টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নাসির

টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে দল ঘোষণা করেছে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাসহ ১৫ জনের এই দলে চমক তেমন নেই। তবে জিম্বাবুয়ে সিরিজে বাইরে থাকার পরও বিশ্বকাপের দলে ফিরেছেন নাসির হোসেন ও মোহাম্মদ মিঠুন।
জানুয়ারিতে জিম্বাবুয়ের সঙ্গের পরীক্ষা-নিরীক্ষার সিরিজে সুযোগ পাননি নাসির। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তরুণ ক্রিকেটারদের পরখ করে দেখতে চেয়েছিলেন কোচ ও নির্বাচকেরা। পরীক্ষা-নিরীক্ষার সেই সিরিজ থেকে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন দুজন—নুরুল হাসান ও আবু হায়দার। তবে মিঠুন ও নাসির কোনো রকম পরীক্ষা না দিয়েই দলে ফিরে এলেন।
অবশ্য জিম্বাবুয়ে সিরিজের আগেই প্রধান নির্বাচক ফারুক আহমদ নিশ্চিত করেছিলেন ওই সিরিজে বাদ পড়ার কোনো প্রভাব বিশ্বকাপ দলে পড়বে না। আজও নাসিরের দলে থাকার কারণ জানাতে গিয়ে সে কথাই বলেছেন, ‘নাসিরের সামর্থ্য সম্পর্কে আমাদের আগে থেকেই ধারণা আছে। নতুনদের সুযোগ দিয়ে আমরা দেখতে চেয়েছিলাম কেউ অসাধারণ কোনো পারফরম্যান্স করতে পারে কি না।’ বোঝাই যাচ্ছে, ওই সিরিজে নতুনরা চোখে পড়ার মতো পারফরম্যান্স করতে ব্যর্থ হওয়ায় নাসিরকে জায়গা নিয়ে চিন্তায় পড়তে হয়নি। আর জিম্বাবুয়ে সিরিজে চোটের কারণে খেলা হয়নি মিঠুনের।
ভারতে ৮ মার্চ থেকে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
তার আগে এশিয়া কাপেও খেলবে এই দল। শুধুমাত্র তামিম ইকবালের জায়গায় দলে ঢুকতে পারেন ইমরুল কায়েস। প্রথম সন্তানের অপেক্ষায় থাকা তামিম তখন সিঙ্গাপুরে থাকবেন। তামিমের প্রথম সন্তানের জন্মের সম্ভাব্য সময় ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। তাই স্ত্রী আয়েশার পাশে থাকতে তিনি চলে যাবেন ব্যাংকক। ২৪ তারিখ শুরু হতে যাওয়া এশিয়া কাপে তাই খেলা হবে না তামিমের।
বিশ্বকাপ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মুর্তজা (অধি.), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সাব্বির রহমান, নুরুল হাসান, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি ও আবু হায়দার।
স্ট্যান্ড বাই: ইমরুল কায়েস, কামরুল ইসলাম রাব্বি, শুভাগত হোম, মুক্তার আলী।