টি-টোয়েন্টি দলে দুই নতুন
যদিও পাকিস্তান সিরিজে টি-টোয়েন্টি ম্যাচ মাত্র একটাই। তবু সেই ম্যাচের দলে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তিকেই বলতে হবে চমক। কাল ঘোষিত ১৪ সদস্যের এই দলে আন্তর্জাতিক ক্রিকেটেই এর আগে দলে ছিলেন না, এমন খেলোয়াড় আছেন আরও একজন—লিটন কুমার দাস। দলে নেই ওয়ানডে দলে থাকা মুমিনুল হক আর রুবেল হোসেন।
মুস্তাফিজুরের অন্তর্ভুক্তি প্রসঙ্গে প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেছেন, ‘মুস্তাফিজুরকে দলে নেওয়ায় অনেকে অবাক হতে পারেন। তবে অনূর্ধ্ব-১৯ এবং ‘এ’ দলের হয়ে সে ভালো খেলেছে। সে বুদ্ধিমান বোলার, বোলিংয়ে বৈচিত্র্য আছে, টি-টোয়েন্টি ম্যাচে যেটা খুবই প্রয়োজন। তা ছাড়া বাঁহাতি পেসার বলে সে পেস বোলিংয়ে বাড়তি মাত্রাও যোগ করবে।’ আর লিটনকে ডাকার ব্যাখ্যা, ‘লিটন বেশ কিছুদিন ধরেই আমাদের বিবেচনায় ছিল। প্রথম শ্রেণির ক্রিকেট ও লিস্ট-এ ক্রিকেটে তার রান আছে। ভবিষ্যতের জন্যই তাকে ভাবা হচ্ছে।’
কালকের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটির পর পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্টও খেলবে বাংলাদেশ দল। টেস্টের জন্য সতেজ রাখতেই বিশ্রাম দেওয়া হয়েছে রুবেলকে।
টি-টোয়েন্টির বাংলাদেশ দল: তামিম ইকবাল, রনি তালুকদার, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, আবুল হাসান, মুস্তাফিজুর রহমান, আরাফাত সানি।