টানা জয়ের নতুন রেকর্ড অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়া-ভারত সিরিজটার নাম পরিবর্তন করার সময় এসে গেছে। অন্তত চলতি সিরিজটার নাম দেওয়া যেতে পারে, ‘এসো রেকর্ড গড়ি’। সিরিজের প্রথম ম্যাচ থেকে শুরু হয়েছে রেকর্ড-ভাঙার খেলা, সেটি থামেনি চতুর্থ ওয়ানডেতেও। অনেকগুলো ব্যক্তিগত রেকর্ডের মাঝে ভারতকে টানা চার ম্যাচে হারিয়ে দলীয় ইতিহাসই গড়ে ফেলল অস্ট্রেলিয়া। কোনো দলের নিজেদের মাটিতে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড।
২০ জানুয়ারির ম্যাচটি ছিল অস্ট্রেলিয়ার নিজেদের মাটিতে অপরাজিত থাকার ১৯তম ম্যাচ। মেলবোর্নে সিরিজের তৃতীয় ওয়ানডেতেই অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়েছিল অস্ট্রেলিয়া দল। ১৯৮৬ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ নিজেদের মাঠে টানা ১৮ ম্যাচ অপরাজিত ছিল। ১৭ তারিখ ওয়েস্ট ইন্ডিজের সেই রেকর্ডে ভাগ বসিয়েছিল অস্ট্রেলিয়া। আর বুধবার রেকর্ডটি পুরোপুরি নিজেদের দখলে নিয়ে নিল তারা। নিজেদের মাঠে অপরাজিত থাকার এমন রেকর্ডে এই দুই দলের ধারে কাছে আছে কেবল শ্রীলঙ্কা। ১৯৯৬ থেকে ১৯৯৮ পর্যন্ত ১৭ ওয়ানডেতে অপরাজিত ছিল অর্জুনা রানাতুঙ্গার দল।
অপরাজিত থাকার রেকর্ডের জন্য চতুর্থ ওয়ানডে পর্যন্ত অপেক্ষা করতে হলেও টানা ম্যাচ জেতার রেকর্ড কিন্তু তার আগের ম্যাচেই ভেঙেছে অস্ট্রেলিয়া। অপরাজিত থাকা এই ১৯ ম্যাচে ১৮টিতেই জয় পেয়েছে ক্যাঙারুরা। ঘরের মাঠে টানা জয়ের আগের রেকর্ড ছিল ১৬ জয়ের। ঠিক ধরেছেন, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কারই ছিল সেই রেকর্ড।
অবশ্য অস্ট্রেলিয়ার জন্য এ রকম টানা জয়ের রেকর্ড এমন কিছু নয়। টানা ২১ ওয়ানডেতে জয়ের রেকর্ডও যে আছে অস্ট্রেলিয়ার! ২০০৩ বিশ্বকাপের আগু-পিছু সময় মিলে টানা পাঁচ মাস সীমিত ওভারের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি কোনো দল। এটাই হোম-অ্যাওয়ে মিলিয়ে টানা জয়ের বিশ্ব রেকর্ড।