টানা চার ছক্কার জ্বালা জুড়াল স্টোকসের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেন স্টোকসের প্রথম বলেই আউট কার্লোস ব্রাফেট। ছবি: এএফপি
বেন স্টোকসের প্রথম বলেই আউট কার্লোস ব্রাফেট। ছবি: এএফপি

ইংল্যান্ড দল ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পা রাখার আগ থেকেই বাতাসে ভেসেছে প্রশ্ন, এ সিরিজে বেন স্টোকসের জ্বালা কি জুড়াবে? টি-টোয়েন্টি বিশ্বকাপের দুঃখটা এখানেই মাটিচাপা দিতে পারবেন ইংলিশ অলরাউন্ডার? উত্তরটা পাওয়া না গেলেও, হালকা একটু শোধ বোধ কিন্তু হয়ে গেল সিরিজের শেষ ওয়ানডেতে। কার্লোস ব্রাফেটকে আউট করেছেন স্টোকস!

একজন ব্যাটসম্যানকে বোলার আউট করতেই পারেন, এতে এত আলোচনার কিছু নেই। কিন্তু ব্রাফেট-স্টোকস বলেই এত কথা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের স্মৃতিটা যে ভুলতে পারছে না কেউ। শেষ ওভারে ১৯ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের। বোলিংয়ে স্লগ ওভারের স্পেশালিস্ট স্টোকস। ব্যাটিংয়ে প্রায় অচেনা এক মুখ কার্লোস ব্রাফেট। সে মুখটাই মাত্র পাঁচ মিনিটের মধ্যে ইতিহাসে নাম লিখিয়ে ফেলল। ছয়, ছয়, ছয়, ছয়! টানা চার বলে চার ছক্কায় বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিলেন ব্রাফেট।
সেই জ্বালা কী করে ভুলবেন স্টোকস!
সিরিজের মীমাংসা আগের ম্যাচেই হয়ে গেছে। তবু অন্য একটা মীমাংসা বাকি ছিল। সিরিজের আগের দুই ম্যাচে যে ব্রাফেট-স্টোকস দ্বৈরথটার দেখা মিলছিল না। ব্রাফেটের বলে স্টোকস দুবার ব্যাট করলেও আসল মুহূর্তের দেখা মিলছিল না কোনোভাবেই। ব্যাটিংয়ে কার্লোস আর বোলিংয়ে স্টোকস—এ দৃশ্য দেখার জন্যই তো এ সিরিজ নিয়ে এত আওয়াজ!
তো সে মুহূর্ত এল ওয়েস্ট ইন্ডিজের ২৬তম ওভারে। ততক্ষণে ম্যাচ নিয়ে আগ্রহটা ধুলায় মিশে গেছে। অ্যালেক্স হেলস (১১০) ও জো রুটের (১০১) দুর্দান্ত দুটি ইনিংসে ৩২৮ রান করেছিল ইংল্যান্ড। তাড়া করতে নামা ক্যারিবীয়রা ৪৫ রানেই ৬ উইকেট হারিয়ে উত্তেজনা-আগ্রহে পানি ঢেলে দিয়েছে।
দর্শক নড়েচড়ে বসল ২৬তম ওভারে। স্টোকস যখন দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এলেন। প্রথম বলটাই প্রচণ্ড গতি নিয়ে লাগল কার্লোস ব্রাফেটের পায়ে। ইংল্যান্ডের আবেদনে সাড়া দিলেন না আম্পায়ার গ্রেগরি ব্রাফেট (না, ওয়েস্ট ইন্ডিজ দলের দুই ব্রাফেটের সঙ্গেই তাঁর কোনো আত্মীয়তা নেই)! রিভিউ নিয়েই কার্লোসকে এলবিডব্লু  করলেন স্টোকস। ব্রাফেটের ওপর প্রতিশোধ নিতে মাত্র একটা বলই লাগল স্টোকসের। এরপর ক্যারিবীয়রা খুব সময় নেয়নি, ১৪২ রানে অলআউট হয়ে হেরেছে ১৮৬ রানে।
ক্যারিবীয়দের তাদের মাঠেই ধবল ধোলাই করল ইংল্যান্ড। তবু বিশ্বকাপ হাতছাড়া করার দুঃখতে মলম বোধ হয় পুরোপুরি লাগেনি এখনো! স্টোকসের সেই জ্বালাও কি এত সহজে জুড়াবে!