টার্নিং উইকেট চায় বাংলাদেশ
উইকেটের গতকালের চেহারা দেখে থাকলে নিশ্চয়ই খুশি হয়ে গেছেন স্টেইন-মরকেলরা। বৃষ্টির জন্য গত দুই দিন রোল করা হয়নি বলে সেখানে সবুজ ঘাসের আচ্ছাদন।
তবে দক্ষিণ আফ্রিকানদের খুব বেশি আনন্দিত হওয়ার কিছু নেই। কিউরেটর গামিনি ডি সিলভার কাছে বাংলাদেশ দল যে চাহিদার কথা জানিয়েছে, তাতে শেষ পর্যন্ত উইকেটে ঘাস থাকার কথা নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উপমহাদেশের কোন দলই বা তা চাইবে! চাওয়ার কথা স্পিন-সহায়ক উইকেট। সম্ভবত সেটিই হচ্ছে।
কাল অনুশীলনের মাঝখানেই কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কথা বললেন দুই নির্বাচক ফারুক আহমেদ ও হাবিবুল বাশার। আলোচনাটা ঢাকা টেস্টের একাদশ নিয়েই। তবে ওই সময় অধিনায়ক মুশফিকুর রহিম নেটে ব্যাট করছিলেন বলে আলোচনা পূর্ণতা পায়নি। তা ছাড়া উইকেটের আসল চেহারাও যেহেতু আজই ফুটে ওঠার কথা, একাদশ নির্বাচন নিয়ে তাড়াহুড়া করেননি কোচ-নির্বাচকেরা।
স্পিন-সহায়ক উইকেট হলে প্রথম টেস্টের মতোই দুই পেসার খেলানোটা একরকম নিশ্চিত। তবে বোলিংয়ে বৈচিত্র্য বাড়াতে দলে বাড়তি অফ স্পিনার হিসেবে মাহমুদউল্লাহর সঙ্গে যোগ হতে পারেন নাসির হোসেন।