টি-টোয়েন্টি থাকতে 'হানড্রেড' কেন?

১২০ বলের একটি সংস্করণ তো আছেই, যার নাম টি-টোয়েন্টি। এরপর আবার 'হানড্রেড (প্রতি ইনিংসে ১০০ বলের)' আবিষ্কারের কী প্রয়োজন? ক্রিকেটের বিশুদ্ধবাদীদের একজন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল সম্প্রতি এমন প্রশ্নই তুলেছেন। অদূর ভবিষ্যতে তিন-চারটি সংস্করণ একসঙ্গে চালানো কঠিন হবে বলেও মনে করেন তিনি।
করোনাভাইরাস মহামারির কারণে গত মার্চ থেকেই সব ধরনের ক্রিকেট বন্ধ। হতে পারেনি ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল। টি-টোয়েন্টি বিশ্বকাপ এ বছর হতে পারবে কি না, আছে সেই শঙ্কাও। এর মধ্যেই আবার চালিয়ে নিয়ে যেতে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপসহ ওয়ানডে ক্রিকেটের বিভিন্ন আসর। সব মিলিয়ে করোনার রক্তচক্ষু এড়িয়ে ক্রিকেট আবার মাঠে ফিরলেও লেগে যাবে সূচির জট।
এমন অবস্থায় সবকটি সংস্করণ একসঙ্গে চলতে পারবে না বলে মনে করেন চ্যাপেল, 'আমি নিশ্চিত নই যে ক্রিকেটের সবকটি সংস্করণ একসঙ্গে চালিয়ে যাওয়া সম্ভব হবে কি না।' বিশেষ করে ১০০ বলের ক্রিকেট 'হানড্রেড' নিয়ে খুব একটা খুশি নন চ্যাপেল। তিনি যে টি-টোয়েন্টি ক্রিকেটের খুব একটা ভক্ত, তা–ও নয়। তবে একটি কারণে টি-টোয়েন্টি আবার ভালোও লাগে তাঁর, 'তরুণদের খেলাটিতে টানতে টি-টোয়েন্টি খুব কার্যকর। তবে আমি আগেও বলেছি, তরুণদের টি-টোয়েন্টিপ্রেমীর করার চেয়ে আরও বেশি ক্রিকেটপ্রেমী করে তুলতে হবে।'
'হানড্রেড'–এর প্রয়োজনই দেখেন না চ্যাপেল। তাঁর যুক্তি একটাই, '১২০ বলের খেলা থাকতে ১০০ বলের খেলার আবার কী দরকার!' ওয়ানডে ক্রিকেটের জনপ্রিয়তা আগের কমে যাওয়ায়ও একটু হতাশ চ্যাপেল, '৫০ ওভারের ক্রিকেট বিলুপ্ত হয়ে গেলে আমার খারাপ লাগবে। এটাতে এখনো ক্রিকেটটা খুঁজে পাওয়া যায়। আমি (ওয়ানডে) খেলাটা উপভোগ করি।'
টি-টোয়েন্টি চোখের পলকেই শেষ হয়ে যাওয়ায় এখানে আসল ক্রিকেটটা দেখা যায় না বলে মনে করেন চ্যাপেল, 'তিন নম্বরের মধ্যে ব্যাটিং না করলে টি-টোয়েন্টি ক্রিকেট একজন ব্যাটসম্যানই–বা উপভোগ করবে কী করে! আমি অন্তত তিন নম্বরের মধ্যে ব্যাট না করলে এটা উপভোগ করতাম না!'