টানা ২৫ ওভার মেডেন, টেস্ট আগে দেখেনি কখনো

শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্ট বাঁচাতে পিটার নেভিল ও স্টিভ ও’কিফ যা করলেন, দেখে ভিরমি খেতে পারেন যেকোনো প্রতিষ্ঠিত ব্যাটসম্যানই। শিখতেও পারেন অনেক কিছু। নেভিল কিংবা ও’কিফ—দুজনের কেউই ঠিক সেই ধরনের ব্যাটসম্যান নন। উইকেট কামড়ে পড়ে থাকা বা বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলার ক্ষেত্রে তাঁরা প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের পর্যায়ে পড়েন না। কিন্তু তাঁরাই গতকাল তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে।
১৭৮ বলের একটা জুটি গড়লেন, সেখানে রান মাত্র ৪! চার রান আবার এসেছে একটাই শট থেকে। বাকি ১৭৭ বলে কোনো রানই নেই! টানা ২৩ ওভারে এই দুজন নিলেন না কোনো রান! পরিস্থিতির প্রয়োজনেই এমন ধীর গতির ব্যাটিং করছিলেন তাঁরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। অস্ট্রেলিয়া ধরে রাখতে পারেনি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ১৭ বছরের আধিপত্য।
কাল অস্ট্রেলিয়ার সর্বশেষ রানটি এসেছিল ৬৩তম ওভারের পঞ্চম বলে। এরপর আরও ২৫.৩ খেলেছে অজিরা। এই সময়ে আসেনি কোনো রান। অর্থাৎ টানা ২৫ ওভার মেডেন করেছে শ্রীলঙ্কা! টেস্ট ইতিহাস এমন কিছু দেখেনি কখনো। এর আগে কোনো রান না করে সর্বোচ্চ ৯২ বল খেলেছিল ইংল্যান্ড দল। ১৯৫০ সালে লর্ডস টেস্টে ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের বিপক্ষে টেস্ট বাঁচানোর এমনই চেষ্টা চালিয়েছেন ইংলিশ ব্যাটসম্যানরা। কিন্তু সেদিনও বৃথা গিয়েছিল সে চেষ্টা।
আর যদি অতিরিক্ত রানকেও হিসেবে ধরা হয়, তবে এমন দাঁত কপাটে লড়াই সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৬৪ সালে। চেন্নাইয়ে সেদিন টানা ৭৯ বলে কোনো রান করতে পারেনি ইংল্যান্ড দল। এ ম্যাচটি অবশ্য অন্য আরেকটি কারণে বিখ্যাত। এ টেস্টে বাপু নাদকার্নি টানা ২১ ওভার মেডেন দিয়েছিলেন। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৩২ ওভার বল করে ২৭টি মেডেন দিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার! এই টেস্টটি অবশ্য ড্র হয়েছিল।
পাল্লেকেলে টেস্টেও এমন কিছুই করতে চেয়েছিলেন ও’কিফ ও নেভিল। ২৬৮ রান তাড়া করতে নেমে ১৫৭ রান তুলতেই নেই ৮ উইকেট। ম্যাচটা প্রায় জিতেই গেছে শ্রীলঙ্কা। নিশ্চিত পরাজয়ের মুখে দাঁড়িয়েও অস্ট্রেলীয়রা পণ করল বিনা যুদ্ধে এক বিন্দু মাটিও না ছাড়ার। উইকেটকিপার ব্যাটসম্যান নেভিল আর অলরাউন্ডার ও’কিফ লড়াই চালিয়ে যাওয়ারই দায়িত্ব নিলেন।
এই দুজনেই সময়টা কাটিয়ে দিতে চাচ্ছিলেন। রান আসুক কিংবা না আসুক। পাল্লেকেলের আকাশ প্রতি বিকেলে মেঘে ছেয়ে যাওয়ার অভিজ্ঞতাটা টাটকা বলেই হয়তো এই পরিকল্পনা। ১৭৮ বলের জুটিতে আছে কেবল ও’কিফের একটা চার! ১৫৭ থেকে ১৬১ রানের মধ্যে লঙ্কানদের হায় হায় অবস্থা! স্পিন-পেস কোনো কিছুতেই কাজ হচ্ছিল না তখন। এই যুগের তো বটেই, যেকোনো সময়ের ক্রিকেট বিবেচনায় টানা এতক্ষণ বলের পর বল ঠেকিয়ে যাওয়া কঠিনতম মানসিক এক পরীক্ষা তো বটেই। ব্যাটসম্যানের, ফিল্ডিং দলেরও।
নেভিল ও ও’কিফের এই জুটিতে রান রেট ছিল ০.১৩—এটা টেস্টে নতুন একটা রেকর্ডই। মন্থরতার। এর আগে শেষবার এমন মন্থর গতিতে রান তোলার জুটির রেকর্ডটা ছিল এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলার। ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সেই জুটি ২৫৩ বলে রান তুলেছিল মাত্র ২৭! ওভারপ্রতি ০.৬৪।
টি-টোয়েন্টির রমরমার যুগে এমন ব্যাটিং করে নিজেদের মনে রাখারই ব্যবস্থা যেন করে রাখলেন নেভিল ও ও’কিফ।