টসের পক্ষে মিয়াঁদাদ
ক্রিকেটে টস থাকবে না, ব্যাপারটা একটু অভাবিতই। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের ‘টসবিহীন টেস্টের’ এই প্রস্তাব স্টিভ ওয়াহ ও মাইকেল হোল্ডিংয়ের মতো সাবেক তারকারা আবার সমর্থনও করেছেন। তবে জাভেদ মিয়াঁদাদ এর ঘোরতর বিপক্ষে। পাকিস্তানের সাবেক এই ব্যাটিং কিংবদন্তির মতে, টস উঠে গেলে টেস্ট ক্রিকেট অনেকটাই আকর্ষণ হারাবে।
পন্টিং যুক্তি দিয়েছিলেন, নিজেদের মাঠে সব দলই বাড়তি সুবিধা পায়। উইকেটও নিজেদের পছন্দ অনুযায়ীই বানায়। তাই সফরকারী দল ব্যাট বা বোলিং করার সিদ্ধান্তটা নিতে পারলে খেলায় অনেকটা ভারসাম্য আসবে। কিন্তু মিয়াঁদাদ ব্যাপারটা দেখছেন অন্য দৃষ্টিকোণ থেকে, ‘টস ক্রিকেটের জন্য খুবই ভালো। টিভি-রেডিওতে এটা নিয়ে অনেক আলোচনা হয়। কয়েন যখন বাতাসে ভাসতে থাকে, সবাই দারুণ আগ্রহ নিয়ে অপেক্ষা করে। টসের মতো শতবর্ষী পুরোনো একটা ঐতিহ্য বাদ দেওয়ার চিন্তা ছেড়ে আইসিসির উচিত টেস্ট ক্রিকেটের মান পড়ে যাওয়ার কারণ খোঁজা। আমার ভয়, টস বাদ দিলে অবস্থা আরও খারাপ হবে।’
মিয়াঁদাদ যুক্তি দিয়েছেন, টস যে স্বাগতিক দলই জিতবে, এমন তো নয়। সফরকারী দলের মতো তাদেরও তাই টস হেরে গেলে কী হবে, সেই প্রস্তুতি রাখতে হয়। আগের তুলনায় টেস্ট ক্রিকেটারদের মানের অবনতিকেই সাম্প্রতিক সময়ে স্বাগতিক দলের একাধিপত্যের কারণ মনে করেন মিয়াঁদাদ, ‘টেস্ট ক্রিকেট মানেই আপনাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আমার বিশ্বাস, বিরুদ্ধ পরিস্থিতিতে খেলাটাই একজন খেলোয়াড়ের আসল পরীক্ষা। একজন ভালো ব্যাটসম্যান ঘরে-বাইরে সবখানেই ভালো করতে পারে।’
সেই পরীক্ষাতে পাস করতে না পেরেই যে অস্ট্রেলিয়া অ্যাশেজে হেরেছে, সেটিও মনে করিয়ে দিয়েছেন মিয়াঁদাদ। পাক ট্রিবিউন।