হাতে উইকেট থাকার পরও  ইনিংসে কখনোই সাতের ওপর রান রেট নিতে পারেনি বাংলাদেশ। শেষ ওভারে ১৩ রান তোলায় স্কোরটা কোনোভাবে ১৪০ পেরিয়েছে। অধিনায়ক মাহমুদউল্লাহ অপরাজিত ছিলেন ১৪ বলে ১৯ রান করে। অন্য প্রান্তে মিঠুন ছিলেন ৩ বলে ৫ রান করে।