টাইটানসের কাছেও হারলেন সৌম্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যর্থতার আবর্তেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। ৫০ ওভারের ম্যাচে হারের পর দক্ষিণ আফ্রিকা সফরে তিন দিনের ম্যাচটিও হারলেন সৌম্য-সাব্বিরেরা। কাল আইরিন ভিলেজার্স ক্লাব মাঠে নর্দার্ন টাইটানসের বিপক্ষে ১৩১ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল।

প্রথম ইনিংসে ২৪ রানের লিড পাওয়া টাইটানস কাল দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৭৭ করে ইনিংস ঘোষণা করে। সাকলাইন সজীব ৪৫ রানে নিয়েছেন ২ উইকেট। আল আমিন ও মাহমুদুল হাসান পেয়েছেন ১টি করে উইকেট।

৩০২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৯.৩ ওভারে ‘এ’ দল গুটিয়ে গেছে ১৭০ রানে। ইনিংসের তৃতীয় বলে কোনো রান না করে আউট হয়েছেন সাদমান ইসলাম। কিছুটা আশা দেখায় দ্বিতীয় উইকেটে রনি তালুকদার-লিটন দাসের ৫৬ রানের জুটি। সর্বোচ্চ ৩৯ এসেছে রনির ব্যাট থেকে, লিটন করেছেন ৩৩। এরপর খানিকটা লড়াই চালিয়েছেন সৌম্য সরকার ও সাব্বির রহমান। সাব্বির করেছেন ৩৩, সৌম্য ৩০। মূল বিপর্যয় শুরু ৩২তম ওভারে। ৩ উইকেটে ১৩৯ থেকে ‘এ’ দল অলআউট ১৭০ রানে। ৩১ রানেই শেষ ৭ উইকেটের পতন। টাইটানসের চায়নাম্যান বোলার টমাস কাবের একাই নিয়েছেন ৬ উইকেট।  

 ২৭ ও ২৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি দল টাইটানসের বিপক্ষে সফরের শেষ দুটি এক দিনের ম্যাচ খেলবে ‘এ’ দল।