টি-টোয়েন্টি বিশ্বকাপে নাসির-মিঠুন
সব ভেঙেচুরে নতুন কিছু আবিষ্কারের নেশায় মেতেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সব মিলিয়ে খেলিয়েছেন ১৮ ক্রিকেটারকে। এর মধ্যে পাঁচ পরিবর্তনের তৃতীয় ম্যাচ তো একসঙ্গে আন্তর্জাতিক অভিষেক দেখল চারজনের!
টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত দল দেখে সেই পরীক্ষা-নিরীক্ষা সব দিক দিয়ে সফল হয়নি বলে মনে হতে পারে। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করলেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। জিম্বাবুয়ে সিরিজে খেলা ১৮ ক্রিকেটার থেকে সেই দলে নেই মোহাম্মদ শহীদ ও মোসাদ্দেক হোসেন। তবে দলে এসেছেন ওই ১৮ জনে ছিলেন না এমন দুজন—নাসির হোসেন ও মোহাম্মদ মিঠুন। চারজনের স্ট্যান্ডবাই তালিকায় থাকা কামরুল ইসলামও ছিলেন না জিম্বাবুয়ে সিরিজের খেলোয়াড় তালিকায়।
প্রধান নির্বাচক অবশ্য মনে করেন না, এতে পরীক্ষা-নিরীক্ষা ব্যর্থ প্রমাণিত হচ্ছে, ‘পরীক্ষা-নিরীক্ষা মানেই কাউকে দলে নিয়ে নেওয়া নয়। এটা করার কারণ হচ্ছে কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের থেকে কিছু পাওয়া যায় কি না তা দেখা। বিশ্বকাপ শেষ হওয়ার আগ পর্যন্ত বলা যাবে না যে পরীক্ষা-নিরীক্ষা সফল হয়নি।’ সময় নিয়ে ব্যাখ্যা করেছেন জিম্বাবুয়ে সিরিজে দলে না-থাকাদের বিশ্বকাপ দলে রাখার কারণও, ‘নাসিরের সামর্থ্য কী আমরা জানি। তারপরও জিম্বাবুয়ে সিরিজে চেষ্টা করেছি নতুন কাউকে এনে কিছু করা যায় কি না দেখতে। কিন্তু সে রকম কাউকে আমরা পাইনি। আর মিঠুন বিপিএলে খুব ভালো না করলেও “এ” দলের হয়ে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়েতে ভালো খেলেছে। খুলনায় ক্যাম্পেও সে ভালো করেছে।’ গত বছর নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন নাসির। মিঠুন খেলেছেন তারও প্রায় দেড় বছর আগে, ২০১৪ সালের আগস্টে।
ফারুকের দৃষ্টিতে মিঠুনকে দলে নেওয়ার সবচেয়ে বড় সুবিধা, ‘ও টপ অর্ডার থেকে শুরু করে যেকোনো জায়গায় খেলতে পারে।’ মিঠুনের কাছে প্রধান নির্বাচকের বিপুল প্রত্যাশাটা আরও স্পষ্ট পরের কথায়, ‘সে যে মানের খেলোয়াড় তার পুরোটা আমরা দেখতে পাইনি। আমার মনে হয় সে খুবই ভালো খেলোয়াড়। সঠিক জায়গায় সঠিক সময়ে সুযোগ পেলে ও কিছু করে দেখাতে পারবে। সেই সামর্থ্য তার আছে।’
অবধারিতভাবেই প্রশ্ন উঠল, তাহলে জিম্বাবুয়ে সিরিজে তাঁকে নেওয়া হলো না কেন? আরও অনেক পরীক্ষার মতো মিঠুনের সামর্থ্যের পরীক্ষাটাও হয়ে যেত তাহলে! প্রধান নির্বাচকের উত্তর, ‘তখন মিঠুন পুরোপুরি ফিট ছিল না।’ স্ট্যান্ডবাই তালিকায় পেসার কামরুল ইসলামকে রাখা মূলত তাঁর পরিশ্রমী মানসিকতার কারণে। ‘এ’ দলের হয়ে করা পারফরম্যান্সও পক্ষে এসেছে কামরুলের।
জিম্বাবুয়ে সিরিজে অভিষিক্ত খেলোয়াড়দের মধ্যে বিশ্বকাপের দলে আছেন কাজী নুরুল হাসান আর আবু হায়দার। উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসানকে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবেই দেখছেন নির্বাচকেরা। ‘আমাদের টি-টোয়েন্টি বিশেষজ্ঞ নেই। তবে আমরা মনে করি এই সংস্করণে সোহান (নুরুল হাসান) খুব কার্যকর ব্যাটসম্যান হবে। ব্যাটিংয়ে তার কিছু আলাদা গুণ আছে, কিছু ব্যতিক্রমী শট খেলে ও। আর কিপার হিসেবে এখন যারা আছে তাদের মধ্যে অন্যতম সেরা।’
সিম বোলিং নিয়ে কোচের বিশেষ পরিকল্পনার কথা মাথায় রেখেই দলে সিমার রাখা হয়েছে পাঁচজন। ধর্মশালার উইকেট পেসসহায়ক। সে কারণেই হাথুরুসিংহে দলে পাঁচ পেসার চেয়েছেন বলে ধারণা ফারুকের।
আসন্ন এশিয়া কাপে মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলটারই খেলার কথা। তবে তামিম না খেললে তাঁর জায়গায় ১৫ জনের দলে ঢুকতে পারেন বিশ্বকাপের স্ট্যান্ডবাই তালিকায় থাকা ইমরুল কায়েস।
বাংলাদেশ দল
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সাব্বির রহমান, নুরুল হাসান, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি ও আবু হায়দার।
স্ট্যান্ডবাই: ইমরুল কায়েস, কামরুল ইসলাম, শুভাগত হোম, মুক্তার আলী।