টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান

সব সংশয় মুছে গেল। বিশ্বকাপে অংশ নিচ্ছে পাকিস্তান। পাকিস্তান সরকার ভারতের মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার ছাড়পত্র দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে।
পিসিবি সভাপতি শাহরিয়ার খান বলেছেন, ‘বাড়তি নিরাপত্তার আশ্বাসের ভিত্তিতেই পাকিস্তান সরকার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে যেতে অনুমতি দিয়েছে ক্রিকেট দলকে। এটা আমাদের সকলের জন্যই খুশির খবর।’
শাহরিয়ারই কদিন আগে বলেছিলেন, ভারতের মাটিতে নিরাপত্তা ঝুঁকি আছে পাকিস্তান দলের। সাম্প্রতিককালের বেশ কয়েকটি ঘটনাও শাহরিয়ার খানের কথার যুক্তি তুলে ধরছিল। কিছুদিন আগেই মুম্বাই ও পুনেতে বাতিল করতে হয়েছে গজল শিল্পী গুলাম আলীর কনসার্ট। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ কাসুরির একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানেও হাঙ্গামা কম হয়নি।
গত বছর ভারতের মাটিতে দুই দেশের ক্রিকেট বোর্ড প্রধানদের সভায় যেভাবে রাজনৈতিক উগ্রবাদীরা ঢুকে পড়েছিল, তা তো এক নজিরবিহীন ঘটনা হয়েই আছে। পাশাপাশি গত অক্টোবরে খোদ আইসিসিই দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজে দেশে ফেরত পাঠিয়েছিল পাকিস্তানি আম্পায়ার আলিম দারকে।
সবকিছু মাথায় রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ ছিল অনিশ্চয়তার মধ্যে। আজ বৃহস্পতিবার পাকিস্তান সরকারের সবুজ সংকেত স্বস্তি ফিরিয়েছে। আগামী ১৬ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে। প্রতিপক্ষ বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল, যেটি বাংলাদেশ হতে পারে। ১৯ মার্চ ভারত-পাকিস্তান লড়াই। সূত্র: এএফপি।