টানা তৃতীয় সেঞ্চুরি পেলেন না মজিদ

প্রথম পর্বের শেষ ম্যাচটা যেখানে শেষ করেছিলেন, সুপার লিগের প্রথম পর্বটা যেন সেখান থেকেই শুরু করলেন আবদুল মজিদ ও মুমিনুল হক। আজ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এই দুজনের ব্যাটিংয়ে ভর করেই নির্ধারিত ৪০ ওভারে ৬ উইকেটে ২৭২ রান তুলেছে ভিক্টোরিয়া।
আগের রাতের ও ভোরের বৃষ্টিতে ম্যাচ শুরু হতে হতে বেলা সোয়া ১১টা। টস জিতে ব্যাটিং নেওয়া ভিক্টোরিয়া প্রথম উইকেট হারায় সপ্তম ওভারে। দলকে ৩৭ রানে রেখে শুভাগত হোমের বলে এলবিডব্লু ফজলে রাব্বী। এরপরই জুটি বাঁধেন মজিদ ও মুমিনুল। ৮৩ রানের দ্বিতীয় উইকেট জুটিতে বেশি আক্রমণাত্মক ছিলেন মুমিনুলই। ৪৭ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৫৫ রান করেছেন বাংলাদেশের সীমিত ওভারের দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান।
আগের দুই ম্যাচে সেঞ্চুরি করা মজিদ টানা তৃতীয় সেঞ্চুরিটাকে জলাঞ্জলি দিয়েছেন দুলকি চালে এক রান নিতে গিয়ে। রুবেল হোসেনের করা ২৪তম ওভারের পঞ্চম বলটাকে পয়েন্টে ঠেলে রান নিতে যান মজিদ। কিন্তু ফিল্ডার নাজমুল ইসলাম অপু সরাসরি থ্রোতে ভেঙে দেন নন-স্ট্রাইকার প্রান্তের উইকেট। মজিদের রান তখন ৭২। তাঁর ৬৮ বলের ইনিংসে ১০টি চারের সঙ্গে আছে ১টি ছয়।
এরপর রানের গতিটাকে বাড়িয়ে নেওয়ার দায়িত্ব নেন নাদিফ চৌধুরী ও চতুরাঙা ডি সিলভা। ৩১তম ওভারে ১৮০ রানে আল আমিনের বিদায়ের পর পঞ্চম উইকেটে মাত্র ৩৫ বলেই ৬৬ রান যোগ করেন নাদিফ ও ডি সিলভা। ভিক্টোরিয়ার অধিনায়ক নাদিফ ৪১ বলে ৩ ছক্কায় করেছেন ৪১ রান। শ্রীলঙ্কান ডি সিলভা ২৩ বলে ৩ চার ও ২ ছক্কায় করেছেন ৩৯।
ভিক্টোরিয়ার রান যে শেষ পর্যন্ত ২৭২ হলো তাতে ভালো অবদান প্রাইম ব্যাংকের ফিল্ডারদের। বেশ কবারই তাঁদের বাজে ফিল্ডিংয়ে অতিরিক্ত রান পেয়ে গেছেন ভিক্টোরিয়ার ব্যাটসম্যানরা।