টার্নারকে ছাড়িয়ে ইয়াসির

শুরুর আগে মোহাম্মদ আমির এতটাই আলোচনায় ছিলেন যে, টেস্টটাই পরিচিতি পাচ্ছিল তাঁর নামে। স্বাভাবিকভাবে সব মনোযোগই কেড়ে নিয়েছিলেন স্পট ফিক্সিংয়ের কলঙ্ক গায়ে মাখা পাকিস্তানি বাঁহাতি পেসার। কিন্তু লর্ডস টেস্টের প্রথম দিন সব মনোযোগ কেড়ে নিয়েছেন মিসবাহ-উল-হক। মিসবাহর রেকর্ড গড়া সেঞ্চুরির পরের দিনটাও আমিরের নয়, হয়ে গেল ইয়াসির শাহর! ওই দিনই ৫ উইকেট নিয়ে লর্ডসের বিখ্যাত অনার্স বোর্ডে নাম তুললেন পাকিস্তানি এই লেগ স্পিনার। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৭২ রানে পেয়েছেন ৬ উইকেট।
পাকিস্তানি স্পিনারদের মধ্যে লর্ডসের অনার্স বোর্ডে নাম আছে আর একজনেরই। কাকতালীয়ভাবে তিনিও এই সিরিজে পাকিস্তান দলের সঙ্গে আছেন—বোলিং কোচ মুশতাক আহমেদ। ১৯৯৬ সালে এ মাঠে পাকিস্তান ১৬৪ রানে হারিয়েছিল ইংল্যান্ডকে, ৫৭ রানে ৫ উইকেট নিয়ে সে জয়ে বড় ভূমিকা রেখেছিলেন মুশতাক। এরপর গত ২০ বছরে ক্রিকেট-তীর্থে আর কোনো লেগ স্পিনারই নিতে পারেননি ৫ উইকেট। এমনকি ৪ টেস্ট খেলে ৫ উইকেট নিতে পারেননি ৭০৮ উইকেটের মালিক অস্ট্রেলিয়ার লেগ স্পিন জাদুকর শেন ওয়ার্নও!
ব্যালকনিতে বসে মুশতাক স্বচক্ষে দেখেছেন ইয়াসিরের কীর্তি। উত্তরসূরির অর্জনে পাকিস্তানি হিসেবে গর্বিত তিনি, ‘যখন আপনি অনার্স বোর্ডের দিকে তাকিয়ে আরও একজন পাকিস্তানির নাম দেখবেন, গর্ব হবেই। পুরো কৃতিত্বই ইয়াসিরের। ক্রিকেট-তীর্থে ৫ উইকেট নেওয়া দারুণ সম্মানের।’
দারুণ আনন্দিত ইয়াসির নিজেও। দিন শেষে স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘লর্ডসের দ্বিতীয় দিনের উইকেটে একজন স্পিনারের ৫ উইকেট নেওয়া বিশাল ব্যাপার। কিংবদন্তি শেন ওয়ার্নেরও তো এই মাঠে ৫ উইকেট নেই!’ তাঁর কৃতজ্ঞতা ভাগ্যের কাছেও, ‘আমার ভূমিকাটা খুব পরিষ্কার ছিল, ফাস্ট বোলারদের সাহায্য করা। সৌভাগ্যক্রমে আমিই ৫ উইকেট পেয়ে গেছি। দলের হয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে।’
ডোপ পরীক্ষায় পজিটিভ হয়ে মাঝে নিষিদ্ধ ছিলেন তিন মাস। ইংল্যান্ড সফরে আসার আগে প্রস্তুতি ক্যাম্পেও চোটে পড়েছিলেন। সিরিজটাই খেলা হয় কি না এমন সংশয়ই তো জেগেছিল। কিন্তু ইয়াসির শুধু খেললেনই না, ইংল্যান্ড সফরে প্রথম এসে প্রথম সুযোগেই ছড়ালেন আলো। গড়লেন ইতিহাস। ১৩ টেস্টেই (এই টেস্টের একটা ইনিংস এখনো বাকি) ৮২ উইকেট হয়ে গেছে ইয়াসিরের। টেস্ট ইতিহাসে কোনো বোলারই প্রথম ১৩ টেস্টে এর চেয়ে বেশি উইকেট পাননি! প্রথম ১৩ টেস্টে ৮১ উইকেট ছিল ১৮৯৫ সালে শেষ টেস্ট খেলা অস্ট্রেলিয়ান পেসার চার্লি টার্নারের।
তবে এই সিরিজেই আরও বড় অর্জনের হাতছানি ইয়াসিরের সামনে। সবচেয়ে কম টেস্ট খেলে ১০০ উইকেট নেওয়ার রেকর্ডটা ইংলিশ পেসার জর্জ লোম্যানের। ১৮৯৬ সালে নিজের ১৬তম টেস্টেই শততম উইকেট পেয়েছিলেন লোম্যান। ইয়াসিরের সামনে এখনো সুযোগ আছে লোম্যানের রেকর্ড ছুঁয়ে ফেলার কিংবা ছাড়িয়ে যাওয়ার। আর সেই কীর্তি গড়তে সিরিজে পরের সম্ভাব্য পাঁচ ইনিংসে অন্তত আরও ১৮ উইকেট পেতে হবে ইয়াসিরকে।
এই ছন্দটা ধরে রাখতে পারলে মনে হয় না ইয়াসিরের জন্য সেটি হবে অসম্ভব কিছু। এএফপি, ক্রিকেট অস্ট্রেলিয়া।
লর্ডসে লেগ স্পিনারদের সেরা বোলিং
বোলার প্রতিপক্ষ সাল
৭-১২ বার্ট ভগলার (দক্ষিণ আফ্রিকা) ইংল্যান্ড ১৯০৭
৬-৩২ ওয়াল্টার রবিনস (ইংল্যান্ড) ওয়েস্ট ইন্ডিজ ১৯৩৩
৬-৩৫ ওয়ারউইক আর্মস্ট্রং (অস্ট্রেলিয়া) ইংল্যান্ড ১৯০৯
৬-৭২ ইয়াসির শাহ (পাকিস্তান) ইংল্যান্ড ২০১৬
৬-১৬৭ ক্ল্যারি গ্রিমেট (অস্ট্রেলিয়া) ইংল্যান্ড ১৯৩০