চার-ছক্কার বৃষ্টি, সঙ্গে অল্প সময়ের ঠাসা বিনোদন। কিন্তু আসলে টি-টোয়েন্টি সংস্করণটা ক্রিকেটকে কতটা এগিয়ে নিয়ে যাচ্ছে? এটা কি সামগ্রিকভাবে খেলাটায় ভালো কিছু আনতে পারছে?
উত্তরটা যদি ইয়ান বোথাম কিংবা স্টিভ ওয়াহর কাছ থেকে শোনেন, তাহলে টি-টোয়েন্টিপ্রেমীদের হতাশ হতে হবে। সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার এবং অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক—দুজনেই মনে করেন টি-টোয়েন্টি আসলে ক্রিকেটের ক্ষতিই করছে!
কীভাবে? বার্লিনে গতকাল লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেটাও ব্যাখ্যা করেছেন স্টিভ ওয়াহ, ‘সামগ্রিকভাবে আমার মনে হয়, এখন জাতীয় দলের প্রতি দায়বদ্ধতা নেই, সেই দায়বদ্ধতা চলে গেছে টাকার প্রতি। এটার একটা ভয়ংকর দিক আছে। ওয়েস্ট ইন্ডিজকেই দেখুন না, ওদের খেলোয়াড়দের টি-টোয়েন্টি ক্রিকেটের বোনাস টেস্ট ক্রিকেটের বোনাসের চেয়ে বেশি।’
ওয়াহ কিছুটা রেখেঢেকে বললেও ইয়ান বোথাম ক্ষোভই ঝেড়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের ওপর, ‘টেস্ট ক্রিকেটই এক নম্বর ক্রিকেট, এর মতো সুন্দর আর কী আছে। টি-টোয়েন্টিকে রাখা উচিত সবার নিচের সারিতে।’
টি-টোয়েন্টিকে এত প্রাধান্য দেওয়ার জন্য বোথাম ধুয়ে দিয়েছেন ভারতকেও, ‘আমি ভারতীয় ক্রিকেট নিয়ে খুব হতাশ। ক্রিকেট মানেই যে শুধু ২০ ওভারের ম্যাচ নয়, এটা ওদের বুঝতে হবে।’ ইন্ডিয়া টুডে।