বরাবরই দুর্দান্ত সব ব্যাটসম্যান-প্রসবা দেশ ভারত। বোলিং দিয়ে আলোচনায় আসতে পারে খুব কমই। এবারের বিশ্বকাপ সেটির উজ্জ্বল ব্যতিক্রম। ভারতের জয়রথের মূল চাকা যেন বোলাররাই! ভারতীয় বোলিংয়ের এই সাফল্য যাত্রা কাল পৌঁছে গেল দারুণ এক অর্জনের ঠিকানায়। নিজেদের ওয়ানডে ইতিহাসে এই প্রথমবার টানা পাঁচ ম্যাচে নিতে পারল প্রতিপক্ষের ১০ উইকেট!
কাল আয়ারল্যান্ডকে আট উইকেটে উড়িয়ে এবারের বিশ্বকাপে টানা পঞ্চম ম্যাচ জিতল ভারত। আর এই পাঁচ ম্যাচেই জিতেছে প্রতিপক্ষকে অলআউট করে! অপরাজেয় এই যাত্রা চলে আসছে অবশ্য গত বিশ্বকাপ থেকেই। গত বিশ্বকাপের গ্রুপ ম্যাচে নাগপুরে দক্ষিণ আফ্রিকার কাছে হারার পর এই নিয়ে ভারত জিতল টানা নয় ম্যাচ। বিশ্বকাপে ভারতের সবচেয়ে দীর্ঘ জয়যাত্রা!
বড় হারে আয়ারল্যান্ডের কোয়ার্টার ফাইনাল স্বপ্নও খেল বড় ধাক্কা। পয়েন্ট না পাওয়ার পাশাপাশি রানরেটেরও বারোটা বেজেছে কাল। শেষ আটে পা রাখতে হলে এখন ১৫ মার্চ শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতেই হবে আইরিশদের। অথবা তাকিয়ে থাকতে হবে ওই দিনের আরেক ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজকে হারানোর মতো অভাবনীয় কিছু যদি করে দেখাতে পারে আরব আমিরাত!
আইরিশদের ২৫৯ রান দেখে ভারতীয় বোলিংয়ের বীরত্বগাথায় ভ্রু কুঁচকে যেতে পারে অনেকের। কিন্তু ইদানীং আড়াই শ রান তো প্রায় সব দলই তাড়া করে তুড়ি বাজিয়ে! হ্যামিল্টনের ছোট মাঠ আর ব্যাটিং-স্বর্গে তো ওই রানে জেতা আরও কঠিন। আইরিশরা পারেওনি। শিখর ধাওয়ানের অষ্টম ওয়ানডে সেঞ্চুরি আর রোহিত শর্মার (৬৪) সঙ্গে রেকর্ড জুটিতে ভারত জিতেছে ৭৯ বল হাতে রেখে।
ভারতীয় বোলারদের শুরুটা কাল অবশ্য ভালো ছিল না। পোর্টারফিল্ড ও স্টার্লিং ১৫ ওভারেই ৮৯ রানের উদ্বোধনী জুটি এনে দেন আয়ারল্যান্ডকে। আগের চার ম্যাচের প্রতিটিতে দুই অঙ্ক ছুঁয়েও বড় রান করতে না পারা পোর্টারফিল্ড এদিন সতর্ক ব্যাটিংয়ে আঁকড়ে রাখেন উইকেট। সঙ্গী পেয়ে যান পরে রানখরায় থাকা আরেকজন, নিয়াল ও’ব্রায়েনকে। দুজনের ব্যাটে একসময় আয়ারল্যান্ড ছিল তিন শ ছোঁয়ার আশায়। ভারতীয় বোলাররা সবাই জোট বেঁধে ফেরেন প্রবল দাপটে। ৫৩ রানে শেষ ৭ উইকেট হারিয়েই আসলে ম্যাচটি হেরে বসে আয়ারল্যান্ড।
ধাওয়ান-রোহিতের ১৭৪ রানের উদ্বোধনী জুটি ওই রানকে বানিয়ে ছাড়ল আরও সাদামাটা। বিশ্বকাপে এটিই ভারতের সেরা উদ্বোধনী জুটি, পেছনে পড়ে গেছে ১৯৯৬ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে টেন্ডুলকার-জাদেজার ১৬৩ রানের জুটি। দুবার জীবন পেয়ে ধাওয়ান করেছেন বিশ্বকাপে এবার দ্বিতীয় সেঞ্চুরি। ৫৪ বলে ফিফটি ছুঁয়েছিলেন, পরের পঞ্চাশ ৩০ বলে। এই দুজন ফেরার পর বাকি পথটুকু অনায়াসে পাড়ি দিয়েছেন কোহলি-রাহানে।
কালকের রান তাড়ার মতো বিশ্বকাপে ভারতের পথচলাও মনে হচ্ছে দারুণ মসৃণ!