সম্প্রচার শেষ ০১ সেপ্টেম্বর ২০২১

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি

৭ উইকেটে জিতে গেল বাংলাদেশ

০৯: ৩৪ , সেপ্টেম্বর ০১

টস

সিরিজের প্রথম ম্যাচে টসে জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

০৯: ৪০ , সেপ্টেম্বর ০১

বাংলাদেশ একাদশ

স্বাভাবিকভাবেই দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাসরা। সুযোগ পাননি সৌম্য সরকার, শামীম হোসেন।

মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান

০৯: ৪২ , সেপ্টেম্বর ০১

নিউজিল্যান্ড একাদশ

কিউইদের হয়ে অভিষেক হচ্ছে দুজনের- কোল ম্যাককনকি ও রচিন রবীন্দ্রর।

টম ব্লান্ডেল, রচিন রবীন্দ্র, টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, হেনরি নিকলস, কলিন ডি গ্র্যান্ডহোম, ডগ ব্রেসওয়েল, জ্যাকব ডাফি, কোল ম্যাককনকি, এজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার

১০: ০১ , সেপ্টেম্বর ০১

মেহেদী হাসানকে দিয়ে আক্রমণ শুরু

স্পিনার মেহেদী হাসানকে দিয়ে বোলিং শুরু করিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। নিউজিল্যান্ডের হয়ে ওপেন করতে নেমেছেন টম ব্লান্ডেল ও রচিন রবীন্দ্র।

১০: ০৩ , সেপ্টেম্বর ০১

তৃতীয় বলেই উইকেট!

ইনিংসের তৃতীয় বলেই রচিন রবীন্দ্রকে ক্যাচে পরিণত করলেন মেহেদী। অভিষেকেই ‘গোল্ডেন ডাক’ মেরে আউট হলেন তিনি। নিউজিল্যান্ড ১ ওভারে ১ উইকেটে ২ রান তুলেছে।

১০: ০৯ , সেপ্টেম্বর ০১

অন্য প্রান্ত থেকে আক্রমণে নাসুম

মেহেদীর ওভার শেষে অন্য প্রান্ত থেকে আরও এক স্পিনারকে বোলিংয়ে এনেছেন মাহমুদউল্লাহ। বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদ ইনিংসের দ্বিতীয় ওভারে ৪ রান দেন। নিউজিল্যান্ড ২ ওভারে ১ উইকেটে ৬ রান তুলেছে। ব্যাট করছেন টম ব্লান্ডেল ও উইল ইয়ং।

১০: ১২ , সেপ্টেম্বর ০১

এসেই উইকেট সাকিবের!

ইনিংসে তৃতীয় ওভারের পঞ্চম বলে সাকিব আল হাসানকে কাট করতে গিয়ে বল স্টাম্পে টেনে আনেন উইল ইয়াং। নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পেলেন সাকিব। ১১ বলে ৫ রান করে আউট হলেন ইয়াং। নিউজিল্যান্ড ৩ ওভার শেষে ২ উইকেটে ৮ রান তুলেছে।

১০: ১৫ , সেপ্টেম্বর ০১

আবারও উইকেট, এবার শিকারি নাসুম

চতুর্থ ওভারে নাসুম আহমেদ বোলিংয়ে এসে তুলে নেন কলিন ডি গ্র্যান্ডহোমকে। তুলে মারতে গিয়ে ক্যাচ দেন তিনি। বাংলাদেশের তিন স্পিনারই শুরুতেই উইকেটের দেখা পেলেন।

১০: ১৮ , সেপ্টেম্বর ০১

নাসুমের এক ওভারে দুই উইকেট!

বাংলাদেশের তিন স্পিনারের সামনে নিউজিল্যান্ডের টপ অর্ডার দাঁড়াতেই পারল না! চতুর্থ ওভারে গ্র্যান্ডহোমকে আউট করার দুই বল পর আবারও উইকেটের দেখা পেলেন নাসুম। ৬ বলে ২ রান করা ব্লান্ডেল তাঁর আর্ম বলে বোল্ড আউট হন। ৪ ওভার শেষে নিউজিল্যান্ড ৪ উইকেটে ৯ রান তুলেছে।

বোলিংয়ে এসেই সাফল্যের দেখা পেয়েছেন নাসুম
ছবি: প্রথম আলো
১০: ২০ , সেপ্টেম্বর ০১

প্রথম ৪ ওভারে ৪ উইকেট নিল বাংলাদেশ

টি–টোয়েন্টিতে বোলিংয়ে বাংলাদেশ এত ভালো শুরু শেষ কবে পেয়েছিল? প্রথম ৪ ওভারের মধ্যে শুধু দ্বিতীয় ওভারে উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। প্রথম ওভারে রচিন রবীন্দ্রকে তুলে নেন মেহেদী, তৃতীয় ওভারে ইয়াংকে ফেরান সাকিব এবং চতুর্থ ওভারে গ্র্যান্ডহোম এবং ব্লান্ডেলকে তুলে নেন নাসুম।

১০: ২২ , সেপ্টেম্বর ০১

১০ রানের মধ্যে এই প্রথম ৪ উইকেট!

টি–টোয়েন্টিতে এই প্রথম প্রতিপক্ষের ১০ রানের মধ্যে ৪ উইকেট নিলেন বাংলাদেশের বোলাররা। এর আগে ২০১৬ সালে ২৮ রানে ৪ উইকেট নিয়েছিল বাংলাদেশ, প্রতিপক্ষ ছিল পাকিস্তান।

বোলিংয়ে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ
ছবি: প্রথম আলো
১০: ২৬ , সেপ্টেম্বর ০১

বোলিংয়ে মোস্তাফিজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দারুণ বল করা মোস্তাফিজকে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংসের ষষ্ট ওভারে বোলিংয়ে আনেন অধিনায়ক মাহমুদউল্লাহ। নিজের প্রথম ওভারে ৮ রান দেন তিনি। নিউজিল্যান্ড ৬ ওভার শেষে ৪ উইকেটে ১৮ রান তুলেছে।

১০: ২৮ , সেপ্টেম্বর ০১

পাওয়ার–প্লেতে দারুণ শুরু বাংলাদেশের

পাওয়ার প্লে–র ৬ ওভার শেষে ৪ উইকেটে ১৮ রান তুলেছে নিউজিল্যান্ড। একে তো মন্থর শুরু, পাশাপাশি স্পিনারদের খেলতে না পারায় দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়েছে কিউইরা।

টপ অর্ডারে প্রথম চার ব্যাটসম্যান ব্লান্ডেল, রবীন্দ্র, ইয়াং ও গ্র্যান্ডহোমের স্কোর যথাক্রমে ২,০,৫,১।

১০: ৩৫ , সেপ্টেম্বর ০১

কতদূর যাবে নিউজিল্যান্ড? 

১০: ৪১ , সেপ্টেম্বর ০১

১০ ওভার শেষে ৫০ রানও তুলতে পারেনি নিউজিল্যান্ড

বাংলাদেশের বোলারদের কাছ থেকে রান বের করতে পারছেন না নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। ১০ ওভার শেষে ৪ উইকেটে ৪০ রান তুলেছে সফরকারী দল। উইকেটে রয়েছেন অধিনায়ক টম লাথাম (২২ বলে ১৭*) ও হেনরি নিকোলস (১৬ বলে ১২*)।

১০: ৪৬ , সেপ্টেম্বর ০১

ফিরলেন নিউজিল্যান্ড অধিনায়কও

সাইফউদ্দিন বোলিংয়ে এলেন, প্রথম ওভারে সফল তিনিও। লেগসাইডের বলে তুলে মারতে গিয়ে ফিরলেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম, ২৫ বলে ১৮ রান করে। ৪৩ রানে ৫ম উইকেট হারাল নিউজিল্যান্ড, হেনরি নিকোলসের সঙ্গে ল্যাথামের জুটিতে উঠেছে ৩৪ রান।

১০: ৫১ , সেপ্টেম্বর ০১

দুই অভিষেক, দুই শূন্য

যেন তর সইছে না নিউজিল্যান্ডের।

অভিষেকে শূন্যতে ফিরেছিলেন রচিন রবীন্দ্র, কোল ম্যাককনকির ভাগ্যটাও বদলাল না। পার্থক্য, ম্যাককনকি খেললেন ৩ বল। সাকিব আল হাসানের ফুললেংথের বলে ঘুরিয়ে খেলতে গিয়ে শর্ট মিডউইকেটে মসুহফিকুর রহিমের সহজ ক্যাচে পরিণত হয়েছেন ম্যাককনকি। ৪৫ রানে ৬ষ্ঠ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।

১০: ৫৬ , সেপ্টেম্বর ০১

নিকোলসকেও হারাল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের যা একটু আশা হয়ে ছিলেন হেনরি নিকোলস। আপাতত শেষ সেটিও। সাইফউদ্দিনকে তুলে মারতে গিয়েছিলেন নিকোলস, লং-অনে ধরা পড়েছেন মুশফিকের হাতে। ৪৯ রানে ৭ম উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।

১১: ০৩ , সেপ্টেম্বর ০১

সফল মোস্তাফিজও

মোস্তাফিজের ভেতরের দিকে ঢোকা বলে শুধু ব্যাটটাই চালালেন এজাজ প্যাটেল। নাগাল পেলেন না অবশ্য। ফুললেংথের বলটা মিস করে প্যাটেল হলেন বোল্ড, ৫২ রানে ৮ম উইকেট হারাল নিউজিল্যান্ড। টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন রানের রেকর্ডটা হাতছানি দিচ্ছে নিউজিল্যান্ডকে!

১১: ০৬ , সেপ্টেম্বর ০১

ব্রেসওয়েলের কিইবা করার আছে!

স্বীকৃত ব্যাটসম্যানরাই কিছু করতে পারেননি, ডগ ব্রেসওয়েল সেখানে কী করবেন! মোস্তাফিজ ফিরলেন কাটার নিয়ে। বলটা থেমে গেল ক্রিজে পড়ে, আগেভাগেই শট খেলা ব্রেসওয়েল শুধু স্কয়ার লেগে মেহেদীর হাত পর্যন্তই নিতে পারলেন সেটা। ৫৫ রানে ৯ম উইকেট হারাল নিউজিল্যান্ড।

১১: ১৭ , সেপ্টেম্বর ০১

অস্ট্রেলিয়া ৬২, নিউজিল্যান্ড ৬০

অস্ট্রেলিয়াকে তাদের ইতিহাসের সর্বনিম্ন রানের রেকর্ডটা (৬২) উপহার দিয়েছিল বাংলাদেশ। সেটা ছিল সিরিজের শেষ ম্যাচ। নিজেদের ঠিক পরের ম্যাচে বাংলাদেশ সর্বনিম্ন রানের রেকর্ড উপহার দিল নিউজিল্যান্ডকেও।

মোস্তাফিজুর রহমানকে তুলে মারতে গিয়ে সাইফউদ্দিনের দারুণ ক্যাচে পরিণত হয়েছেন জ্যাকব ডাফি, নিউজিল্যান্ড গুটিয়ে গেছে ৬০ রানেই। কিউইদের ইতিহাসে যৌথভাবে সর্বনিম্ন স্কোর এটা। এর আগে ২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষেও তারা অলআউট হয়েছিল ৬০ রানেই।

বাংলাদেশের বিপক্ষে কোনো প্রতিপক্ষের সর্বনিম্ন রানের রেকর্ডও এটা। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামেও এটা কোনো দলের সর্বনিম্ন স্কোর। এ দুই ক্ষেত্রেই অস্ট্রেলিয়ার ৬২ রানের রেকর্ড ভাঙল এবার।

বাংলাদেশ সর্বনিম্ন রানের রেকর্ড উপহার দিল নিউজিল্যান্ডকেও
প্রথম আলো
১১: ৩৬ , সেপ্টেম্বর ০১

স্পিনে শুরু নিউজিল্যান্ডেরও

প্রথম ওভারে অনুমিতভাবেই এসেছেন স্পিনার। বাঁহাতি অর্থোডক্স এজাজ প্যাটেলের প্রথম ওভারে ১ রানের বেশী তুলতে পারেনি বাংলাদেশ। পঞ্চম বলে গিয়ে একটা সিঙ্গেল নিয়েছেন মোহাম্মদ নাঈম, শেষ বলটা লিটন দাস দিয়েছেন ডট।

১১: ৩৯ , সেপ্টেম্বর ০১

দ্বিতীয় ওভারে নেই নাঈম, ম্যাককনকির দুই রকমের অভিষেক

কোল ম্যাককনকির ঝুলিয়ে দেওয়া বলে আগবাড়িয়ে খেলতে গিয়ে কাভারে হেনরি নিকোলসের হাতে ধরা পড়লেন নাঈম। দ্বিতীয় ওভারেই প্রথম ব্রেক থ্রু-র দেখা পেয়ে গেল নিউজিল্যান্ড। অভিষেকে প্রথম বলেই উইকেট ম্যাককনকির। ব্যাটিংয়ে শূন্যতে ফিরেছিলেন, বোলিংয়ে প্রথম বলে উইকেট- অভিষেকটা ম্যাককনকির হল মনে রাখার মতোই!

১১: ৪৫ , সেপ্টেম্বর ০১

ফিরলেন লিটনও

এজাজ প্যাটেলের ঝুলিয়ে দেওয়া বলে বেশ খানিকটা আগবাড়িয়ে ড্রাইভ করতে গিয়ে মিস করেছিলেন লিটন দাস। তবে চলে গিয়েছিলেন ক্রিজের বাইরে। স্টাম্প ভাঙতে ভুল হয়নি টম ল্যাথামের। স্টাম্পড হওয়ার আগে লিটন করেছেন ১ রান, ৭ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ।

১১: ৫০ , সেপ্টেম্বর ০১

বাংলাদেশের 'ক্ষতি' করতে পারবেন এজাজ? 

১১: ৫৫ , সেপ্টেম্বর ০১

৬ ওভারে বাংলাদেশের ২২

৬ ওভার, তিন স্পিনার। এজাজ প্যাটেল, কোল ম্যাককনকির পর এবার আক্রমণে এসেছেন রচিন রবীন্দ্র। এ বাঁহাতি স্পিনারের প্রথম ওভারে উঠেছে ১০ রান। ৬ ওভার শেষ বাংলাদেশ তুলেছে ২২, ১ উইকেট হারিয়ে। পাওয়ার প্লের ৬ ওভারে নিউজিল্যান্ড তুলেছিল ১৮ রান, হারিয়েছিল ৪ উইকেট।

১২: ১৪ , সেপ্টেম্বর ০১

সাকিবও ফিরলেন

তিন ওভারের মধ্যেই দুই ওপেনারের বিদায়ের পর সাকিব আর মুশফিক মিলে ধীরেসুস্থে জুটি গড়ছিলেন। লক্ষ্য তো আর তেমন বড় নয়, এখানে আক্রমণাত্মক হওয়ারও দরকার নেই। ৭ রানে ২ উইকেটে হারানো বাংলাদেশকে ৯ ওভার শেষে লক্ষ্যের মাঝপথ পেরিয়ে নিয়ে যান দুজন। দশম ওভারের প্রথম বলে রচিন রবীন্দ্রকে চার মেরে সাকিব পৌঁছে যান ২৫ রানেও।

কিন্তু সে-ই শেষ! ওভারের পঞ্চম বলে লেট কাট করতে চেয়েছিলেন সাকিব, কিন্তু বল তাঁর ব্যাটের কানায় লেগে উইকেটের পেছনে ক্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে রবীন্দ্রর প্রথম শিকার হয়ে সাকিব ফিরলেন ৩৩ বলে ২৫ রান করে।

১২: ১৫ , সেপ্টেম্বর ০১

ক্রিজে মুশফিক-মাহমুদউল্লাহ

১০ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ৩৭। মুশফিকুর রহিম ক্রিজে আছেন ১৭ বলে ৮ রান নিয়ে। সাকিব আউট হওয়ার পর ক্রিজে এসেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। তিনি ১ বল খেলেছেন, রানের খাতা খুলতে পারেননি।

১২: ২৬ , সেপ্টেম্বর ০১

জয়ের খুব কাছে বাংলাদেশ

এখনো বল বাকি আছে ৪২টি। কিন্তু জয়ের জন্য বাংলাদেশের রান দরকার আর মাত্র ১৫। সাকিবের বিদায়ের পর মাহমুদউল্লাহ এসে ক্রিজে মুশফিকের সঙ্গে জুটি গড়েছেন। এরই মধ্যে ১০ রান করে ফেলা জুটিতে মাহমুদউল্লাহ করেছেন ৬ রান (১৩ বলে)। ১২তম ওভারের তৃতীয় বলে রচিন রবীন্দ্রকে দারুণ একটি চারও মেরেছেন। মুশফিকের রান ২৩ বলে ১০।

১২: ২৯ , সেপ্টেম্বর ০১

দূরত্ব যখন একটি ছক্কার

ব্যাক ফুট স্কয়ার কাট! কী দারুণ শট মাহমুদউল্লাহর! এত ছোট লক্ষ্য, সেটি পেরোতে আর বেশি সময় নিতে সম্ভবত রাজি নন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। ১৪তম ওভারের তৃতীয় বলে টিকেনারের বলে মাহমুদউল্লাহর দারুণ চারসহ এই ওভারে এল ৯ রান। ১৪ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ৫৫। আর ৩৬ বলে ৬ রান দরকার।

১২: ৩৬ , সেপ্টেম্বর ০১

মুশফিকের বাউন্ডারিতে জয়

ম্যাককনচির প্রথম বলে সিঙ্গেল নিলেন মুশফিক, স্ট্রাইকে মাহমুদউল্লাহ। ক্রিজে নেমেই এরই মধ্যে দুটি বাউন্ডারি হাঁকানো মাহমুদউল্লাহ চার মেরে ম্যাচ শেষ করে ফেলবেন, এমনটা কেউ ধরে নিলেও তাঁর দোষ ধরা যেত না। কিন্তু মাহমুদউল্লাহর মুখোমুখি প্রথম বলটিই হলো ওয়াইড, এরপরের তিন বল ডট। পঞ্চম বলে আবার সিঙ্গেল নিয়ে মুশফিককে স্ট্রাইকে আনলেন মাহমুদউল্লাহ। ১৫তম ওভারের শেষ বলটির মুখোমুখি হওয়ার আগে মুশফিকের সামনে সমীকরণ, ৩১ বলে দরকার ৩ রান। মিডল স্টাম্প সোজা বলে এগিয়ে এসে দারুণ শট মুশফিকের, মিডউইকেট দিয়ে বল সীমানার বাইরে।

৩০ বল হাতে রেখেই বাংলাদেশ সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতে গেল ৭ উইকেটে।

১২: ৪০ , সেপ্টেম্বর ০১

অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও দারুণ শুরু

কদিন আগে অস্ট্রেলিয়াকে নিজেদের মাটিতে পাঁচ টি-টোয়েন্টির সিরিজে ৪-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটাও শুরু হলো দারুণভাবে। এর আগে টি-টোয়েন্টিতে দশ ম্যাচে কিউইদের হারাতে পারেনি বাংলাদেশ। আজ প্রথমবার সংক্ষিপ্ততম সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটে হারানোও হয়ে গেল।