টস-ভাগ্যে ম্যাচ-ভাগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনের এই আগ্রাসী মাশরাফিকে আজ ম্যাচেও চাইবে বাংলাদেশ l শামসুল হক
অনুশীলনের এই আগ্রাসী মাশরাফিকে আজ ম্যাচেও চাইবে বাংলাদেশ l শামসুল হক

ব্যাপারটা যখন টস ভাগ্যের, আর বাংলাদেশ দলের হয়ে সেই টস যখন করতে যাবেন মাশরাফি বিন মুর্তজা, ইনচনের স্মৃতিটা ফিরে আসবেই!
ফ্ল্যাশব্যাক ইনচন: এক ম্যাচে দুবার টস হলো, দুবারই হারলেন মাশরাফি! প্রথমবার ম্যাচের আগে, পরেরবার টসে ফল নিষ্পত্তির সময়। ইনচন এশিয়ান গেমসের দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। টসে হেরে মাশরাফির দল নামল ব্যাটিংয়ে। কিন্তু ১১ ওভারে ৩ উইকেটে ৫৯ রান করার পর বৃষ্টি শুরু হলে খেলাটা আর হতেই পারল না। বৃষ্টি থামার পরও মাঠ কর্দমাক্ত থাকায় হয়নি সুপার ওভারও। গেমসের বাইলজ অনুযায়ী ফলাফল নিষ্পত্তি হলো টসে। শ্রীলঙ্কার অধিনায়ক লাহিরু থিরিমান্নের কাছে সেই টসেও হেরে বসলেন মাশরাফি। আগের আসরে ক্রিকেটে সোনাজয়ী বাংলাদেশ পেল ব্রোঞ্জ।
ইনচন গেল, ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগেও টস দুর্ভাগ্য পিছু ছাড়েনি মাশরাফির। ওয়ানডে সিরিজের দলে যোগ দেওয়ার আগে প্রিমিয়ার লিগে দুটি ম্যাচে নেতৃত্ব দেন মোহামেডানকে, টসে হারেন দুটিতেই। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি ওয়ানডেই দিবারাত্রির বলে এই সিরিজে টস এমনিতেও অনেক গুরুত্বপূর্ণ। মাশরাফির সাম্প্রতিক টস দুর্ভাগ্য সেটিকেই নিয়ে যাচ্ছে রীতিমতো শঙ্কার পর্যায়ে। ক্যাচ মিস তো ম্যাচ মিস। কিন্তু এখানে না ব্যাপারটা হয়ে দাঁড়ায় ‘টস হার তো ম্যাচ হার’! কাল সিরিজ শুরুর সংবাদ সম্মেলনে টস প্রসঙ্গ উঠতেই মৃদু হেসে মাশরাফির উত্তর, ‘অবশ্যই টসটা খুব গুরুত্বপূর্ণ হবে। শিশিরের কারণেই। সে কারণে আমি খুব চাপে আছি।’ চাপের একটা ব্যাখ্যাও দিলেন, ‘ইনচন থেকেই তো টসের ভাগ্যটা খারাপ হয়ে গেল। মোহামেডানের হয়েও দুটো ম্যাচ খেলে দুটোতেই টসে হেরেছি।’
বলতে পারেন টস নিয়ে এত চিন্তার কী আছে? টস হারলে ম্যাচ হার, এমন তো কথা নেই। তা ছাড়া এশিয়ান গেমসের মতো এখানে তো মুদ্রা নিক্ষেপে ফলাফল নিষ্পত্তি হবে না। কাগজ-কলমে হয়তো সে নিয়ম নেই, কিন্তু অলিখিতভাবে এটাই সত্যি যে এই সিরিজে টসটাই গড়ে দিতে পারে দুই দলের ভাগ্য।
বাংলাদেশের মূল বোলিং শক্তি স্পিন এবং টেস্ট সিরিজে সেটি আরেকবার ভালোভাবেই প্রমাণ করেছেন সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেনরা। কিন্তু সন্ধ্যায় শিশিরভেজা বল দিয়ে বোলিং করলে সামর্থ্যের কতটুকুই আর অনুবাদ করতে পারবেন স্পিনাররা? শিশিরের কারণে তাঁদের কাজটা তখন কঠিন হয়ে যাবে অনেক। শিশিরে বল ভিজে যাবে। সমস্যা হবে গ্রিপিংয়ে, কঠিন হয়ে যাবে বল ঘোরানো। ফ্লাড লাইটের নিচে পিচ্ছিল বল ধরতে সমস্যা হবে ফিল্ডারদেরও। টসে জিতে আগে বোলিং করাটা বেশি গুরুত্বপূর্ণ এসব কারণেই।
কন্ডিশনের প্রসঙ্গে মাশরাফির মুখে বারবারই শিশিরের কথা, ‘শিশির একটা ব্যাপার। সাকিব, সানি ও জুবায়ের স্পিনার। তাদের অনেক সমস্যা হবে। কারণ সন্ধ্যায় অনেক শিশির পড়ছে।’ তবে অধিনায়ক যেহেতু, কথাবার্তায় একটু ভারসাম্য তো রাখতেই হয়, ‘এই সমস্যা অবশ্য দুই দলের জন্যই সমান হবে। মূল কথা, ওদের বিপক্ষে ভালো খেলতে হবে। সমস্যা হলেও তা নিয়ে পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। আমার বিশ্বাস আমরা পারব।’
বাংলাদেশের স্পিনারদের জন্য শিশির সত্যিই সমস্যা হয়ে দাঁড়ালে অর্ধেক চিন্তা কমে যাবে জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের। তবে টস ভাগ্যটা যেহেতু নিজেদের নিয়ন্ত্রণে নেই, নিয়ে ভাবতেও চান না মাশরাফি, ‘ওয়ানডে, টেস্ট বা টি-টোয়েন্টি যেটাই খেলি না কেন, ভালো খেললে আমরা যেকোনো কন্ডিশনে জিততে পারি। দলের ভারসাম্য খুব ভালো। শিশির থাকবে বলে ওরা (জিম্বাবুয়ে) স্বস্তি পেতে পারে। তবে আমরা নেতিবাচক দিকগুলো নিয়ে ভাবতে চাই না। আমাদের ভাবনা হলো এই শিশিরের মধ্যেই ভালো বোলিং করতে হবে।’
অধিনায়ক হিসেবে এ রকম উজ্জীবনী মন্ত্র পড়তেই পারেন মাশরাফি। কিন্তু বাস্তবতা তাতে বদলাবে না। শীতের আগমনী বার্তা নিয়ে সন্ধ্যার পরই নামতে শুরু করেছে কুয়াশা। এই সিরিজে তাই টস ভাগ্যই গড়ে দিতে পারে ম্যাচ ভাগ্য।
ওয়ানডে সিরিজের সূচি
২১ নভেম্বর ১ম ওয়ানডে চ্ট্টগ্রাম
২৩ নভেম্বর ২য় ওয়ানডে চট্টগ্রাম
২৬ নভেম্বর ৩য় ওয়ানডে মিরপুর
২৮ নভেম্বর ৪র্থ ওয়ানডে মিরপুর
১ ডিসেম্বর ৫ম ওয়ানডে মিরপুর
* সব ম্যাচই দিবা-রাত্রির