টানা সেঞ্চুরির পথে তামিম

তামিমের টানা দ্বিতীয় সেঞ্চুরিটি কী হবে? এই মুহূর্তে মিরপুরে লাখ টাকার প্রশ্ন এটিই। ৭৭ রানে অপরাজিত থাকা তামিমও সেই প্রশ্নের উত্তরটি তাড়াতাড়ি দিয়ে দিতে ব্যাকুল। আপাতত ব্যাট হাতে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। ২৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহও যথেষ্ট আশা জাগানিয়া (১৬৫)। জয়ের জন্য ৭৫ রান দরকার ২৪ ওভার থেকে। তামিম-মুশফিকের মধ্যে গড়ে ওঠা ৪৯ রানের জুটিটি বাংলাদেশকে রেখেছে জয়ের পথেই। মুশফিকুর রহিম অপরাজিত আছেন ৩১ রান নিয়ে।
তামিমের ৮৫ রানে চারের মার ১৪ টি। মুশফিক তাঁর ইনিংসটি সাজিয়েছেন ৩টি চার ও একটি ছয়ে। এর আগে আউট হওয়া দুই ব্যাটসম্যান সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ দুজনেই করেছেন ১৭ রান করে।
২২ রানে প্রথম উইকেট পড়ে যাওয়ার পর তামিম আর মাহমুদউল্লাহর মধ্যে গড়ে ওঠা দ্রুতগতির ৭৮ রানের জুটিটিই ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেয় বাংলাদেশের হাতে। ১১.২ ওভারে ওভারপ্রতি ৬.৮৮ করে তুলে এই জুটি এলোমেলো করে দেন পাকিস্তানি বোলিং।
পাকিস্তানের পক্ষে ২ উইকেট ভাগাভাগি করেছেন জুনায়েদ খান ও সাঈদ আজমল।